× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলার গ্যাসে হেলা, সুফল মিলছে না সিদ্ধান্তহীনতায়

দীপক দেব

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৭ এএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ এএম

দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হলেও ভোলায় মজুদ গ্যাস নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। ছবি: বাসস

দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হলেও ভোলায় মজুদ গ্যাস নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। ছবি: বাসস

দেশের জ্বালানি তথা গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে সরকার নানা পরিকল্পনা নিচ্ছে। বিশেষ করে জোর দেওয়া হচ্ছে গ্যাসের দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর। পাশাপাশি বসানো হচ্ছে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)।

সরবরাহ ঠিক রাখতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি অর্থ ব্যয় করে এলএনজি আমদানি করা হচ্ছে। তবে দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হলেও ভোলায় মজুদ গ্যাস নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না সরকার।

গত পাঁচ বছর ধরে নানা ধরনের আলোচনা হচ্ছে দ্বীপ জেলা ভোলার গ্যাস নিয়ে। যদিও সুনির্দিষ্ট সিদ্ধান্তের কারণে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এমনকি দুটি পাইপলাইন (বরিশাল টু ঢাকা ও বরিশাল টু খুলনা) স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হয়নি। যে কাজটি একসময় এক কার্গো এলএনজির সমপরিমাণ অর্থের তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে করা সম্ভব ছিল, সেটা বর্তমানে করতে গেলে খরচ হবে তিন থেকে চার হাজার কোটি টাকা।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, দুই হাজার কোটি টাকার মতো অর্থ ব্যয় করে পাইপলাইন না করে ১২ হাজার কোটি টাকায় এফএসআরইউ বসানো হচ্ছে কেন?

দ্বীপ জেলা ভোলায় গ্যাস আবিষ্কার হয় নব্বইয়ের দশকে। বর্তমানে সেখানে তিনটি গ্যাসক্ষেত্র রয়েছেÑ শাহবাজপুর, ভোলা নর্থ এবং সুন্দরপুর। এসব ক্ষেত্রে সম্ভাব্য মজুদের পরিমাণ আনুমানিক ২ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। যার মধ্যে প্রায় ১ দশমিক ২ টিসিএফ উত্তোলনযোগ্য হতে পারে। বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যেসব কূপ উৎপাদনে রয়েছে, সেসব থেকে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে। অথচ বর্তমানে বাপেক্স তুলছে ৭৪ মিলিয়ন ঘনফুট গ্যাস। 

ভোলায় গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন করে আরও ১০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। চীনা একটি কোম্পানি পাঁচটি কূপ এবং বাপেক্স নিজে পাঁচটি কূপ খনন করবে। এমন প্রেক্ষাপটে ভোলার গ্যাস নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, ভোলার গ্যাস সেখানকার শিল্প, বিদ্যুৎ ও সার কারখানার কাজে ব্যবহারের পাশাপাশি মূল ভূখণ্ডেও আনা হবে। পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে এই গ্যাস আনতে সাত বছর সময় প্রয়োজন হবে বলেও জানান প্রধানমন্ত্রী। 

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, ‘বাপেক্স বর্তমানে যে পরিমাণ গ্যাস সরবরাহ করছে, পাইপলাইন করা গেলে তা দ্বিগুণ হয়ে যাবে।’ তিনি জানান, গত পাঁচ বছর ধরে ভোলার গ্যাস নিয়ে আলোচনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। কেবলমাত্র পাইপলাইন বসিয়ে এই গ্যাস জাতীয় গ্রিডে আনা সম্ভব হলেই এর সুফল পুরোপুরি পাওয়া যাবে। বর্তমানে এক কার্গো এলএনজি কিনতে খরচ হচ্ছে ১৮০০ কোটি টাকা। সেখানে মাত্র দুই থেকে তিন হাজার কোটি টাকার জন্য পাইপলাইন বসানো হচ্ছে না। 

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছর থেকে শুরু করে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বিগত আট বছরে তরলীকৃত গ্যাস (এলএনজি) আমদানিতে ব্যয় হয়েছে ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা। এ সময় গ্যাস খাতে সরকারকে আরও ভর্তুকি দিতে হয়েছে ৪৮ হাজার কোটি টাকা। এর পরও দেশে গ্যাসের সংকট কমানো যায়নি। গ্যাসের দাম বাড়িয়ে, গ্যাস অনুসন্ধানে গঠিত তহবিলের অর্থ খরচ করে এলএনজি আমদানি করা হয়েছে। বর্তমানে পেট্রোবাংলা বৈদেশিক ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে এলএনজি কিনছে। অথচ ভোলায় গ্যাস পাইপলাইন নির্মাণ করা গেলে এলএনজি আমদানিতে ব্যয় হওয়া অর্থের বড় একটি অংশ সাশ্রয় করা যেত। সেই সঙ্গে আমদানি-নির্ভরতাও কমত। ফলে বাড়ত দেশের জ্বালানি নিরাপত্তা। 

৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয় প্রকল্প

ভোলার গ্যাস ব্যবহারে ২০১৮ সালে পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের তৎপরতা শুরু হয়। পরিকল্পনা করা হয় ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত ১০২ কিলোমিটার পাইপলাইন নির্মাণের। এ প্রকল্পে ব্যয়ের প্রাথমিক প্রাক্কলন ছিল ৬০০ কোটি টাকা। ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ধরা হয় ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট। যা বর্তমানে একটি এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতার কাছাকাছি। কিন্তু অর্থনৈতিক ঝুঁকি বিবেচনা, সিদ্ধান্তহীনতা ও সাবেক আওয়ামী সরকারঘনিষ্ঠ এলএনজি আমদানি লবির তদবির ও দেনদরবারে প্রকল্পটি তখন মুখ থুবড়ে পড়ে।

সরকারের গুচ্ছ পরিকল্পনা

বর্তমান সরকার ভোলার গ্যাসকে কাজে লাগাতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে। গুচ্ছ পরিকল্পনায় সার কারখানা, বিদ্যুৎ প্লান্ট, কারিগরি বিশ্ববিদ্যালয়, ইলিশ সংরক্ষণ কেন্দ্র, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে একটি বাস্তবসম্মত অর্থনৈতিক অঞ্চল তৈরি করে সরকার পুরো দক্ষিণাঞ্চলকেই উন্নয়নের ধারায় যুক্ত করতে চাইছে। 

সম্প্রতি ভোলার গ্যাস নিয়ে জাতীয় সংসদে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সরকারপ্রধান তারেক রহমান। তিনি বলেন, ‘দ্বীপ জেলা ভোলাকে আমরা আমাদের মেইন ল্যান্ডের সঙ্গে যুক্ত করতে চাই। ব্রিজ স্থাপন করে রোড কমিউনিকেশনের মাধ্যমে এটি করা সম্ভব। দ্বিতীয়ত, ভোলায় আমরা ৫০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চাই। একই সঙ্গে আমরা একটি ইউরিয়া ফার্টিলাইজার কারখানা স্থাপন করতে চাই।’ 

ভোলায় শিল্পায়নের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদকে জানান, ‘বেসরকারি উদ্যোক্তারা যাতে সেখানে বিনিয়োগ করেন, সেজন্য উৎসাহিত করছে সরকার। এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান সেখানে শিল্প-কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। আরও কয়েকজনের সঙ্গে আমাদের কথা হচ্ছে। এর মাধ্যমে ভোলার মানুষের কর্মসংস্থান ঘটবে। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।’

১৫ বছর ধরে পাইপলাইনের আলোচনা চলছে

ভোলা থেকে পাইপলাইন নির্মাণের প্রস্তাব নতুন নয়। অন্তত ১৫ বছর আগে থেকে এ নিয়ে আলোচনা চলছে। ২০১৮ সালে ২৪ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৬০০ কোটি টাকা। এর মাধ্যমে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহনের পরিকল্পনা ছিল। এই পরিমাণ গ্যাস একটি আধুনিক এলএনজি টার্মিনালের সরবরাহক্ষমতার কাছাকাছি। তবে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। জ্বালানি বিশেষজ্ঞ ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিলম্বের জন্য সিদ্ধান্তহীনতা, অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ এবং এলএনজি আমদানির পক্ষে লবিংকে দায়ী করেছেন। ফলে যে প্রকল্পটি ৬০০ কোটি টাকায় বাস্তবায়ন করা যেত, এখন তার ব্যয় অন্তত সাড়ে ৩ থেকে ৪ হাজার কোটি টাকায় দাঁড়াতে পারে। মূল্যস্ফীতি, বিদেশি পরামর্শক, আমদানি করা যন্ত্রপাতি, প্রযুক্তি এবং জমি অধিগ্রহণের কারণে এই ব্যয় ৮-৯ হাজার কোটি টাকায়ও পৌঁছতে পারে।

ট্যাংকারে করে গ্যাস দেওয়া হচ্ছে ৩০ কারখানায়

জাতীয় গ্রিডে গ্যাস সরাসরি যুক্ত করা সম্ভব না হওয়ায় এতদিন এই গ্যাস প্রধানত স্থানীয় বিদ্যুৎকেন্দ্র ও আবাসিক সংযোগেই ব্যবহৃত হচ্ছিল। বর্তমানে ভোলায় ২২৫ মেগাওয়াট ও ২২০ মেগাওয়াট ক্ষমতার দুটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। তবে বিকল্প উপায়ে ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সিলিন্ডারের মাধ্যমে সিএনজি আকারে ভোলার গ্যাস বিশেষ বার্জে করে ঢাকায় এনে বিভিন্ন শিল্প-কারখানায় সরবরাহ করা হচ্ছে।

ঢাকা ও এর আশপাশের শিল্পকারখানা সচল রাখতে ভোলা থেকে গ্যাস নেওয়া ক্রমশই বাড়ছে। ৩০টি কারখানায় গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে প্রতিদিন ১৬-১৭টি কাভার্ড ভ্যান সিলিন্ডার তথা ট্যাংকারে করে আনা গ্যাস দেওয়া হচ্ছে। বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপনায় এই প্রক্রিয়ায় দৈনিক ২৫ থেকে ৩০ লাখ (আড়াই থেকে ৩ মিলিয়ন) ঘনফুট গ্যাস যাচ্ছে কারখানায়। সর্বোচ্চ ৫০ লাখ ঘনফুট গ্যাস নেওয়ার সুযোগ থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা ও ট্যাংকার সংকটে তা সম্ভব হচ্ছে না। এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী অলিউর রহমান জানান, এভাবে প্রতিদিন ভোলা থেকে আড়াই থেকে তিন মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকায় যাচ্ছে। 

ইন্ট্রাকোর প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী আব্বাস জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা চাহিদা অনুযায়ী গ্যাস নিতে পারছেন না। তবে এক মাস ধরে তারা নিয়মিত গ্যাস নিচ্ছেন। বর্তমানে তারা ৩৪টি কাভার্ড ট্যাংকার ভরে গ্যাস আনা-নেওয়া করছেন। এর মধ্যে প্রতিদিন ১৬ থেকে ১৭টি যাচ্ছে ভোলা থেকে।

এ প্রসঙ্গে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আব্দুল মান্নান পাটওয়ারী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভোলার গ্যাস নিয়ে বেশ কিছু পরিকল্পনা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি কোনো কিছু এখনও চূড়ান্ত করা হয়নি।’ তবে পেট্রোবাংলার আরেকটি সূত্রে জানা গেছে, বর্তমানে এলএনজি করে গ্যাস আনার প্রক্রিয়া নিয়ে আলাপ-আলোচনা চলছে। বিভিন্ন কোম্পানির সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হতে পারে।’

এ প্রসঙ্গে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম গতকাল মঙ্গলবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকারের বিভিন্ন পরিকল্পনা বা চিন্তাভাবনা বা কার্যক্রমের মাধ্যমে বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ ব্যয় যদি না কমে, তাহলে জ্বালানি নিরাপত্তা সংকট মোকাবিলা করা সরকারের জন্য কঠিন হবে। কারণ আমাদের সমস্যা হচ্ছে সামর্থ্যের সংকট।’ তিনি বলেন, ‘ব্যয় বাড়িয়ে বা বিদ্যমান ব্যয় কমানোর কোনো উদ্যোগ না নিয়ে জ্বালানি সমস্যার সমাধান করতে গেলে সেখানে আমাদের সফল হওয়ার সুযোগ কম।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা