শাহিনুর সুজন, চারঘাট (রাজশাহী)
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৩ পিএম
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবন নির্মিত হয় ১৯৯৩ সালে। ২০১৮ সালে উপজেলা প্রকৌশল বিভাগ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখনও সেখানে নিয়মিত পাঠদান চলছে। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষাজীবনের শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ে। অথচ রাজশাহীর চারঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেই দেখা দিয়েছে নানা সংকট। কোথাও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, কোথাও আবার শ্রেণিকক্ষের তীব্র সংকট।
এর সঙ্গে যোগ হয়েছে প্রধান শিক্ষক না থাকার সমস্যা। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চারঘাটে ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৬টির ভবন ঝুঁকিপূর্ণ। এসব বিদ্যালয়ের অনেকগুলোতেই শ্রেণিকক্ষ সংকট রয়েছে। অন্যদিকে ৭৩টি বিদ্যালয়ের মধ্যে ৪৫টিতেই বর্তমানে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকদের মধ্য থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।
দেখা যায় একটি বিদ্যালয়ের তিন রুম বিশিষ্ট একতলা ভবনের প্রায় সবগুলো কলামের ঢালাই খুলে রড বেরিয়ে এসেছে, যেকোনো মুহুর্তেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশশিক্ষা অফিস সূত্র আরও জানায়, ঝুঁকিপূর্ণ ২৬টি বিদ্যালয়ের ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের জন্য চাহিদা দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। তবে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও অনেক বিদ্যালয়ে এখনও পুরোনো ভবনেই পাঠদান চলছে।
ভাঙা ভবনে ঝুঁকিপূর্ণ পাঠদান
সরেজমিনে কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, কোথাও নতুন ভবন নির্মাণ হলেও সেখানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। আবার দুই শতাধিক শিক্ষার্থী থাকা বিদ্যালয়ে শ্রেণিকক্ষ রয়েছে মাত্র তিনটি। ঝুঁকিপূর্ণ ভবনের পাশাপাশি বেঞ্চ সংকটও রয়েছে কোথাও কোথাও।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবন নির্মিত হয় ১৯৯৩ সালে। ২০১৮ সালে উপজেলা প্রকৌশল বিভাগ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।
এরপরও ২১৮ জন শিক্ষার্থী ওই জরাজীর্ণ তিন কক্ষের ভবনে মাত্র ১৭ সেট বেঞ্চে পড়াশোনা করছে।
নির্মাণকালে দেওয়া ৩৯ সেট বেঞ্চের মধ্যে ২২টি নষ্ট হয়ে গেছে। এমনকি ক্লাস নেওয়ার সময় ছাদের রডসহ ফ্যান খুলে পড়ে এক সহকারী শিক্ষিকা আহতও হয়েছেন বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান বলেন, বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রতিকার পাননি। ১৯৯৪ সালের পর নতুন বেঞ্চও পাওয়া যায়নি। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছে।
একই অবস্থা ধর্মহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দুই শতাধিক শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ মাত্র তিনটি।
ভবনটি প্রায় ১০ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ছাদে ফাটল ও মেঝেতে উইপোকার বাসা থাকলেও সেখানেই চলছে পাঠদান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রশীদ বলেন, “শ্রেনীকক্ষ ও টয়লেট সবই ঝুঁকিপূর্ণ। দুই শতাধিক শিক্ষার্থী ভাঙা তিনটা শ্রেণীকক্ষে গাদাগাদি করে ক্লাস করছে। মাঝে মধ্যেই ছাদের ঢালাইয়ের অংশ খসে পড়ছে। না জানি কি বিপদ হয় কখন। আল্লাহকে ডাকি আর পড়াই।”
খোর্দগোবিন্দপুর, ভাটপাড়া, ইউসুফপুর ও মেরামতপুরসহ ২৬টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয়েও কমবেশি একই পরিস্থিতি বলে জানা গেছে।
খোর্দগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ রায়হান বলেন, “রামচন্দ্রপুর, ঝাউবোনাসহ কয়েকটি বিদ্যালয়ে ভবন দেওয়া হয়েছে। সেখানে শিক্ষার্থীর সংখ্যা ১০০ জনেরও কম। নতুন ভবন ব্যবহারই হয়না ঠিকমত। কিন্তু আমাদের এ বিদ্যালয়ে ভবন দেবে গেছে। মাঝেই দূর্ঘটনা ঘটছে। দ্রুত প্রতিকার না হলে বহু শিক্ষার্থী হতাহতের মত ঘটনা ঘটতে পারে।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৪৫ বিদ্যালয়
শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবন সংকটের পাশাপাশি প্রধান শিক্ষক না থাকাও বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনায় বড় সমস্যা তৈরি করছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত পাঠদান করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম তদারকিতে চাপ বাড়ছে।
অভিভাবকদের অভিযোগ, কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত উপস্থিতি ও সময়ানুবর্তিতা বজায় রাখছেন কি না, তা তদারকির ব্যবস্থাও দুর্বল। এতে শিক্ষার্থীদের পড়াশোনার মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মখলেসুর রহমান বলেন, “৪৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরা সেখানে রুটিন দায়িত্ব পালন করছেন। মামলাসহ নানা কারণে এ পদগুলো খালি ছিল। দ্রুতই প্রধান শিক্ষক পদায়ন হবে বলে আমরা আশ্বাস পেয়েছি।”
সাবেক শিক্ষক ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা বলেন, “প্রাথমিক শিক্ষা একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে। এ পর্যায়ে নিরাপদ শ্রেণিকক্ষ, পর্যাপ্ত শিক্ষক, কার্যকর বিদ্যালয় ব্যবস্থাপনা ও নিয়মিত পাঠদান নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা না করে ভবন নির্মাণ এবং অন্যদিকে বেশি শিক্ষার্থী থাকা বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট রেখে দেওয়ার বিষয়টি পরিকল্পনার ঘাটতির ইঙ্গিত দেয়।”
চারঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. ফাতেমা খাতুন বলেন, “পড়াশোনা উপরে কিছুটা প্রভাব পড়ছে। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের জন্য চাহিদা পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়েও কাজ চলমান রয়েছে।”