গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে গঠিত ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম বাস্তবায়নে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঋণ পাওয়ার পর প্রথম ছয় মাস সুদ পরিশোধে ছাড় দেওয়া হয়েছে। তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমের তিন বছরের মেয়াদের যেকোনো সময়ে এ সুবিধার জন্য আবেদন করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে সার্কুলার জারি করে। দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো নির্দেশনায় আগের দুটি সার্কুলারের কিছু বিধান সংশোধন ও নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে।
এর আগে গত ৪ জুন ২০ হাজার কোটি টাকার ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ গঠন করে বাংলাদেশ ব্যাংক। পরে ৭ জুলাই এ-সংক্রান্ত আরও একটি সার্কুলার লেটার জারি করা হয়। নতুন নির্দেশনায় ওই স্কিমের কার্যকর বাস্তবায়নের জন্য কয়েকটি শর্তে পরিবর্তন আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগের নীতিমালায় যেখানে ‘বৃহৎ শিল্প’ বলা হয়েছিল, সেখানে এখন শুধু ‘শিল্প’ শব্দটি ব্যবহার করা হবে। ফলে সংশোধিত নীতিমালায় স্কিমের আওতায় শিল্পের পরিসর আগের তুলনায় নির্দিষ্টভাবে ‘বৃহৎ শিল্প’ শব্দে সীমাবদ্ধ থাকছে না। একই সঙ্গে ব্যাংক পর্যায়ে প্রাক-অর্থায়নের সুদের হার ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ হারে সুদ দিতে হবে।
তবে এই সুদ তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে না। প্রাক-অর্থায়ন নেওয়ার ছয় মাস পর থেকে ব্যাংককে সুদ পরিশোধ শুরু করতে হবে। এ ক্ষেত্রে প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও পরিশোধের আওতায় থাকবে। এতে অর্থায়ন পাওয়ার পর শুরুর সময়টিতে ব্যাংকের ওপর সুদ পরিশোধের চাপ কিছুটা পিছিয়ে যাবে।
গ্রাহক পর্যায়েও ছয় মাসের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। স্কিমের আওতায় গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নেওয়া যাবে। ঋণ বিতরণের ছয় মাস পর থেকে গ্রাহকের কাছ থেকে সুদ আদায় শুরু করতে হবে। প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও পরবর্তী সময়ে আদায়ের ব্যবস্থা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় আদায় ও তদারকির বিষয়টিও নির্দিষ্ট করা হয়েছে। প্রাক-অর্থায়ন হিসেবে ব্যাংক যে ঋণ নেবে, তার বিপরীতে গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে সুদ পরিশোধ করতে হবে। অর্থাৎ ছয় মাসের ছাড়ের পর নিয়মিত ব্যবস্থায় সুদ পরিশোধের প্রক্রিয়া শুরু হবে।
আরেকটি পরিবর্তনের মাধ্যমে ঋণের জন্য আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। নতুন সংযোজিত বিধান অনুযায়ী, তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমের পুরো মেয়াদকালে অর্থাৎ তিন বছরের মধ্যে যেকোনো সময়ে প্রাক-অর্থায়নের সুবিধা পেতে আবেদন করা যাবে। ফলে স্কিম চালুর সময়ের মধ্যেই আবেদন করার বাধ্যবাধকতা থাকছে না।
নীতিমালার এসব পরিবর্তনের ফলে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য স্কিমটির অর্থায়ন কাঠামো আরও নির্দিষ্ট হলো। একদিকে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে প্রাক-অর্থায়ন পাবে, অন্যদিকে গ্রাহকের ক্ষেত্রে সুদের সর্বোচ্চ সীমা থাকবে ৭ শতাংশ। একই সঙ্গে উভয় পর্যায়েই ছয় মাস পর সুদ পরিশোধ বা আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। ফলে ২০ হাজার কোটি টাকার এ স্কিমের আওতায় অর্থায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক ও গ্রাহককে এখন থেকে সংশোধিত শর্ত অনুসরণ করতে হবে।
বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য গঠিত এ তহবিলের মূল কাঠামোর সঙ্গে নতুন নির্দেশনাগুলো যুক্ত হওয়ায় অর্থায়নের সুযোগ, সুদের হার এবং আবেদন করার সময়সীমাÑ তিনটি বিষয়ই এখন তুলনামূলকভাবে পরিষ্কার হলো। বিশেষ করে, তিন বছরের মধ্যে যেকোনো সময়ে আবেদনের সুযোগ থাকায় প্রয়োজনের সময় তহবিল পাওয়ার জন্য আবেদন করার পরিসর বাড়ল। তবে অর্থায়নের ক্ষেত্রে তহবিলের প্রাপ্যতা ও নির্ধারিত শর্তই কার্যকর থাকবে।