× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৎস্যভাণ্ডার খ্যাত ইটনার হাওরে ভরা মৌসুমেও মাছের আকাল

মো. শফিকুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ)

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৮ এএম

কিশোরগঞ্জের ইটনার হাওর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ইটনার হাওর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৎস্যভাণ্ডার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ইটনার হাওরে ভরা মৌসুমেও মিলছে না পর্যাপ্ত মাছ। জেলে পল্লিগুলোতে নেই চিরায়ত কর্মব্যস্ততা। মাছের অভাবে হতাশ হয়ে পড়েছেন জেলেরা।

হাওরের নদী, খাল ও প্রাকৃতিক জলাশয়ে মাছের সংকটের কারণে স্থানীয় বাজারেও বেড়েছে চাষের মাছের ওপর নির্ভরতা। এতে নিম্নমধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছের দাম।

হাওরের মানুষ শুকনো মৌসুমে ধান এবং বর্ষায় মাছের ওপর নির্ভরশীল। গত বোরো মৌসুমে অতিবৃষ্টি ও অকাল বন্যায় ইটনার কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। তখন আশা ছিল, বর্ষায় মাছ ধরে ধানের ক্ষতি কিছুটা পুষিয়ে নেবেন। কিন্তু সেই আশাও পূরণ হয়নি। জেলে পল্লিগুলোতে এখন নেমে এসেছে নীরবতা।

স্থানীয়দের ভাষায়, এক সময়ের ‘ধানে-মাছে ভরপুর’ হাওরের চিত্র এখন অতীত। এক যুগ আগেও হাওরের মিঠাপানির গলদা চিংড়ির চাহিদা ছিল বিদেশের বাজারে। এখন সেই চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ হাওরের নদী-নালা থেকে বিলুপ্ত হওয়ার পথে।

ইটনা সদরের জেলে পল্লির বিশ্বজিৎ বর্মন (৪৫) বলেন, “চার-পাঁচ বছর আগেও প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকার মাছ ধরে বিক্রি করতে পারতাম। পরিবারের সদস্যদের নিয়ে ভালই কাটছিল। আগের জাল নৌকা পুরনো হয়ে যাওয়ায় গতবছর ৫ জন মিলে আড়াই লাখ টাকা ঋণ করে জাল ও নৌকার জোগান কিনেছি, পরিবারে ভরণপোষণ আর জোগানের ঋণ পরিশোধ করতে আবার নতুন করে ঋণে জড়িয়ে যাচ্ছি।”

হাওরে মাছ কমে যাওয়ার জন্য তিনি নদী-জলাশয়ে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালের ব্যবহার, অপরিকল্পিত ডুবুবাঁধ এবং আগের মতো পানি না থাকাকে দায়ী করেন।

একই জালের অংশীদার খোকন বর্মন (৫০) জানান, ঋণের টাকা পরিশোধ তো দূরের কথা, পরিবার চালাতেই এ পর্যন্ত ৭৫ হাজার টাকা দেনা হয়েছে। তাই আদি পেশা ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথা ভাবছেন তিনি।

ইটনা সদরের মৎস্যজীবী আজিজুর রহমান (৬০) বলেন, মা মাছের প্রজনন মৌসুমে মুনাফালোভী একটি গোষ্ঠী লোজ জাল (একপ্রকার বিশেষ জালের ফাঁদ) ব্যবহার করে ডিমওয়ালা মাছ ধরে ফেলে। যে কয়টি মা মাছ ডিম ছাড়ার উপযুক্ত স্থানে পৌঁছে ডিম ছাড়ে, সেখানেও নিষিদ্ধ চায়না জাল দিয়ে পোনা ধরে ফেলা হয়। শুষ্ক মৌসুমে বিভিন্ন জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগও রয়েছে।

রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, “বর্তমান সময়ে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের একটি আকৃতি এবং প্রকৃতিগত পরিবর্তন আমরা দেখতে পাই। এর মূল কারণ হচ্ছে অপরিকল্পিত সড়ক ও নানা ধরনের অবকাঠামো নির্মাণ। সঙ্গত কারণেই এতে মাছের অবাধ বিচরণে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।”

“এর সঙ্গে আছে অবৈধ জালের ব্যাপক ব্যবহার, বিশেষ করে চায়না দুয়ারী জালসহ নানা ধরনের ক্ষতিকর জালের ব্যবহার হচ্ছে হাওরে। একই সঙ্গে হাওরের কৃষিতে যে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয় তা একসময় গিয়ে হাওরের পানিতে, নদীর পানিতে মিশে যাওয়ার কারণে বিপুল পরিমাণে পোনা মাছ মারা যায়”, বলেন তিনি

তিনি আরও বলেন, “এছাড়াও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট কারণ তো আছেই। যে কারণে পূর্বের তুলনায় এখন হাওড়ে মাছের পরিমাণ অনেক কমে গিয়েছে।”

ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব দাস বলেন, “হাওরের নদী খালবিলে মাছ কমে যাচ্ছে এটা সত্য, এর জন্য জলবায়ু পরিবর্তনের পাশাপাশি হাওর জুড়ে অপরিকল্পিত ডুবু বাঁধ, নদী ও প্রাকৃতিক জলাশয়গুলোর নাব্যতা হ্রাসের কারণে প্রজনন মৌসুমে জলাশয়ের পানি গরম হয়ে মাছের ডিম নষ্ট হয়ে যায়, এছাড়াও নিষিদ্ধ জালের ব্যবহার এর প্রভাবে মাছ কমে যাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম।”

আগামীতে নিবন্ধিত মৎস্যজীবীদের সরকার ঘোষিত সুবিধার আওতায় নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে, এদেরকে সুবিধার আওতায় আনতে পারলে, মাছের প্রজননের সময় থেকে ৩ মাস পর্যন্ত সময় পাওয়া যাবে, এতে করে হাওরে মাছের অবস্থা আগের জায়গায় যাবে বলে তিনি মনে করেন।

ইটনা উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে নদ-নদী ও প্রাকৃতিক জলাশয়ে মাছ উৎপাদন হয়েছে ৯ হাজার ১৪ দশমিক ৮৯ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮২ দশমিক ৯৮ এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৪ হাজার ৫৩৬ দশমিক ৩২ মেট্রিক টনে। একই সময়ে উন্মুক্ত জলাশয়ে সরকারিভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে যথাক্রমে ০ দশমিক ৪৭৫, ০ দশমিক ৫৫ ও ১ দশমিক ০৯ মেট্রিক টন।

তবে স্থানীয় আড়তদারদের তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতার পার্থক্য রয়েছে। ঢাকার যাত্রাবাড়ী আড়তে মাছ সরবরাহকারী নিখিল বর্মন (৬০) ও গোপেশ বর্মন (৩৫) জানান, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তারা প্রায় ১১ কোটি টাকার মাছ সরবরাহ করেছেন। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরবরাহ করেছেন প্রায় ৩ কোটি টাকার মাছ। অথচ আগস্ট থেকে অক্টোবর পর্যন্তই সারাবছরের প্রায় অর্ধেক মাছ সরবরাহ হওয়ার কথা।

তাদের দাবি, সারেং (গলদা) চিংড়ি, ডিমা চিংড়ি, কাজলি, রুই, বাতাসি, বাছা, রিটা ও আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ আগের তুলনায় ২৫ শতাংশও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি এ বছর প্রজাতিভেদে প্রতি কেজি মাছের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।

মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নিষিদ্ধ জালের ব্যবহার, অপরিকল্পিত অবকাঠামো, ডুবুবাঁধ, জলাশয়ের নাব্যতা কমে যাওয়া, কৃষিতে অতিরিক্ত কীটনাশক এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে হাওরের মৎস্যসম্পদ সংকটে পড়েছে।

এ অবস্থায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে কঠোর নজরদারি এবং জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি বলেও মনে করছেন তারা।

মৎস্যসম্পদের সংকট শুধু জেলেদের জীবিকাকেই হুমকির মুখে ফেলছে না; এর প্রভাব পড়ছে হাওরের জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতিতেও। সংশ্লিষ্টদের মতে, এখনই কার্যকর উদ্যোগ না নিলে মৎস্যভাণ্ডার হিসেবে পরিচিত ইটনার হাওরের ঐতিহ্য আরও সংকুচিত হয়ে পড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা