লোগো: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসন নিয়ে বিএনপির প্রতিশ্রুতির কেন্দ্রে ছিল মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বিএনপি এগোতে পারছে কি না, সরকার গঠনের ছয় মাসের মাথাতেই তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিতর্কিত অভিযোগে শাস্তি পাওয়া বা তদন্তাধীন কর্মকর্তাদের পদোন্নতি, শীর্ষ প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ, রাষ্ট্রীয় সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ পদে ক্ষমতাসীন দলের নেতাদের নিয়োগ এবং সরকারি চাকরির পরীক্ষায় লিখিতের তুলনায় মৌখিক পরীক্ষার গুরুত্ব বাড়ানোর উদ্যোগÑ ইতোমধ্যেই সংঘটিত এসব ঘটনায় বিএনপির মেধাভিত্তিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনের অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হতে চলেছে।
এদিকে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং বেসরকারি চাকরির বিধিমালার মতো দীর্ঘমেয়াদি কাঠামোগত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে এখনও দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির এ খাতে দেওয়া আটটি প্রতিশ্রুতির মধ্যে একটি ক্ষেত্রে স্পষ্ট উদ্যোগ, চারটির ক্ষেত্রে প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক পদক্ষেপ হওয়ার অভিযোগ এবং তিনটির ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতির অনুপস্থিতি দেখা যাচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে যে প্রশাসনের কথা বলা হয়েছিল, সরকার বাস্তবে সে প্রশাসন নির্মাণের দিকে যথাযথভাবে এগোতে পারছে না।
প্রশ্ন পদোন্নতিতে
বিএনপির প্রথম প্রতিশ্রুতির শিরোনাম ছিল ‘মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা’। সরকারি ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে প্রধান বিবেচনা করার অঙ্গীকার ছিল ইশতেহারে। কিন্তু সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ৯ জুলাই উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। তাদের কয়েকজনের বিরুদ্ধে সরকারি তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছিল। কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তালিকায় এমন একজন কর্মকর্তাও ছিলেন, যাকে আগে অবসরে পাঠানো হয়েছিল। আরেক কর্মকর্তার অসদাচরণের কারণে তিন বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছিল। তিনিও পেয়েছেন যুগ্ম সচিবের পদোন্নতি। আরেক কর্মকর্তা নীলফামারীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) থাকার সময় বালুমহাল সংক্রান্ত ঘটনায় এক বছরের জন্য বেতন স্কেলের সর্বনিম্ন ধাপে অবনমিত হয়েছিলেন। তিনিও হয়েছেন যুগ্ম সচিব। কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে ২৮ মে সাময়িক বরখাস্ত হওয়া একজন উপ-সচিবকেও পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার তদন্ত এখনও চলমান।
এসব ঘটনায় প্রশ্ন উঠছেÑ যোগ্যতা, দক্ষতা ও সততাই যদি পদোন্নতির প্রধান মাপকাঠি হয়, তাহলে গুরুতর অভিযোগ বা শাস্তির ইতিহাস থাকা কর্মকর্তারা কীভাবে একই প্রক্রিয়ায় পদোন্নতি পেলেন?
চুক্তিভিত্তিক নিয়োগ, বাড়ছে রাজনৈতিক প্রশ্ন
শুধু পদোন্নতি নয়, শীর্ষ প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। বর্তমানে সচিব পদমর্যাদায় প্রায় ৮০ কর্মকর্তা রয়েছেন। তাদের এক-চতুর্থাংশই চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে রয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। বিএনপির সঙ্গে অতীতে কাজ করা মো. শামসুল আলমকেও ইসিতে অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, দলীয় পরিচয় বা রাজনৈতিক আনুগত্য প্রশাসনিক নিয়োগ ও পদায়নে প্রভাব ফেলছে কি না এবং এ ধরনের প্রভাবের মুখে নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি পূরণ আদৌ হবে কি না।
নিয়োগের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার
বিএনপির দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ। কিন্তু সরকার এখন যে উদ্যোগটি নিয়েছে, তা নিয়োগের সংখ্যা বাড়ানোর চেয়ে নিয়োগ পরীক্ষার কাঠামো পরিবর্তন নিয়েই বেশি আলোচিত হচ্ছে। সরকারি চাকরিতে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। ১১ ও ১২তম গ্রেডে লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের বিপরীতে মৌখিক পরীক্ষায় ৫০ নম্বর, ১৩ থেকে ১৬তম গ্রেডে লিখিতে ৬০ ও মৌখিকে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে লিখিত ও মৌখিকÑ দুই পরীক্ষায় ২৫ নম্বর করে রাখার প্রস্তাব রয়েছে। কিন্তু নিয়োগ পরীক্ষায় লিখিতের তুলনায় মৌখিকের ওজন বাড়লে স্বচ্ছতা কতটা নিশ্চিত হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও এর প্রতিবাদ হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় যাওয়ার আগে বিসিএসের মৌখিক পরীক্ষার ২০০ নম্বর কমিয়ে ৫০ বা ১০০ করার পক্ষে মত দিয়েছিলেন। তার যুক্তি ছিল, এতে দুর্নীতির সুযোগ কমবে। কার্যত দেখা যাচ্ছে, সরকারের বর্তমান প্রস্তাবের সঙ্গে সেই অবস্থানের দূরত্ব রয়েছে।
পিএসসির নিয়োগে নতুন কমিটি, হস্তক্ষেপের প্রশ্ন
নিয়োগব্যবস্থা নিয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্নগুলোর একটি উঠেছে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ ঘিরে। শূন্য পদে নিয়োগ ত্বরান্বিত করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারিকে প্রধান করে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির অন্য সদস্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জনপ্রশাসন সচিব। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যে নিয়োগপ্রক্রিয়ায় গতি আনার কথা বলা হচ্ছে, সেটি নতুন কোনো নিয়োগপ্রক্রিয়া নয়। সংশ্লিষ্ট পদে পরীক্ষা ও সুপারিশের দায়িত্ব ইতোমধ্যে পিএসসির মাধ্যমে এগিয়েছে। তা হলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যখন নিয়োগপ্রক্রিয়া পরিচালনা করছে, তখন সেই প্রক্রিয়ায় গতি আনতে নির্বাহী বিভাগের আলাদা উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রয়োজন হলো কেন? আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কমিটিতে নিয়োগকারী মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি নেই; পিএসসিরও কোনো প্রতিনিধি নেই। ফলে প্রশ্নটি কেবল কমিটি গঠন পর্যন্ত সীমাবদ্ধ থাকছে না। নিয়োগকারী কর্তৃপক্ষ কৃষি মন্ত্রণালয়, পরীক্ষা নিচ্ছে পিএসসিÑ অথচ নিয়োগ ত্বরান্বিত করার কমিটিতে এই দুই পক্ষের কেউই থাকছে না!
তথ্য উন্মুক্ত হওয়ার বদলে কর্মকর্তাদের তথ্যই আড়ালে
বিএনপির পঞ্চম প্রতিশ্রুতি ছিল নিয়োগ সংস্কার, সংবিধানসম্মত সিভিল সার্ভিস আইন এবং সর্বস্তরে ই-গভর্ন্যান্সের মাধ্যমে জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা। কিন্তু জনপ্রশাসনের কর্মকর্তাদের তথ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আগে প্রশাসন ক্যাডারের ছয় হাজারের বেশি কর্মকর্তার তথ্য পাওয়া যেত। সেখানে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা এবং ওএসডি কর্মকর্তাদের তথ্যও ছিল। এখন সেই তথ্য আর আগের মতো উন্মুক্ত নেই।
সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আনোয়ার ফারুকের মতে, কর্মকর্তাদের তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া জনগণের তথ্য জানার অধিকারকে খর্ব করে এবং তথ্য অধিকার আইনের সঙ্গেও সাংঘর্ষিক।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় নেতা
বিএনপির অষ্টম প্রতিশ্রুতি ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পেশাদারত্ব বাড়ানো এবং রাজনৈতিক দলীয়করণ বন্ধ করা। প্রশাসন, পুলিশ ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়Ñ সততা, দক্ষতা, মেধা, যোগ্যতা, দেশপ্রেম ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপির নেতাদের নিয়োগের ঘটনা সামনে এসেছে। গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় ১২টি সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে ১২ বিএনপি নেতাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয়। এর আগে ১০ জুন আটটি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও বিএনপি নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক দলীয়করণ বন্ধের প্রতিশ্রুতি নিয়েও সংশয় দেখা দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অবশ্য দলীয় বিবেচনায় নিয়োগের সমালোচনা নাকচ করে দিয়ে বলেছেন, ‘পৃথিবীর কোন দেশে দলীয় নিয়োগ নেই?’ তবে বিতর্কের মূল জায়গাটি অন্যখানেÑ নির্বাচনের আগে দলীয়করণ বন্ধ করে যোগ্যতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল; ক্ষমতায় এসে সেই নীতির ব্যতিক্রম কতটা গ্রহণযোগ্য?’
গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি এখনও আলোচনার বাইরে
আট প্রতিশ্রুতির চারটির ক্ষেত্রে প্রতিশ্রুতির বিপরীতমুখী পদক্ষেপের অভিযোগ উঠেছে। আরও তিনটির ক্ষেত্রে এখনও কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। চতুর্থ প্রতিশ্রুতি ছিল প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। নির্বাচনের আগে বিএনপি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার করার কথা বলা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেই কমিশন গঠনের দৃশ্যমান উদ্যোগ নেই। ষষ্ঠ প্রতিশ্রুতি ছিল শক্তিশালী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের জন্য কার্যকর নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে পিএসসিকে পুনর্গঠন। সেখানেও দৃশ্যমান অগ্রগতি নেই। সপ্তম প্রতিশ্রুতি ছিল বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য চাকরির বিধিমালা প্রণয়ন। এই ক্ষেত্রেও কোনো দৃশ্যমান উদ্যোগের তথ্য পাওয়া যাচ্ছে না।
‘ইশতেহার অলিখিত চুক্তি’
নির্বাচনী ইশতেহারকে ভোটারদের সঙ্গে রাজনৈতিক দলের এক ধরনের প্রতিশ্রুতিপত্র হিসেবে দেখেন জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার। তার ভাষায়, ‘রাজনৈতিক দলগুলো ইশতেহারের ভিত্তিতে ভোট চায়। এটি এক ধরনের অলিখিত চুক্তি। ফলে প্রতিশ্রুতি ভঙ্গ করা কার্যত সেই চুক্তি ভঙ্গের মতো।’
সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আওয়াল মজুমদারের মূল্যায়ন আরও সরাসরি। তার মতে, ‘রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেগুলো ভুলে যায়। অতীতেও কথার সঙ্গে কাজের মিল ছিল না, এখনও একই চিত্র দেখা যাচ্ছে। এই দুই বক্তব্যের মধ্যেই বর্তমান বিতর্কের মূল প্রশ্নটি ধরা পড়েÑ ইশতেহার কি কেবল নির্বাচনী প্রচারের দলিল, নাকি ক্ষমতায় যাওয়ার পর সরকারের জন্য একটি নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতার কাঠামো?
প্রশাসন নিয়ন্ত্রণের রাজনীতি বনাম সংস্কারের প্রতিশ্রুতি
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক মন্ত্রিপরিষদ সচিব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। এজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকজনকে বসানো হচ্ছে। তার ভাষায়, সরকার পুরো ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
আর প্রশাসনিক সংস্কার কমিশন, শক্তিশালী পিএসসি ও বেসরকারি চাকরির বিধিমালার মতো কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতিগুলো এখনও বাস্তবায়নের অপেক্ষায়। তাই সরকারের জনপ্রশাসন নীতির সবচেয়ে বড় প্রশ্নটি এখন দাঁড়াচ্ছেÑ সরকার কি প্রতিশ্রুত প্রশাসন সংস্কারের পথে হাঁটছে, নাকি প্রথমে প্রশাসনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকেই অগ্রাধিকার দিচ্ছে?
আট প্রতিশ্রুতির ছয় মাসের হিসাব
বিএনপির ইশতেহারের আটটি নির্বাচনী প্রতিশ্রুতিকে সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে দেখলে তিনটি প্রবণতা স্পষ্ট। প্রথমত, মেধাভিত্তিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতির বিপরীতে পদোন্নতি ও নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতির বিপরীতে লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ এবং চলমান পিএসসি নিয়োগে ‘গতি আনার’ নামে উচ্চপর্যায়ের কমিটি গঠনের মতো পদক্ষেপ বিতর্ক তৈরি করেছে। তৃতীয়ত, প্রশাসনিক সংস্কারের দীর্ঘমেয়াদি কাঠামোগত উদ্যোগগুলো এখনও দৃশ্যমান নয়। ফলে আট প্রতিশ্রুতির মধ্যে একটির ক্ষেত্রে উদ্যোগ, চারটির ক্ষেত্রে প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড এবং তিনটির ক্ষেত্রে দৃশ্যমান উদ্যোগের অনুপস্থিতিÑ সরকারের জনপ্রশাসন নীতির একটি প্রশ্নবিদ্ধ চিত্র তুলে ধরছে।