লোগো: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও রাজনৈতিক দলগুলোর জন্য বয়ে এনেছে চ্যালেঞ্জ। এই নির্বাচনকে বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপির জন্য বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতায় আসার ছয়-সাত মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তার পরীক্ষায় নামতে হবে দলটিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে। অন্যদিকে ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে মেয়র পদে প্রার্থী করেছে জামায়াতে ইসলামী। এ অবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশনে জয় পেতে বিএনপিকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে জরিপ পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং নগরবাসীর কাছে গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে দলটি। বর্তমান বাস্তবতায় নগর সেবায় সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবেনÑ এমন প্রার্থীকেই বেছে নিতে চায় বিএনপি।
জাতীয় নির্বাচনের পর ঢাকা সিটি নির্বাচনকেও বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলটি। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে শেষ পর্যন্ত বিএনপির মেয়র প্রার্থী কারা হচ্ছেন, তা নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা চলছে।
মনোনয়নপ্রত্যাশীরাও নিজেদের অবস্থান জানান দিতে সক্রিয় হয়ে উঠেছেন। সামনে আসছে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম। সম্প্রতি দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি মহানগর নেতাদের নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেন। বৈঠকে তিনি মহানগরের প্রতিটি ওয়ার্ডের বিষয়ে জানতে চান। একই সঙ্গে সাংগঠনিকভাবে ওয়ার্ড কাউন্সিলর পদে তালিকা দিতে বলেন। দলীয় নেতারা জানিয়েছেন, এসব তালিকা সমন্বয় করে চূড়ান্ত তালিকা করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২০১৫ ও ২০২০ সালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিল বিএনপি। তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এ কারণে এবার অন্য কাউকে প্রার্থী করা হতে পারে বলে দলের কেউ কেউ বলছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে প্রার্থী করা হতে পারে বলেও জোর আলোচনা রয়েছে। এ ছাড়া মেয়র পদে তাবিথ আউয়াল, বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এমএ কাইয়ুম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামানের নামও আলোচনায় রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এর আগে বিএনপি মেয়র প্রার্থী করেছিল সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। তিনি বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। ইতোমধ্যে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তবে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান প্রশাসক ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। এ ছাড়া মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল এবং মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। শেষ পর্যন্ত দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী কে হবেন, তা নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা চলছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, বিএনপির হাইকমান্ড থেকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তারা ৯টি সাংগঠনিক টিম গঠন করেছেন। এসব টিম থানা ও ওয়ার্ড পর্যায়ে কাজ করবে। দল যাকে মনোনয়ন দেবে, সাংগঠনিকভাবে সব ইউনিট ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে বিএনপি এককভাবে অংশগ্রহণ করবে। এবার স্থানীয় সরকারের নির্বাচনগুলো দলীয়ভাবে হবে না। তারপরও দলীয় একক প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ে একাধিক সাংগঠনিক টিম কাজ করছে। উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।