ফসিহ উদ্দীন মাহতাব ও মাশরুর মুর্শেদ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৭ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ভোরে আর আগের মতো কারখানার সাইরেন শোনা যায় না। শ্রমিকের দলও ছুটে যায় না খুলনার শিল্পাঞ্চলের পথে। কোথাও কারখানার ফটকে মরচে, কোথাও নীরব শ্রমিক কলোনি। অথচ একসময় শিল্পের কর্মব্যস্ততায় শুরু হতো এই শহরের সকাল। এখন রাত নামলে নগরজীবনে যোগ হচ্ছে গুলির শব্দের আতঙ্ক। গত কয়েক মাসে খুলনায় হত্যাকাণ্ড, মাদক নিয়ে বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতার খবর সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, এসব ঘটনার অনেকগুলোর নেপথ্যে রয়েছে মাদক ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ।
নাগরিক সমাজের প্রশ্ন, শুধু অভিযান ও গ্রেপ্তার দিয়ে কি এই সংকটের সমাধান সম্ভব? কারণ খুলনার সংকট শুধু আইনশৃঙ্খলার নয়; এর সঙ্গে জড়িয়ে আছে শিল্পের পতন, কর্মসংস্থানের সংকট, সামাজিক নিয়ন্ত্রণের দুর্বলতা এবং তরুণদের একাংশের অপরাধে জড়িয়ে পড়ার বাস্তবতা। একসময় যে শহরের পরিচয় ছিল শিল্প, সেই খুলনাতেই এখন মাদক, আধিপত্য, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও জননিরাপত্তার সংকট নতুন এক বাস্তবতা হয়ে উঠছে।
একসময় যে নগরীর পরিচয় ছিল শিল্প
খুলনা শুধু একটি শহরের নাম নয়; দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাস, নদী, শিল্প ও সংস্কৃতির দীর্ঘ স্মৃতির অংশ। ভৈরব ও রূপসার তীরে গড়ে ওঠা এই নগরী একসময় দেশের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র ছিল। পাটকল, নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড ও টেক্সটাইল মিল, কেবল ও ম্যাচ কারখানা, শিপইয়ার্ড ও ডকইয়ার্ড ঘিরে তৈরি হয়েছিল বিপুল কর্মসংস্থান। ১৯৫৪ থেকে ১৯৭১ সালের মধ্যে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, পিপলস, দৌলতপুর, অ্যাজাক্স, সোনালী ও মহসিন পাটকল উল্লেখযোগ্য। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত খুলনা নিউজপ্রিন্ট মিল ও খুলনা শিপইয়ার্ড নগরীর শিল্পপরিচয়কে আরও শক্তিশালী করে। কারখানা ঘিরে শুধু শ্রমের বাজার নয়, গড়ে উঠেছিল একটি পূর্ণাঙ্গ নগরজীবন। শ্রমিক কলোনি, বাজার, দোকানপাট, পরিবহন, স্কুল ও চিকিৎসাকেন্দ্রÑ সবই শিল্পের সঙ্গে বেড়ে উঠেছিল। কিন্তু কালক্রমে থেমে যেতে শুরু করে শিল্পের সেই সাইরেন। লোকসান, অব্যবস্থাপনা, প্রযুক্তিগত পশ্চাৎপদতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক বাজারের পরিবর্তনে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান পড়ে সংকটের মুখে।
২০২০ সালের ১ জুলাই সরকার বাংলাদেশ জুট মিলস করপোরেশনের আওতাধীন ২৫টি পাটকল বন্ধ করে। এর আগে ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী শ্রমিককে স্বেচ্ছা অবসর বা গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হয়। কারখানার গেট বন্ধ হওয়ার সঙ্গে শুধু শ্রমিকের চাকরিই যায়নি; ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট দোকান, পরিবহন, খাবারের ব্যবসা, ভাড়াবাড়িসহ শিল্প ঘিরে গড়ে ওঠা স্থানীয় অর্থনীতি। একটি শিল্পকারখানা যখন বন্ধ হয়, তখন শুধু কারখানার গেটই বন্ধ হয় না; সংকুচিত হয় আয়, বাজার ও জীবিকার পথ।
সেই শূন্যতায় জায়গা নিয়েছে মাদকের বাজার
কর্মসংস্থানের বিকল্প পথ যথেষ্ট তৈরি না হলে অর্থনৈতিক শূন্যতার সামাজিক অভিঘাতও তৈরি হয়। খুলনায় সেই শূন্যতার একটি অংশ মাদক ও অপরাধচক্র দখল করেছেÑ এমন অভিযোগ স্থানীয় বাসিন্দা, নাগরিক সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, নগরীর ৩১টি ওয়ার্ডে ১১৭টি মাদক বিক্রির স্পট চিহ্নিত হয়েছে। এসব স্পটের সঙ্গে ২৭২ জন মাদক ব্যবসায়ী জড়িত বলে শনাক্ত করা হয়েছে। তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সীমান্তবর্তী যশোর ও সাতক্ষীরা থেকে সড়ক ও রেলপথে ফেনসিডিল ও ইয়াবা নগরীতে ঢোকে। বেনাপোল থেকে আসা কমিউটার ট্রেনেও মাদক আনা-নেওয়ার অভিযোগ রয়েছে। চলতি বছরের শুরু থেকে জেলা ও মহানগরে মাদক উদ্ধারে ৬৩৯টি অভিযান চালানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে ৮১টি মামলায় ১৭৫ জনকে আসামি করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে হয়েছে আরও ১০৩টি মামলা। এসব অভিযানে ১৭ কেজি গাঁজা, ১৭ হাজার ২২৬টি ইয়াবা, ১৩ বোতল ওয়াইন ও ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, লোকবল সংকটের মধ্যেও নিয়মিত অভিযান চলছে। তার ভাষ্য, আসামি গ্রেপ্তারের পর আইনি দুর্বলতায় অনেকে দ্রুত জামিন পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে।
মাদক থেকে আধিপত্য, আধিপত্য থেকে খুন
মাদক শুধু নেশার পণ্য নয়; এটি অর্থেরও বাজার। সেই বাজার নিয়ন্ত্রণে জড়িয়ে থাকে অর্থ, প্রভাব ও এলাকার ওপর কর্তৃত্ব। আর সেখানেই তৈরি হয় অস্ত্র ও হত্যার যোগসূত্র। গত ১৯ আগস্ট লবণচরা থানার হরিণটানা-আশিবিঘা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে মঞ্জুরুল ইসলাম ও নাজমুল নামের দুই যুবক নিহত হন। র্যাবের ভাষ্য, মাদক কারবার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড। পরে গোপালগঞ্জের মাঝিগাতী বাজার এলাকা থেকে আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে র্যাব। আরও একজনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের তথ্যও দেওয়া হয়। জোড়া হত্যাকাণ্ডটি খুলনার বর্তমান অপরাধচিত্রের একটি দিক স্পষ্ট করেÑ মাদক, অর্থ, আধিপত্য, অস্ত্র ও প্রতিশোধ এখানে পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত।
আগস্ট জুড়ে সহিংসতার ছায়া
১৯ আগস্টের ঘটনার বাইরেও আগস্টে খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। ১৮ আগস্ট আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় রাজু শিকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ১৫ আগস্ট রূপসার আইচগাতী ইউনিয়নের দুর্জনিমহল এলাকায় জয়ঢালি নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ ওঠে।
১১ আগস্ট রূপসার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের একটি ইটভাটায় ফখরুল শেখ নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ছাড়া দৌলতপুরের একটি মাছের ঘের থেকে মনিরুল ইসলাম রনি এবং বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বটিয়াঘাটা বাজারসংলগ্ন নদী থেকেও এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
জানতে চাইলে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এমএম শাকিলুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শহরের অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিষয় রয়েছে। তার ভাষ্য, হত্যাকাণ্ডে জড়িতদের বেশিরভাগকে গ্রেপ্তার করা হয়েছে এবং অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চলছে।
কেএমপির হিসাবে চলতি বছরের প্রথম ৭ মাস ২০ দিনে মহানগরীতে ২৪টি হত্যাকাণ্ড ঘটেছে। এসব হত্যাকাণ্ডের পেছনে মাদক ও আধিপত্যের পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ, ইজিবাইক চুরি এবং চোর সন্দেহে গণপিটুনির মতো কারণও রয়েছে।
নতুন আতঙ্ক কিশোর গ্যাং
খুলনার অপরাধচিত্রে আরেকটি উদ্বেগের নাম কিশোর গ্যাং। বিভিন্ন এলাকায় কিশোর ও তরুণদের ছোট ছোট দল গড়ে ওঠার অভিযোগ রয়েছে। সামাজিক মাধ্যমে অস্ত্র প্রদর্শন, মোটরসাইকেল মহড়া, ইভটিজিং, মাদক বহন, ছিনতাই ও চাঁদাবাজিতে তাদের ব্যবহারের অভিযোগও রয়েছে।
আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপদ
অপরাধ বাড়লে মানুষের ক্ষোভও বাড়ে। কিন্তু সেই ক্ষোভ যখন গণপিটুনি বা বাড়িঘরে হামলায় রূপ নেয়, তখন সংকট আরও গভীর হয়। গত ৪ সেপ্টেম্বর খুলনা সদর থানার বিকে মেইন রোড এলাকায় মাদক সেবন ও বেচাকেনার অভিযোগে ক্ষুব্ধ জনতা কথিত মাদক কারবারিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ কয়েকজনকে আটক করে।
অভিযান আছে, কিন্তু স্থায়ী সমাধান নেই
খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নেইÑ এ কথা বলা যাবে না। র্যাব-৬ এর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে প্রায় ৫৭০টি অভিযান চালিয়ে ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও মাদকও উদ্ধার করা হয়েছে। তারপরও অপরাধের পুনরাবৃত্তি অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদারের মতে, জামিনে মুক্ত হয়ে অনেক সন্ত্রাসী আবার বেপরোয়া হয়ে উঠছে। তার মতে, প্রতিটি এলাকায় পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি এবং তদন্ত শেষে শক্তিশালী চার্জশিট নিশ্চিত করা জরুরি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সামিউল হকের মতে, খুলনায় খুন ধীরে ধীরে স্বাভাবিক ঘটনায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করেছে। নৈতিক অবক্ষয়, কিশোর গ্যাং, মাদক, স্থানীয় আধিপত্যের লড়াই, ব্যক্তিগত ও পারিবারিক শত্রুতা এবং পেশাদার অপরাধীদের সক্রিয়তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
সাইরেনের শহর আবার কি জেগে উঠবে?
খুলনার ইতিহাসে অন্ধকার যেমন আছে, তেমনি আছে ঘুরে দাঁড়ানোর শক্তিও। এই জনপদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বিজ্ঞানচর্চা, শ্রমিকের ঘামে গড়া শিল্প, নদী ও বন্দরের বাণিজ্য, বাউল-মারফতি সংস্কৃতি এবং সুন্দরবনঘেঁষা জীবনকে ধারণ করে আছে। শিল্পের পতনে তৈরি অর্থনৈতিক শূন্যতা কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উদ্যোগ দিয়ে পূরণ করা না গেলে সেখানে অপরাধী অর্থনীতি জায়গা করে নেবেÑ এটাই বড় আশঙ্কা।
মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান নয়; সরবরাহের পথ বন্ধ, অপরাধের অর্থনৈতিক নেটওয়ার্ক ভাঙা, দ্রুত ও কার্যকর বিচার, কিশোরদের জন্য ইতিবাচক সামাজিক পরিসর তৈরি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত আইন প্রয়োগÑ সবই একসঙ্গে নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজন কর্মসংস্থান, তরুণদের জন্য নিরাপদ সামাজিক পরিসর, মাদকাসক্তদের পুনর্বাসন, দ্রুত বিচার এবং অপরাধীদের রাজনৈতিক বা প্রভাবশালী আশ্রয় বন্ধ করা। কারণ একটি শহরকে শুধু পুলিশ দিয়ে নিরাপদ রাখা যায় না; নিরাপদ শহর গড়ে ওঠে কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক আস্থা ও আইনের সমান প্রয়োগে। খুলনা একসময় তার শিল্পের জন্য পরিচিত ছিল। সেই পরিচয় কতটা ফিরে আসবে, তার উত্তর দেবে ভবিষ্যৎ।