× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ কোটি টাকার কসাইখানায় ঝুলছে তালা, মেশিনে মরিচা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫ এএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ০৯:৪৬ এএম

জেলা কসাইখানা, ঝিনাইদহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলা কসাইখানা, ঝিনাইদহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ পৌর এলাকায় ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক কসাইখানাটি উদ্বোধনের পর থেকেই বন্ধ রয়েছে।

কসাইদের অনাগ্রহ ও দক্ষ জনবলের অভাবে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি চালু করা যাচ্ছে না। ফলে কোটি টাকা মূল্যের আধুনিক মেশিনপত্র অব্যবহৃত পড়ে থেকে মরিচা ধরছে।

কসাইখানাটি বন্ধ থাকলেও বিদ্যুৎ সংযোগ সচল রাখতে প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা বিল পরিশোধ করতে হচ্ছে পৌরসভাকে।

পৌরসভার প্রকৌশলী রাশেদ আলী খান জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের (এলডিডিপি) আওতায় আধুনিক কসাইখানাটি নির্মাণ করা হয়।

২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি ও ঝিনাইদহ পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ৬ আগস্ট নির্মাণকাজ শুরু হয় বলেও জানান তিনি।

তিনি আরও জানান, দীর্ঘ আড়াই বছর পর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কসাইখানাটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। পরে ১৭ জুন শহরের পবহাটী কলার হাট এলাকায় ৪৯ শতক জমির ওপর নির্মিত কসাইখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের কসাইখানাটিতে গরু ও ছাগল জবাইয়ের জন্য রয়েছে দুটি পৃথক স্বয়ংক্রিয় স্লটার লাইন। এগুলোতে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল স্বাস্থ্যসম্মতভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব।

তবে উদ্বোধনের পর থেকে কসাইদের অনাগ্রহের কারণে কসাইখানাটি চালু করা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। মূল ফটকে ঝুলছে তালা। ভেতরে পড়ে থাকা আমদানি করা স্বয়ংক্রিয় মেশিনগুলোতে এরই মধ্যে মরিচা ধরতে শুরু করেছে।

আধুনিক এসব মেশিন পরিচালনার জন্য বহু চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান।

তিনি জানান, এ জন্য রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি পর্যন্ত গঠন করা হয়েছে। এরপরও চালু করা যাচ্ছে না। তবে কসাইখানায় দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন। বর্তমানে এজন্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মাংস ব্যবসায়ীদের অভিযোগ, স্বয়ংক্রিয় মেশিনে চামড়া ছাড়ানোর সময় চামড়ার সঙ্গে অতিরিক্ত মাংস চলে যাচ্ছে। এতে তাদের লোকসান হচ্ছে।

পাশাপাশি কসাইখানাটি শহরের প্রধান মাংস বাজার থেকে দূরে হওয়ায় সেখানেও যেতে আগ্রহী নন তারা।

শহরের নতুন হাটখোলা বাজারের মাংস ব্যবসায়ী মোস্তাক মিয়া বলেন, “পবহাটী কলার হাট এলাকাটা শহরের প্রধান মাংস বাজার থেকে অনেক দূরে। ভোর ৪টার সময় গরু ছাগল নিয়ে এত দূরে যাওয়া আমাদের জন্য কষ্টকর।”

আধুনিক স্লটার হাউসে গরু প্রতি জবাইয়ের ফির পরিমাণও অনেক বেশি বলে উল্লেখ করে তিন বলেন, “বেশি টাকা দিয়ে আমাদের পোষাবে না।”

তবে এ অভিযোগ নাকচ করে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, “মাংস বেশি চলে যাচ্ছে এটা ঠিক নয়। আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে চামড়া ছাড়ানো হচ্ছে। প্রথম দিকে একটু সমস্যা মনে হলেও এটাই আন্তর্জাতিক মানের পদ্ধতি। ব্যবসায়ীদের এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”

ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় বলেন, “কসাইখানাটি অত্যন্ত আধুনিক মানের। এটি পরিচালনার জন্য দক্ষ অপারেটর প্রয়োজন। তাই আমরা দক্ষ জনবল তৈরির চেষ্টা করছি। বিদ্যুৎ সংযোগ সচল রাখতে এবং মেশিনগুলো ভালো রাখতে আমরা প্রতিনিয়ত বিদ্যুৎ বিল দিচ্ছি।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুজ্জামান বলেন, স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনের জন্য কসাইখানাটি খুবই গুরুত্বপূর্ণ। এটি সম্পূর্ণভাবে চালু হলে ঝিনাইদহবাসী নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস পাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা