১১-দলীয় ঐক্য
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে বর্তমানে আসলে কয়টি দল আছে? সরকারবিরোধী এই জোট সম্প্রতি যে লংমার্চ করছে, সেটি আসলে কয় দফা দাবি সামনে রেখে করা হচ্ছে? এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে। আর বিভ্রান্তি থেকে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠে ‘১১-দলীয় ঐক্য’। শুরুতে এই জোটে ১১টি দলই ছিল। কিন্তু বর্তমানে তা দশটিতে নেমে এসেছে। নির্বাচনের আগেই চলতি বছরের ১৬ জানুয়ারি আসন সমঝোতা নিয়ে টানাপড়েনে ঐক্যজোট ছেড়ে চলে যাওয়ার কথা ঘোষণা করে বাংলাদেশ ইসলামী আন্দোলন। তবে ২৪ জানুয়ারি এই মোর্চায় নতুন করে যুক্ত হয় বাংলাদেশ লেবার পার্টি। আবার সংসদ নির্বাচনের পর ১১ জুন বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ২৫ জুলাই খেলাফত মজলিস এই মোর্চা ছেড়ে দেয়। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১১-দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এই ঐক্যের কার্যকারিতা শেষ হয়ে গেছে। অবশ্য খেলাফত আন্দোলনের একাংশ আবার এ জোটে ফিরে আসে। তবে জোটে ফিরে এলেও জোটে এদের কোনো সক্রিয় অংশগ্রহণ নেই বলে জানিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিকে সরকার গঠনের ছয় মাসের মাথায় গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের এক অবস্থান কর্মসূচি থেকে ছয় দফা দাবিতে চারটি বিভাগীয় শহরে লংমার্চ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন ঐক্যের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালন করা হয়। আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২১ নভেম্বর ঢাকা থেকে সিলেটে (রেলপথে) লংমার্চ শেষে ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে।
ঐক্যজোটে দলের সংখ্যা ও সাম্প্রতিক অবস্থা সম্পর্কে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘১১-দলীয় ঐক্য নামে ডাকা হলেও কেউ এই জোট ছেড়ে চলে গেলে দলের সংখ্যা কমে, কেউ যোগ দিলে সংখ্যা বাড়ে। জোটের সভা, সমাবেশসহ নানা কর্মসূচিতে ১১ দলের অনেকেই নানা কারণে আসতে পারে না। আবার মাঝেমধ্যে আসে। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই এর কাজকর্ম চলছে।’ লংমার্চের দফা ও দাবির বিষয়ে এহসানুল মাহবুব জুবায়েরকে প্রশ্ন করা হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার কল করেও তার কাছ থেকে সাড়া মেলেনি।
নানা টানাপড়েনে ১১ দল
চব্বিশের গণঅভ্যুত্থানের পর গত বছরের এপ্রিলে একটি মোর্চা গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টির মতো ইসলামী দলগুলো। ইসলামী দলগুলোর ভোট একছাতার নিচে আনার প্রয়াসেই এ উদ্যোগ নেওয়া হয়। পরে জামায়াতে ইসলামীও এতে যোগ দেয়। এরপর জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যোগ দিলে আট-দলীয় জোট হিসেবে এসব দল বিভিন্ন সময় যুগপৎ কর্মসূচিতে রাজনীতির মাঠে সরব হতে থাকে। এরই মধ্যে গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি, এলডিপিসহ কয়েকটি দল এ জোটে অংশ নেয়। গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামী এক সংবাদ সম্মেলনে জানায় যে, এনসিপি তাদের এই জোটে যোগদান করেছে।
তবে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য করায় এনসিপির মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। কয়েকজন আলোচিত নেতা এনসিপি থেকে পদত্যাগও করেন। এভাবে বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বর্তমানে ১১ দলে যে দলগুলো রয়েছে, সেগুলো হলোÑ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস (মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন), নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ লেবার পার্টি।
রাজনৈতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন, সংসদ নির্বাচনের আগে দরকষাকষি করে বেশি আসন নিয়েও জয়ী হতে না পারায় জামায়াত নেতারা জোটের বৈঠকে একাধিকবার খেলাফত মজলিসকে ‘কথা শুনিয়েছেন’ বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয় দলটি। সংরক্ষিত নারী আসন না দেওয়া, জোটের কর্মসূচিতে এনসিপি ও মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতকে বেশি গুরুত্ব দেওয়াতেও ক্ষুব্ধ ছিল দলটি। এসব কারণে গত ২৫ জুলাই খেলাফত মজলিস ১১-দলীয় ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে ১১ জুন বাংলাদেশ খেলাফত আন্দোলন জোট ত্যাগের ঘোষণা দিলেও দলটির একাংশ জোটে থাকার কথা বলে। সর্বশেষ গত রবিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ১১-দলীয় ঐক্যের আয়োজনে ‘সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বাইরে এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, লেবার পার্টি, জাগপা, এবি পার্টিসহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিদের দেখা গেছে।
বিভিন্ন তথ্যের সন্নিবেশনে দেখা যাচ্ছে, ১১-দলীয় ঐক্যের তালিকায় বর্তমানে ১০টি দলের নাম রয়েছে। তবে এ জোটভুক্ত দলগুলো এটিকে এখনও ১১-দলীয় ঐক্য হিসেবেই উল্লেখ করছে।
লংমার্চে কয় দফা দাবি রয়েছে
গত ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সাথে হওয়া গণভোটের রায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধÑ এই ছয় দাবিতে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিরোধী জোট। কিন্তু গত ৫ সেপ্টেম্বর সকালে রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত প্রথম লংমার্চ-পূর্ব সমাবেশে ছয় দফার সঙ্গে সপ্তম দফা যোগ করেন জোটের শীর্ষ নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। নতুন দাবিটি ছিল, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না। লংমার্চ চট্টগ্রাম যাওয়ার আগে মাঝপথে পাঁটটি পথসভা ও দুটি সমাবেশসহ মোট সাতটি জনসমাগমে একাধিক বক্তা সরকারকে বিরোধী জোটের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তা না হলে এই সাত দফা সরকার পতনের এক দফায় পরিণত হবে। এ সময় নভেম্বরে ঢাকায় পূর্বনির্ধারিত সমাবেশের কর্মসূচির কথা উল্লেখ করার পাশাপাশি বক্তারা ডিসেম্বরে চিড়া-মুড়ি সঙ্গে নিয়ে ঢাকায় আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রথম লংমার্চের পর গত ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চের আয়োজন করে বিরোধী এই জোট। আগের দিন জোটের পক্ষ থেকে লংমার্চের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আট দফা দাবির কথা জানানো হয়। আট দফা দাবির মধ্যে ছিলÑ গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
রংপুরের কর্মসূচিতে যুক্ত করা হয় দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি।
জোটের নেতাদের বক্তব্য অনুযায়ী, উত্তরবঙ্গের মানুষের দাবিকে বিবেচনায় নিয়েই তিস্তা মহাপরিকল্পনাকে কর্মসূচির অংশ করা হয়। আট দফা দাবিতে রংপুর অভিমুখে লংমার্চ পালন করে জোটটি। রংপুরের উদ্দেশে লংমার্চ শুরুর সময় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর সমাবেশে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ অন্য নেতারা আট দফা দাবির কথা উল্লেখ করে বক্তৃতা করেন।
রাজনৈতিক পর্যবেক্ষক মহল জানাচ্ছে, ছয় দফা দাবিতে জামায়াত জোটের যে লংমার্চ কর্মসূচি চলছে, তা প্রথম কর্মসূচি পালনের সময় সাত দফায় পরিণত হয়। দ্বিতীয় কর্মসূচিতে সেই সাত দফা বেড়ে আট দফায় পরিণত হয়। কিন্তু জোটের পক্ষ থেকে যে প্রচারপত্র দেশজুড়ে বিলি কিংবা দেয়ালে লাগানো হচ্ছে, তাতে ছয় দফা দাবির কথাই তুলে ধরা হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে উল্লেখ করে পর্যবেক্ষক মহল বলছে, সামনে আরও একাধিক কর্মসূচি আছে। সেগুলোতে শেষ পর্যন্ত কত দফা দাবি যুক্ত হয়ে কত দফাতে গিয়ে ঠেকে, তা দেখার বিষয়।