× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৮ পিএম

অর্থনৈতিক প্রশাসনের কিছু ক্ষেত্রে পুরনো প্রভাব বলয়ের ছায়া পুরোপুরি কাটেনি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

অর্থনৈতিক প্রশাসনের কিছু ক্ষেত্রে পুরনো প্রভাব বলয়ের ছায়া পুরোপুরি কাটেনি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নতুন সরকার আসার পর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে অর্থনৈতিক ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবর্তন কতটা এসেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কিছু কর্মকর্তার ভূমিকা, নিয়োগ-পদায়ন এবং সংবেদনশীল তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, সরকার পরিবর্তন হলেও অর্থনৈতিক প্রশাসনের কিছু ক্ষেত্রে পুরনো প্রভাব বলয়ের ছায়া পুরোপুরি কাটেনি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্রতিষ্ঠান। বাজেট প্রণয়ন, সরকারি ব্যয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, রাজস্ব ব্যবস্থাপনা, বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আর্থিক সম্পর্কের ক্ষেত্রে এসব বিভাগের সিদ্ধান্তের সরাসরি প্রভাব রয়েছে। তাই এখানে প্রশাসনিক অভিজ্ঞতার ধারাবাহিকতার পাশাপাশি জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি।

প্রশাসনের একটি অংশের অভিযোগ, অতীতে একটি প্রভাবশালী বলয়ের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা বদলি-পদায়নসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রাখতেন। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সাবেক এক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে ঘিরে দীর্ঘদিন একটি প্রশাসনিক বলয় গড়ে উঠেছিল বলেও আলোচনা রয়েছে। ২০১৫-১৬ সালের দিকে ওই কর্মকর্তা স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) সঙ্গে যুক্ত ছিলেন। পরে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের পদায়ন ও প্রশাসনিক গতিপথে তার প্রভাব ছিল বলে অভিযোগ ওঠে।

এমনকি তার সম্মতি ছাড়া অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদায়ন করা কঠিন ছিলÑ এমন কথাও প্রশাসনের একটি অংশে আলোচিত হয়েছে। কোনো কর্মকর্তাকে অন্য মন্ত্রণালয় বা বিভাগে বদলি করা হলে সেই বদলি ঠেকাতে ওই সাবেক কর্মকর্তা, তার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কেউ ফোন বা প্রশাসনিক যোগাযোগ ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। এতে প্রশ্ন উঠছে, একজন কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রয়োজন ও অভিজ্ঞতার কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, নাকি ব্যক্তিগত যোগাযোগ ও প্রশাসনিক প্রভাব তাকে অপরিহার্য করে তুলছে।

প্রশাসনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মকর্তার অভিজ্ঞতা অবশ্যই প্রতিষ্ঠানের জন্য মূল্যবান হতে পারে। কিন্তু সেই অভিজ্ঞতা যদি ধীরে ধীরে ব্যক্তিকেন্দ্রিক প্রভাব বা ক্ষমতার কেন্দ্রে পরিণত হয়, তাহলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়। সিভিল সার্ভিসের মৌলিক নীতি অনুযায়ী প্রতিষ্ঠান ব্যক্তি দিয়ে নয়, বিধি ও কাঠামোর মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। একজন কর্মকর্তা বদলি হবেন, নতুন দায়িত্ব নেবেন এবং অন্য কেউ তার স্থলাভিষিক্ত হবেনÑ এটাই স্বাভাবিক প্রশাসনিক ব্যবস্থা।

সম্প্রতি সাবেক এক সচিব ও সাবেক এক রাষ্ট্রদূতকে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের পরিচালক নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশাসনের একটি অংশের অভিযোগ, বিগত সরকারের সময়ে তারা অর্থনৈতিক প্রশাসনে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তাদের নিয়োগকে পুরনো প্রশাসনিক বলয়ের প্রভাব কতটা বহাল রয়েছে, তা যাচাইয়ের ‘টেস্ট কেস’ হিসেবে দেখছে ওই অংশ। তবে দায়িত্বশীল একটি সরকারি সূত্রের বক্তব্য, সাবেক সরকারি কর্মকর্তা হওয়াই কোনো ব্যক্তিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক করার ক্ষেত্রে অনিয়মের প্রমাণ নয়। নিয়োগে নির্ধারিত যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, কোনো গুরুতর স্বার্থের সংঘাত ছিল কি নাÑ সেটিই মূল বিবেচ্য।

বিগত সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের বর্তমান অবস্থান নিয়েও আলোচনা রয়েছে। অভিযোগ করা হচ্ছে, সাবেক এক অর্থ সচিবের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তা পরে অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন। তাদের একটি প্রশাসনিক বলয়ের প্রভাবে অর্থ মন্ত্রণালয়ের কিছু সিদ্ধান্ত পরিচালিত হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পর সেই প্রভাব কতটা বহাল আছে, তা নিয়েই প্রশ্ন। এমনকি ভবিষ্যতে অর্থ সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে কে দায়িত্ব পাবেন, সেটিও বিদ্যমান প্রভাবশালী বলয়ের পছন্দ-অপছন্দের ওপর নির্ভর করতে পারেÑ এমন আশঙ্কাও রয়েছে অভিযোগকারীদের মধ্যে।

অর্থনৈতিক প্রশাসনে আরেকটি উদ্বেগের জায়গা হলো সংবেদনশীল তথ্যের নিরাপত্তা। প্রশাসনের কয়েকজন পর্যবেক্ষকের আশঙ্কা, অতীতের ক্ষমতাকেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেউ কেউ এখনও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অর্থনৈতিক তথ্য অননুমোদিতভাবে বাইরে সরবরাহ করছেন কি নাÑ তা খতিয়ে দেখা প্রয়োজন। বাজেট, ব্যাংকের তারল্য পরিস্থিতি, সরকারি ঋণ, বৈদেশিক ঋণ, জ্বালানি আমদানি, বৈদেশিক মুদ্রার বাজার, আমদানি-রপ্তানি কিংবা বড় সরকারি প্রকল্পের আর্থিক তথ্য আগেভাগে বাইরে গেলে বাজার ও বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে।

এ কারণে সংবেদনশীল নথিতে কার প্রবেশাধিকার ছিল, কে কখন কোন নথি দেখেছেন বা ব্যবহার করেছেন এবং তথ্য ব্যবস্থাপনায় কোনো নিরাপত্তাগত দুর্বলতা ছিল কি নাÑ প্রয়োজনে এসব বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার নিরীক্ষা করা যেতে পারে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে।

এই পরিস্থিতিতে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রেখেই প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা। আগের সরকারের সময়ে চাকরিতে প্রবেশ করেছেনÑ শুধু এই কারণে কাউকে অভিযুক্ত করা যেমন সমীচীন নয়, তেমনি রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের কারণে কোনো কর্মকর্তাকে বছরের পর বছর একই গুরুত্বপূর্ণ বলয়ে রাখার অভিযোগ থাকলে সেটিও পরীক্ষা না করে উপেক্ষা করা উচিত নয়।

সংশ্লিষ্টরা বলছেন, এ ক্ষেত্রে একটি নিরপেক্ষ ‘সততা, যোগ্যতা ও নিরাপত্তা পর্যালোচনা’ করা যেতে পারে। এর আওতায় গত কয়েক বছরের গুরুত্বপূর্ণ নিয়োগ ও পদায়নের প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা, সম্ভাব্য স্বার্থের সংঘাত, বড় ঋণ ও ব্যাংকিং সিদ্ধান্তে প্রশাসনিক ভূমিকা এবং সংবেদনশীল নথিতে প্রবেশাধিকারের বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে। এতে অভিযোগ ও বাস্তবতার মধ্যে পার্থক্যও নথিপত্রের ভিত্তিতে স্পষ্ট হওয়ার সুযোগ থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা