× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌরবিদ্যুতে বদলে যাচ্ছে ঝিনাইদহের কৃষি

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ এএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ০৯:৪৬ এএম

জমিতে সেচ দিতে সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন ঝিনাইদহের ফুলচাষীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জমিতে সেচ দিতে সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন ঝিনাইদহের ফুলচাষীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেল ও বিদ্যুতের বাড়তি খরচের কারণে কৃষিকাজে সেচ ব্যয় যখন কৃষকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে তখন সৌরশক্তিনির্ভর সেচ ব্যবস্থায় নতুন সম্ভাবনা দেখছেন ঝিনাইদহের প্রান্তিক পর্যায়ের কৃষকরা।

জেলার ছয়টি উপজেলায় সোলার পাম্প স্থাপনের মাধ্যমে সেচ খরচ কমানোর পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে কৃষকদের।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় ইতিমধ্যে ৩৬টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩টি, কোটচাঁদপুরে ১টি এবং মহেশপুরে ৩২টি সোলার পাম্প রয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও সোলার পাম্প স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংকের অর্থায়ন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি সহায়তায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) বাস্তবায়নাধীন স্মার্ট প্রকল্পের আওতায় স্থাপন করা হচ্ছে এসব সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প।

সোলার পাম্প ব্যবহারকারী কৃষকরা জানান, প্রচলিত ডিজেলচালিত সেচ ব্যবস্থার তুলনায় সৌরবিদ্যুৎচালিত পাম্পে পরিচালন ব্যয় কম। এতে নিজেদের জমিতে সেচ দেওয়ার পাশাপাশি অন্য কৃষকদের জমিতে সেচ দিয়ে বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে মহেশপুরের সীমান্তবর্তী এলাকায় ফুলচাষীদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করেছে।

সদর উপজেলার কৃষক আব্দুর রশিদ জানান, সোলার পাম্প স্থাপনে তার ১ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছে। এর মধ্যে আরআরএফের স্মার্ট প্রকল্প থেকে ৪৫ হাজার টাকা অনুদান পেয়েছিলেন তিনি।

মহেশপুরের কৃষক হাফিজুর রহমান জানান, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় আরআরএফ প্রথমবারের মতো ফুলচাষীদের নিয়ে কাজ করছে। প্রকল্পের ঋণ ও অনুদানের মাধ্যমে সোলার পাম্প স্থাপন করেছেন। নিজের জমিতে সেচ দেওয়ার পাশাপাশি অন্যের ১৫ বিঘা জমিতেও সেচ দিচ্ছেন। এতে করে বাড়তি রোজগার হচ্ছে তার।

ফুলচাষী ইসহাক মণ্ডল জানান, সোলার পাম্প স্থাপনের পর তার কোনো ধরনের তেল ও বিদ্যুৎ খরচ হচ্ছে না। নিজের জমির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি উপার্জন করতে পারছেন।

ঝিনাইদহ বিএডিসির প্রকৌশলী সৌরভ কুমার জানান, কৃষি কাজসহ নিত্য ব্যবহারে সোলার খুবই প্রয়োজন। ডিজেল আর বিদ্যুৎ সমস্যার মধ্যে এ জেলার সোলারের আওতার কৃষকরা জমিতে পানি দিতে পেরেছেন ইচ্ছেমতো। বিশেষ করে বিএডিসির আওতাভুক্ত সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ কৃষি চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। বর্তমান বিদ্যুৎ সংকটেও সোলার মালিকরা নিশ্চিন্তে রয়েছেন।

আরআরএফের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ ড. অসিত বরণ মণ্ডল বলেন, পিকেএসএফের সহায়তায় স্মার্ট প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ৩৬টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে। সামনে আরও ১০০টির বেশি পাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগে এক বিঘা জমিতে সেচ দিতে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হলেও সোলার পাম্পে খরচ হচ্ছে ২০০ টাকার মতো। এতে কৃষকদের সেচ খরচ কমার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা