× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষার্থীদের স্বপ্নপূরণ কবে

ইউছুব ওসমান, কেরানীগঞ্জ থেকে ফিরে

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ এএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ এএম

 দীর্ঘ প্রতীক্ষার ফসল কেরানীগঞ্জের বিশাল নতুন ক্যাম্পাস। কিন্তু স্বপ্নের সেই ঠিকানায় পৌঁছার পথ যেন অন্তহীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ প্রতীক্ষার ফসল কেরানীগঞ্জের বিশাল নতুন ক্যাম্পাস। কিন্তু স্বপ্নের সেই ঠিকানায় পৌঁছার পথ যেন অন্তহীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুরান ঢাকার যানজট, ধুলোবালি আর কোলাহলের মাঝে হাঁসফাঁস করা এক চিলতে ক্যাম্পাসÑ এটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্তমান বাস্তবতা। আবাসিক হল নেই, নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, এমনকি একটু বুক ভরে শ্বাস নেওয়ার মতো খোলা মাঠেরও তীব্র অভাব। এই দমবন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতে বছরের পর বছর রাজপথে রক্ত ঘাম ঝরিয়েছেন শিক্ষার্থীরা। তাদের সেই তুমুল আন্দোলন আর দীর্ঘ প্রতীক্ষার ফসল কেরানীগঞ্জের বিশাল নতুন ক্যাম্পাস। কিন্তু স্বপ্নের সেই ঠিকানায় পৌঁছার পথ যেন অন্তহীন।

ঢাকার অদূরে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে প্রায় ২০০ একর জায়গাজুড়ে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের কাজ। কিন্তু আক্ষেপের বিষয় হলো, প্রকল্প অনুমোদনের পর আট বছর পেরিয়ে গেলেও প্রথম ধাপের কাজই এখনও শেষ হয়নি। দীর্ঘসূত্রতার গোলকধাঁধায় আটকে থাকা এই মেগা প্রকল্পের প্রথম ধাপ শেষ করার সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে। সর্বশেষ সংশোধিত মেয়াদ অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর এই কাজ শেষ হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। গুরুত্বপূর্ণ অনেক কাজই এখনও প্রাথমিক স্তরে পড়ে আছে। ফলে এই বছরের মধ্যে প্রথম ধাপের কাজ আদৌ শেষ হবে কি না, তা নিয়ে ঘোর শঙ্কা তৈরি হয়েছে; আর সেই সঙ্গে দীর্ঘায়িত হচ্ছে জবি শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাসে পা রাখার প্রতীক্ষা।

আন্দোলনের ফসল ও বর্তমান বাস্তবতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক রূপ দিতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে ক্লাস বর্জন, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করেছেন। সেই তীব্র ছাত্র আন্দোলনের মুখেই সরকার কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেয়। ২০১৮ সালের ৯ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কেরানীগঞ্জে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য ১ হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকার বিশাল প্রকল্প অনুমোদন দেয়।

প্রকল্পের প্রথম ধাপে ভূমি অধিগ্রহণ, বালু ভরাট, প্রকৌশল ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর নির্মাণ, পুকুরঘাট তৈরি, গভীর নলকূপ খনন এবং বহির্বিদ্যুতায়নের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো অন্তর্ভুক্ত রয়েছে। বছরের পর বছর আমলাতান্ত্রিক জটিলতায় কাজ আটকে থাকার পর, গত বছর শিক্ষার্থীদের দাবির মুখে বাধ্য হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নকে প্রকল্পের প্রথম ধাপের কাজের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই চলছে নির্মাণযজ্ঞ।

সরেজমিনে তেঘরিয়ার প্রান্তর

মঙ্গলবার কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় সরেজমিনে গিয়ে এক মিশ্র চিত্র চোখে পড়ে। ধুধু প্রান্তরজুড়ে যেন এক বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি চলছে। কোথাও শ্রমিকরা ভবনের রড বাঁধার কাজে ব্যস্ত, আবার কোথাও ভারী যন্ত্রপাতির সাহায্যে চলছে বালু ভরাট ও জমি সমতলের কাজ। ক্যাম্পাসের কিছু অংশে অবকাঠামোর কংক্রিটের কাঠামো মাথা তুলে দাঁড়ালেও, পুরো এলাকা এখনও পুরোপুরি প্রস্তুত নয়।

ক্যাম্পাস এলাকার একপাশে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে পুরো নির্মাণকাজের তদারকি চলছে। মূল সড়ক থেকে ক্যাম্পাসে প্রবেশের রাস্তাটির কাজ চললেও, অভ্যন্তরীণ সড়ক ও অন্যান্য যোগাযোগ অবকাঠামোর কাজ এখনও অসম্পন্ন। এর মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান অগ্রগতি হয়েছে নতুন ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং ভবনের। ভবনটির দোতলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়ে বর্তমানে তৃতীয় তলার নির্মাণকাজ চলছে। তবে একটি ভবনের কাঠামো দাঁড়ালেও ক্যাম্পাসের অন্য প্রান্তগুলোতে এখনও প্রাথমিক পর্যায়ের ভূমি উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণের লড়াই চলছে।

অগ্রগতির পরিসংখ্যানে আকাশ-পাতাল ব্যবধান

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের আগস্ট মাসের অগ্রগতি প্রতিবেদন বিশ্লেষণ করলে প্রকল্পের ধীরগতির প্রকৃত চিত্রটি আরও স্পষ্ট হয়। প্রতিবেদন অনুযায়ী, সীমানাপ্রাচীর প্যাকেজ-১-এর কাজ ৮৫ শতাংশ শেষ হলেও প্যাকেজ-২-এর কাজ এগিয়েছে মাত্র ৮ শতাংশ। ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের কাজ ১০ শতাংশ এবং পেরিফেরাল সারফেস ড্রেনের কাজ মাত্র ৮ শতাংশ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, দুটি গভীর নলকূপ স্থাপনের কাজ ৫৪ দশমিক ৭০ শতাংশ, লেকের স্লোপ প্রটেকশন (তীর রক্ষা) ৩৬ শতাংশ, বাণী ভবনের কাজ ৪৫ শতাংশ এবং বহিঃসড়কের কাজ ৪০ শতাংশ শেষ হয়েছে। সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প নির্মাণের কাজ প্রায় ৯৭ শতাংশ শেষ হলেও বিদ্যুৎ-সংক্রান্ত কাজের অগ্রগতি মাত্র ২ শতাংশ। এমনকি সাবস্টেশন নির্মাণের কাজ এখনও শুরুই হয়নি। ফলে কিছু অংশে কাজের অগ্রগতি থাকলেও, সার্বিক বিচারে ৩১ ডিসেম্বরের ডেডলাইন ছোঁয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভূমি উন্নয়ন ও আইনি জটিলতা

পুরো প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভূমি উন্নয়ন বা জমির লেভেল ঠিক করা। বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. ইফতেখার আলম জানান, ক্যাম্পাসের বিশাল একটি অংশ প্রয়োজনীয় স্যান্ড-ফিলিং বা বালু ভরাটের লেভেলের চেয়ে এখনও এক থেকে দুই মিটার নিচে রয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘সাইট ডেভেলপমেন্ট বা ভূমি উন্নয়নের কাজ শেষ না হলে সারফেস ড্রেন ও অভ্যন্তরীণ সড়কের কাজ পুরোপুরি এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সময়মতো সাইট প্রস্তুত করা না গেলে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা অত্যন্ত কঠিন হবে।’

ড্রেন ও সীমানাপ্রাচীর নির্মাণেও দেখা দিয়েছে অনাকাঙ্ক্ষিত বাধা। চার কিলোমিটার দীর্ঘ সারফেস ড্রেন নির্মাণের পরিকল্পনা থাকলেও বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা ও আইনি জটিলতার কারণে কাজ এগোচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, ড্রেন নির্মাণের জন্য মাটি খনন ও বেইজ ঢালাই করা হলেও সীমানাপ্রাচীর ও কিছু স্থাপনা থাকার কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, মুজাহিদনগরসহ সীমানার আশপাশের কিছু স্থাপনা নিয়ে আইনি জটিলতা রয়েছে। এগুলো অপসারণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের নোটিস দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্থাপনাগুলো সরানো গেলেই সীমানাপ্রাচীরের কাজ দ্রুত শেষ করা যাবে।

অর্থ বরাদ্দ নিয়ে ঠেলাঠেলি

কাজের এই ধীরগতির পেছনে অর্থ বরাদ্দের সংকটকেও একটি বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালকের দাবিÑ পর্যাপ্ত অর্থ না থাকায় সীমানাপ্রাচীর, বিদ্যুৎ ও সাবস্টেশনসহ বেশ কিছু কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ভিন্ন মত পোষণ করেছেন। তিনি জানান, সরকারি ক্রয় বিধিমালা ও নিয়ম অনুযায়ী টেন্ডার ও চুক্তি সম্পন্ন হওয়ার আগে কোনো কাজের জন্য সরাসরি বা অগ্রিম অর্থ বরাদ্দের সুযোগ নেই। সরকারি নিয়ম মেনেই ধাপে ধাপে অর্থ ছাড় করতে হচ্ছে।

প্রশাসনের প্রতিশ্রুতি ও শিক্ষার্থীদের সংশয়

 দীর্ঘ আট বছরের বঞ্চনা ও বারবার ডেডলাইন পেছানোর কারণে সাধারণ শিক্ষার্থীদের মনে তীব্র সংশয় দানা বেঁধেছে। তবে নতুন প্রশাসন দ্রুত কাজ শেষ করার বিষয়ে আশাবাদী। সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্ দীন বলেন, ‘অতীতে নানা জটিলতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে আমি উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ধাপের কাজ শেষ করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি খুব দ্রুতই দ্বিতীয় ধাপের কাজও শুরু করা যাবে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের স্বপ্নের পূর্ণাঙ্গ ক্যাম্পাস বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’

পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশে হাঁপিয়ে ওঠা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী এখন তাকিয়ে আছেন কেরানীগঞ্জের এই বিশাল প্রান্তরের দিকে। ইট-পাথরের ভবনগুলো কবে প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে, কবে তারা একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ক্যাম্পাসের স্বাদ পাবেনÑ সেই উত্তর হয়তো লুকিয়ে আছে প্রকল্প সংশ্লিষ্টদের সদিচ্ছা ও কর্মতৎপরতার মাঝেই। আপাতত ডিসেম্বরের ডেডলাইনের দিকেই তীর্থের কাকের মতো চেয়ে আছেন সবাই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা