× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সক্ষমতার অক্ষমতায় ধুঁকছে বাপেক্স

দীপক দেব

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ এএম

বাপেক্স। ছবি: সংগৃহীত

বাপেক্স। ছবি: সংগৃহীত

একদিকে দেশীয় গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ক্রমাবনতি, অন্যদিকে আমদানিনির্ভর জ্বালানিনীতিÑ বিগত সরকারে শাসনামলে সৃষ্ট এই সংকটাপন্ন অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে বর্তমান সরকার। এমন প্রেক্ষাপটে নীতিনির্ধারকরা চাইছেন, বিশেষত দেশের শিল্প ও বিদ্যুৎ খাতে সৃষ্ট দীর্ঘদিনের জ্বালানি সংকট নিরসনে দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বাড়াতে। সঙ্গত কারণেই সরকার চাইছে গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও জাতীয় গ্রিডে নতুন গ্যাস সরবরাহে অগ্রগতি ঘটাতে। যদিও রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতায় ঘাটতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থনৈতিক ও কারিগরি সীমাবদ্ধতা এবং আমলাতান্ত্রিক জটিলতা এক্ষেত্রে বাপেক্সের বড় প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। 

সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনায় দেখা গেছে, গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও জাতীয় গ্রিডে নতুন গ্যাস সরবরাহে খানিকটা অগ্রগতি ঘটলেও তা চাহিদা ও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। যদিও সরকারের পক্ষ থেকে সংকট সমাধানে বারবার দেশীয় উৎপাদন বাড়ানোর ওপরই জোর দেওয়া হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই স্থানীয় গ্যাসের উৎপাদন বাড়াতে ১০০ কূপ খননের উদ্যোগ নিয়েছিল। সরকারের পরিকল্পনায় উল্লেখ করা হয়েছিল, আগামী ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এসব কূপ খনন করা হবে। কিন্তু গত ছয় মাসে মাত্র তিনটি কূপ খননের অনুমোদন দিতে পেরেছে সরকার। লক্ষণীয়, এ তিন কূপই খনন করবে বাপেক্স। 

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানান, ২০৩০-৩১ সালের মধ্যে ১৫০টি নতুন কূপ খননের পরিকল্পনা করা হয়েছে। পেট্রোবাংলা সূত্র জানাচ্ছে, স্থানীয় গ্যাসের সরবরাহ বাড়াতে ১০০ কূপ খননের পরিকল্পনাটি বিগত সময়ের। তবে পরিকল্পনাটি নতুন করে সাজানো হয়েছে। এই ১০০টি কূপ খননের মধ্যে ৬৯টি অনুসন্ধান কূপ, বাকি ৩১টি বিদ্যমান কূপের ওয়ার্কওভার। এর মধ্যে বাপেক্স ৬৮টি কূপ খনন করতে চেয়েছিল। এ পরিকল্পনায় ২০২৮ সাল নাগাদ জাতীয় গ্রিডে দৈনিক আরও ১৩৫ কোটি ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য ছিল। বাকি ৩২টি কূপ খনন করার কথা গ্যাস উত্তোলন কোম্পানি বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড (বিজিএফসিএল) ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল)।

পেট্রোবাংলার পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সাল নাগাদ এসব কূপ খনন করা হলে সময় রয়েছে চার বছর। সে হিসাবে প্রতি বছর তাদের ৩০টি করে কূপ খনন করতে হবে। দেশীয় রিগ এবং বিদেশি কোম্পানির ভাড়া রিগ ও আন্তর্জাতিক কোম্পানিকে কাজ দিয়ে এসব কূপ খনন করতে চায় পেট্রোবাংলা।

অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে একাধিক কর্মকর্তা জানান, এর আগে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা পূরণ করতে না পারার কারণ কারিগরি সামর্থ না থাকা। যে পরিমাণ রিগের প্রয়োজন ছিল, তা বাপেক্সের নেই। এছাড়া প্রয়োজনীয় অর্থ ও আমলাতান্ত্রিক জটিলতাও বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখন যেসব পরিকল্পনা করা হচ্ছে, তা পূরণ করতে হবে আগামী ২০৩১ সাল নাগাদ।এই বিপুল সংখ্যক কূপ খননের মতো অর্থ, প্রয়োজনীয় ছাড়পত্রসহ নানা ধরনের অনুমোদনের প্রয়োজন রয়েছে। সে অনুযায়ী অর্থনৈতিক রূপরেখাও করা হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সেই সময় ১০০ কূপ খননে মোট ১৯ হাজার ৫০ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলনও করা হয়। কথা ছিল, সরকারি তহবিল থেকে আসবে ১৩ হাজার ৩২৮ কোটি টাকা এবং গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) ও কোম্পানির নিজস্ব অর্থায়ন থাকবে ৫ হাজার ৭২২ কোটি টাকার। এখন এ পরিকল্পনার অর্থায়ন, কূপ খননের বার্ষিক পরিকল্পনা এবং সময়সীমা নতুন করে পুনর্নির্ধারণ হয়েছে।

পেট্রোবাংলা ও বাপেক্সের একাধিক কর্মকর্তা জানান, বর্তমান পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইনস্টিটিউট বাপেক্সের জন্য ১০ বছর মেয়াদি একটা বিজনেস প্ল্যান করছে। ১৫০টা কূপ খননে জরিপের জন্য প্রয়োজনীয় অর্থসহ বিভিন্ন কিছুর অ্যাসেসমেন্ট করে তার ভিত্তিতে এ-সংক্রান্ত কাজ করা হবে। বর্তমানে বাপেক্স প্রতি ঘনফুট গ্যাস সরবরাহ করলে ৪ টাকা করে মার্জিন পায়। এই অর্থ দিয়েই তাদের কার্যক্রম পরিচালনা ও সরকারের পক্ষ থেকে দেওয়া ঋণ পরিশোধ করতে হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, শুধু কারিগরি দিক থেকে বাপেক্সকে শক্তিশালী করলেই চলবে না, দক্ষ জনবলও তৈরি করতে হবে। বিদেশি কোম্পানিগুলো বছরে সাত থেকে আটটি কূপ খনন করে। আর বাপেক্স দক্ষ জনবলের অভাবে বছরে মাত্র একটি কূপ খনন করে। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, জাতীয় বেতন স্কেলের চেয়ে কম বেতন পান বাপেক্সকর্মীরা। স্বাভাবিক কারণেই বাপেক্সে মেধাবীদের কাজের আগ্রহ কম। তারা বহুজাতিক তেল-গ্যাস কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করার জন্য চলে যান। এই অবস্থার পরিবর্তন করতে না পারলে বাপেক্স শক্তিশালী হবে না। 

আমলাতন্ত্রিক জটিলতা কমানোর প্রস্তাব দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘সরকার যে সময়সীমার মধ্যে কূপ খনন করতে যাচ্ছে, তাতে সফলতা আনতে হলে প্রক্রিয়া সহজ করতে হবে। বর্তমান প্রক্রিয়া অনুসরণ করলে বছরে একটি কূপও খনন করা সম্ভব নয়। কিন্তু বাপেক্সের জন্য যদি আলাদা অর্থ বরাদ্দ থাকে, তাহলে বছরে তিনটি করে কূপ খনন করা সম্ভব হবে। এক্ষেত্রে ভূমি প্রস্তুত থাকলে কূপ খনন সহজ হয়। তা না হলে ভূমি অধিগ্রহণ করতেই দুই বছর লাগবে।’ 

যা হয়েছে সরকারের ১৮০ দিনে

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, ঘোষিত ৭টি গ্যাসকূপ খননের লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে ৬টি কূপের খননকাজ সফলভাবে শেষ হয়েছে। এসব কূপের মধ্যে রয়েছে সিলেট-১০ এক্স, শ্রীকাইল-৭, সিলেট-১১, রশীদপুর-১১, তিতাস-২৮ এবং সুন্দলপুর-৪। ৬টি নতুন কূপ থেকে প্রতিদিন ২২.৪২ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। অপরদিকে তালিকার সপ্তম কূপ তিতাস-২৯-এর খননকাজ বর্তমানে পুরোদমে চলছে। খননের পাশাপাশি পুরনো কূপ থেকে উৎপাদন পুনরুদ্ধারে সফলতা এসেছে। সেমুতাং-৬, বিয়ানীবাজার-২, রূপগঞ্জ-১ ও বাখরাবাদ-৭Ñ এই চার কূপের ওয়ার্কওভার (পুনঃখনন) সফলভাবে শেষ করে জাতীয় গ্রিডে আরও ১০.৬ এমএমসিএফডি গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে বাপেক্সের মাধ্যমে ৫০টি কূপ খনন কর্মসূচির আওতায় ২৮টি খনন ও ওয়ার্কওভার বাস্তবায়নে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।

জাতীয় ‍গ্রিডে যুক্ত নতুন গ্যাস

চলমান সংকটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গত শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে তিতাস-২৮ কূপটির উদ্বোধন করেন। এরপর বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করে।

বাপেক্সকে আরও শক্তিশালী করা হচ্ছে

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত  বলেন, ‘দেশের চলমান জ্বালানি সংকটের সময়ে নতুন কূপ থেকে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হওয়া ইতিবাচক খবর।’ তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে জ্বালানিতে স্বনির্ভর হতে আমরা ১৫০টি কূপ খননের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ২৭টির খননকাজ চলছে। তিতাস-২৮ সেগুলোর একটি।’ তিতাস গ্যাসক্ষেত্রে আরও তিনটি কূপ খননের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এসব কূপে খনন সফল হলে জাতীয় গ্রিডে দৈনিক আরও ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমদানি করা এলএনজির দাম দিন দিন বাড়ছে। এই ব্যয় বহন করার সক্ষমতা আমাদের নেই।’ দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বাপেক্সকে আরও শক্তিশালী করার কাজ চলছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দুটি ড্রিলিং রিগ কেনার প্রক্রিয়া চলছে। আরও একটি রিগ কেনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি স্থানীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেদের দক্ষতা ও সক্ষমতা কাজে লাগিয়ে অনুসন্ধান ও কূপ খননের কাজ করতে পারেন।’

নতুন সাত প্রকল্প

দেশীয় গ্যাসক্ষেত্রগুলোতে নতুন অনুসন্ধান ও মূল্যায়ন এবং কূপ খননের পরিধি বাড়াতে ৭টি পৃথক নতুন প্রকল্প নেওয়া হয়েছিল। এর মধ্যে ৬টি প্রকল্পের ডিপিপি একনেকে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এসব প্রকল্পের আওতায় সুনেত্র-২, বেগমগঞ্জ-৩, তিতাস-৩২ ও ৩৩, সেমুতাং-৭, বেগমগঞ্জ-৭, চরলক্ষ্যা-১, সুন্দলপুর-৫, সুবর্ণচর-১, নোয়াখালী-১, কৈলাশটিলা-১০, বাতচিয়া-১ এবং জকিগঞ্জ-২ ও ৩ কূপ খনন করা হবে। এর পাশাপাশি তিতাস ১৫ নম্বর কূপের সাইডট্রেক ড্রিলিং ও বাখরাবাদ ২ নম্বর কূপের ওয়ার্কওভার সম্পন্ন করা হবে। অবশিষ্ট জকিগঞ্জ-৩ সংক্রান্ত ৭ নম্বর উপ-প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে। 

কারিগরি সক্ষমতা বাড়াতে রিগ ক্রয়

বাপেক্সের সক্ষমতা বাড়াতে সরকার দুটি রিগ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি ২০০০ হর্স পাওয়ার, আরেকটি ১৫০০ হর্স পাওয়ার রিগ। ২০০০ হর্স পাওয়ারের রিগ ক্রয়ের আহ্বান করা দরপত্র প্রস্তাবসমূহের মূল্যায়ন কার্যক্রম চলছে। এছাড়া ১৫০০ হর্স পাওয়ারের রিগ ক্রয় প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে। বর্তমানে বাপেক্সের রিগের সংখ্যা ৫টি। এগুলো হলোÑ বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ ও আইডিএস-১। কিন্তু বাপেক্সের এ রিগগুলোর কোনো সার্টিফিকেট নেই। রিগগুলো গড়ে ১০ থেকে ২৫ বছরের পুরনো।

ভূতাত্ত্বিক জরিপ ও সিসমিক সার্ভে

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে ২ডি সিসমিক সার্ভে ও ৩ডি সিসমিক সার্ভে করা হচ্ছে। এর মধ্যে ব্লক-৭ ও ব্লক-৯ এলাকায় ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্র এলাকায় ১০০ বর্গকিলোমিটার ৩ডি সিসমিক সার্ভের ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্ষাকালের কারণে বাকি কার্যক্রম সাময়িকভাবে বাধার মুখে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানান, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন কিমি দ্বিমাত্রিক ও ৪ হাজার ২০০ বর্গকিমি ত্রিমাত্রিক সিসমিক সার্ভে পরিচালনা করা হচ্ছে। 

বাপেক্সকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাপেক্সকে একটি আন্তর্জাতিক ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে হলে এর অর্থনৈতিক স্বাধীনতা, কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতার দরকার আছে। তবে এর উন্নয়নের কোনো কাজই বিগত সরকারগুলো করেনি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা