টাউন জামে মসজিদ
খুলনা শহরের ব্যস্ত কেডি ঘোষ রোডের পূর্ব প্রান্তে, খুলনা জিলা স্কুলের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছে টাউন জামে মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা শহরের ব্যস্ত কেডি ঘোষ রোডের পূর্ব প্রান্তে, খুলনা জিলা স্কুলের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছে টাউন জামে মসজিদ। ১৮৫৪ সালে নির্মিত মসজিদটি পেরিয়েছে ১৭২ বছর। এই মসজিদ শহরের বিকাশের দীর্ঘ ইতিহাসেরও সাক্ষী। সময়ের সঙ্গে হারিয়েছে পুরনো পুকুর ও ছোট ছোট গম্বুজ; বদলেছে স্থাপত্য ও পরিসর। তবে পুরনো বারান্দা, একটি গম্বুজ ও নতুন ১৩২ ফুট উচ্চতার মিনার এখনও বহন করছে এর ঐতিহাসিক বৈশিষ্ট্য।
খুলনা শহরের ভিত্তি স্থাপিত হয় ১৮৪২ সালে, বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগের প্রথম মহকুমা ও মহকুমা সদর হিসেবে। ২০২৬ সালে শহরটির বয়স ১৮৪ বছর। এর প্রায় এক যুগ পর, ১৮৫৪ সালে নির্মিত হয় টাউন জামে মসজিদ। খুলনা শহরের ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন গ্রন্থে মসজিদটিকে শহরের প্রথম মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, মির্জাপুর মাঠসংলগ্ন এলাকায় সাতক্ষীরার বাঁশদহের কাজী সাহেবদের সম্পত্তি ছিল। সেখানে তারা একটি ছোট পাকা মসজিদ নির্মাণ করেন। পরে কাজী পরিবার দক্ষিণ দিকে সরে মুন্সীপাড়ায় বসতি গড়লেও মসজিদটি থেকে যায়। একপর্যায়ে এটি সর্বসাধারণের মসজিদে পরিণত হয়।
তবে মসজিদের জমি নিয়ে ভিন্ন একটি মতও রয়েছে। সেই মত অনুযায়ী, মুন্সীপাড়ার এক ব্যক্তি মসজিদের জন্য জমি ওয়াকফ করেছিলেন। ছোট একটি ঘর থেকে ধীরে ধীরে ইট, চুন ও সুরকির দেয়াল তুলে মসজিদটির পরিসর বাড়ে। একসময় এখানে আলিয়া মাদ্রাসারও সূচনা হয়েছিল।
সংস্কার ও সম্প্রসারণ
প্রথম দিকে মসজিদটি ছিল একতলা। ইট ও চুন-সুরকির ভবনের চারটি অংশে ছিল ছোট ছোট অসংখ্য গম্বুজ। পাশে ছিল একটি পুকুর। মুসল্লিরা সেই পুকুরের পানি দিয়ে অজু করতেন। সময়ের সঙ্গে পুকুরটি আর মসজিদের আওতায় নেই। তত্ত্বাবধানের অভাবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে মসজিদটি জীর্ণ হয়ে পড়ে। ১৯২৪ সালের দিকে খুলনার বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী মহম্মদ ইউসুপ মিয়ার অনুদানে মসজিদটি সংস্কার করা হয়। পরে ১৯৪০ সালের দিকে মুসল্লির সংখ্যা বেড়ে গেলে পাশের ফাঁকা সরকারি জমি বন্দোবস্ত নিয়ে মসজিদটির সম্প্রসারণ করা হয়। ১৯৮০ থেকে ১৯৮২ সালের দিকে শেষ বড় সংস্কারে মসজিদটি দোতলা করা হয়। তখন পুরনো ছোট ছোট গম্বুজ রাখা সম্ভব হয়নি। তবে একটি পুরনো বারান্দা ও একটি গম্বুজ সংরক্ষণ করা হয়। বর্তমানে প্রায় এক একর জায়গার ওপর দাঁড়িয়ে থাকা মসজিদে একসঙ্গে প্রায় ১ হাজার ২০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
পুরনো স্থাপত্যের পাশে নতুন মিনার
মসজিদের পূর্ব পাশে বিভাগীয় কমিশনারের বাসভবন, পশ্চিম পাশে ডিআইজির বাসভবন এবং সামনে সিভিল সার্জনের বাসভবন। গাছগাছালিতে ঘেরা শান্ত পরিবেশের সামনে রয়েছে মাঝারি আকারের মাঠ। পাশে রয়েছে গোলাকার স্থাপত্যের অজুখানা। পুরনো স্থাপত্যের সঙ্গে নতুন সংযোজন ১৩২ ফুট উচ্চতার মিনার। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও মসজিদ কমিটির সহযোগিতায় নির্মিত এই মিনার খুলনার দ্বিতীয় সর্বোচ্চ। নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা। ব্ল্যাক স্টোন ও টাইলসের তৈরি মিনারটি সন্ধ্যার পর আলোয় সেজে উঠলে বদলে যায় পুরো মসজিদ প্রাঙ্গণের চেহারা।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, সিটি করপোরেশনের সহযোগিতায় ১৩২ ফুট উচ্চতার মিনারটি নির্মাণ করা হয়েছে। এর নির্মাণ ব্যয় ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা। এটি খুলনার দ্বিতীয় সর্বোচ্চ মিনার।