× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুর ‘সাপ্তাহিক ছুটি’ শুক্রবার!

হাসনাত শাহীন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রোগ-ব্যাধি কখনও দিনক্ষণ মানে না। এডিস মশারও দিন বুঝে বিস্তার ঘটে না। ডেঙ্গুর প্রাদুর্ভাব সপ্তাহের বিশেষ দিনে কমে-বাড়েÑ এমনও নয়। অথচ সরকারি পরিসংখ্যানের খাতায় শুক্রবার যেন অলৌকিকভাবে কমে যায় ডেঙ্গুর তাণ্ডব! 

গতকাল শুক্রবার প্রকাশিত পরিসংখ্যানে জাদুকরী পতনের চিত্রই ফুটে উঠেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মাত্র ৭৪৭ জন; আর মৃত্যুর ঘরটিতে ফুটে উঠেছে স্বস্তির শূন্য (০)।

অথচ ঠিক আগের টানা ছয় দিনের চিত্রটি যদি আমরা খেয়াল করি, তবে এই আকস্মিক পতন এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে। ১২ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুর তোপে দৈনিক গড়ে ১ হাজার ৫৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই ছয় দিনে গড়ে প্রতিদিন প্রায় ৫ দশমিক ৮ জন মানুষ প্রাণ হারিয়েছে। তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিকÑ শুক্রবার এলেই কি দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব হঠাৎ কমে যায়? নাকি এই জাদুকরী পতনের পেছনে লুকিয়ে আছে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার কোনো বড় গলদ?

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে পরিসংখ্যানে এই অদ্ভুত ওঠানামার চিত্রটি আরও স্পষ্ট হয়। গত ১২ থেকে ১৭ সেপ্টেম্বরÑ এই ছয় দিনে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল ভয়াবহ ঊর্ধ্বমুখী। ১২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন ১,০৫৬ জন (মৃত্যু ২); ১৩ সেপ্টেম্বর ১,৫৬১ জন (মৃত্যু ৬); ১৪ সেপ্টেম্বর ১,৭৩৩ জন (মৃত্যু ৮); ১৫ সেপ্টেম্বর ১,৫৯৩ জন (মৃত্যু ৭); ১৬ সেপ্টেম্বর ১,৭৫৩ জন (মৃত্যু ৭) এবং ১৭ সেপ্টেম্বর ১,৪৮৪ জন (মৃত্যু ৫)।

এই ছয় দিনে সারা দেশে মোট ৯ হাজার ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৩৫ জন। অথচ এই ভয়াবহ ঊর্ধ্বগতির পরদিনই, অর্থাৎ শুক্রবারের পরিসংখ্যানে রোগী ভর্তির সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছে ৭৪৭ জনেÑ যা আগের ছয় দিনের দৈনিক গড়ের অর্ধেকেরও কম। মৃত্যুও দেখানো হয়েছে শূন্য।

প্রতি শুক্রবারে একই প্রবণতা

শুধু গতকাল শুক্রবার নয়, আগের শুক্রবারগুলোর পরিসংখ্যানেও একই ‘উইকেন্ড ইফেক্ট’ বা ছুটির দিনের প্রভাব দেখা যায়। সেপ্টেম্বরের প্রথম শুক্রবারের (৪ সেপ্টেম্বর) আগের ছয় দিনে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৬ হাজার ৯৪২ জন (মৃত্যু ২৩)। কিন্তু ওই শুক্রবারে ভর্তি নেমে আসে ৫১২ জনে, মৃত্যু ছিল শূন্য। একইভাবে ১১ সেপ্টেম্বরের আগের ছয় দিনে ভর্তি হন ৮ হাজার ৩৮৬ জন (মৃত্যু ২৮)। দৈনিক গড় ভর্তি ছিল প্রায় ১,৩৯৮ জন। অথচ দ্বিতীয় ওই শুক্রবারে ভর্তি দেখানো হয় মাত্র ৭৯০ জন, মৃত্যু ২।

গত চার সপ্তাহের শুক্রবারের তথ্য (২৮ আগস্ট : ৩৪২, ৪ সেপ্টেম্বর : ৫১২, ১১ সেপ্টেম্বর : ৭৯০ এবং ১৮ সেপ্টেম্বর : ৭৪৭) পাশাপাশি রাখলে দেখা যায়, প্রতিবারই শুক্রবারে রোগীর সংখ্যায় ধস নেমেছে এবং ঠিক পরবর্তী দিনগুলোতে (শনি ও রবিবার) বকেয়া তথ্য যুক্ত হয়ে তা আবার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

কৃত্রিম তথ্যঘাটতি

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা এবং সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন এই বিষয়টিকে তথ্য শোরগোল (ডেটা নয়েজ) হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হাসপাতালের চিকিৎসাসেবা ২৪ ঘণ্টাই চালু থাকে, কিন্তু রোগীর তথ্য সংগ্রহ, সংকলন ও এমআইএসে (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) পাঠানোর কাজে যুক্ত অনেক কর্মীই শুক্রবারে ছুটিতে থাকেন অথবা সীমিত পরিসরে কাজ করেন। ফলে সব হাসপাতাল থেকে তথ্য যথাসময়ে অধিদপ্তরে পৌঁছায় না। এতে তৈরি হয় কৃত্রিম তথ্যঘাটতি। পরে বকেয়া তথ্যগুলো রবি বা সোমবারের হিসাবে যুক্ত হলে হঠাৎ করেই গ্রাফে উল্লম্ফন দেখা যায়।’

এ কারণেই এক দিনের পরিসংখ্যান দিয়ে ডেঙ্গুর প্রবণতা বিচার না করে, ৭ থেকে ১৪ দিনের মুভিং অ্যাভারেজ বা ধারাবাহিক তথ্য বিশ্লেষণের ওপর জোর দেন এই জনস্বাস্থ্যবিদ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশারও একই কথা বলেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘অনেক হাসপাতাল নিয়মমাফিক রিপোর্ট পাঠায় না। কেউ শূন্য দেখায়, কেউবা শনিবার একসঙ্গে দুই দিনের তথ্য দেয়। এতে সরকারি হিসাব ও মাঠের প্রকৃত বাস্তবতার মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হচ্ছে। এটি মূলত প্রশাসনিক শিথিলতা।’

ভুল তথ্যে ব্যাহত হচ্ছে নিয়ন্ত্রণ কার্যক্রম

শুধু শুক্রবারের স্বস্তির পরিসংখ্যান নয়, সেপ্টেম্বরের সার্বিক চিত্রটি রীতিমতো আতঙ্কের। ১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৫৫৪ জন, মৃত্যু হয়েছে ৭৯ জনের। অথচ পুরো আগস্ট মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬ জন। মাসের মাঝামাঝি এসেই আগের মাসের রেকর্ড ভেঙে গেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, তথ্যপ্রবাহে এমন অসঙ্গতি থাকলে দৈনিক পরিসংখ্যান রোগের প্রকৃত গতিপ্রকৃতির বদলে রিপোর্টিং ব্যবস্থার দুর্বলতাকেই বেশি প্রতিফলিত করে। জনস্বাস্থ্যে এর প্রভাব সরাসরি ও সুদূরপ্রসারী। রোগীর সংখ্যা কম দেখালে ঝুঁকিপূর্ণ এলাকা বা ‘হটস্পট’ চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। হাসপাতালগুলোর প্রস্তুতি, চিকিৎসাসামগ্রী বরাদ্দ ও মশা নিয়ন্ত্রণের টার্গেটভিত্তিক কার্যক্রমে ভুল বার্তা যায়।

ডেঙ্গুর প্রকৃত চিত্র পেতে হলে সারা দেশের হাসপাতালগুলো থেকে নিরবচ্ছিন্ন ও নির্ভুল তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। মশা যেমন সপ্তাহে সাত দিনই কামড়ায়, রোগীর তথ্য সংগ্রহ ও রিপোর্টিং ব্যবস্থাকেও তেমনি সাত দিনই সমান গতিতে সচল থাকতে হবে। শুক্রবারের পরিসংখ্যান যেন রোগের বাস্তবতা না হয়ে কেবল রিপোর্টিংয়ের বিরতি হয়ে না দাঁড়ায়Ñ সংশ্লিষ্টদের এখন সেদিকেই নজর দিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা