মুহাম্মদ ওসমান সরওয়ার, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৩ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৪ পিএম
ডুলাহাজারা বনবিটের আওতাধীন রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমি ‘দখলের হিড়িক’ পড়েছে। উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ডুলাহাজারা বনবিটে সরকারি বনভূমি দখল করে একের পর এক নির্মাণ করা হচ্ছে বসতঘর, মুরগির খামারসহ বিভিন্ন অবৈধ স্থাপনা।
বনবিট কার্যালয়ের অদূরেই প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিরোধ না থাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় সচেতন মহলে।
স্থানীয় অনেকের অভিযোগ, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পাশে ডুলাহাজারা রেলওয়ে স্টেশনসংলগ্ন মাদারট্রি গর্জন বাগান ও সামাজিক বনায়ন এলাকার বনভূমিতে বেশ কিছুদিন ধরে দখলদারিত্ব চলছে।
তাদের দাবি, অল্প সময়ের ব্যবধানে বনভূমির বিভিন্ন অংশ দখল করে গড়ে উঠেছে নতুন বসতি, মুরগির খামার ও ব্যবসায়িক স্থাপনা। এতে ক্রমেই সংকুচিত হচ্ছে সরকারি সংরক্ষিত বনভূমি।
অভিযোগ রয়েছে, স্থানীয় একটি শক্তিশালী দখলদার চক্র বন বিভাগের জমি দখলে সক্রিয়। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নীরবতার সুযোগ নিয়ে তারা দিনের পর দিন নতুন স্থাপনা নির্মাণ করছে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, কোনো কোনো স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনার পরও অল্প সময়ের মধ্যেই ফের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে উচ্ছেদের পর বনভূমি রক্ষায় নজরদারির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
‘প্রাণ নাশের শঙ্কায়’ নেই উচ্ছেদ অভিযান
ডুলাহাজারা বনবিট কর্মকর্তা শাহরিয়ার আমিন বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদ করি। কিন্তু দখলবাজ চক্রের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির আশঙ্কা থাকায় সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে সাহস পাচ্ছি না।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-চকরিয়া শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো বলেন, সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ বন্ধ করা না গেলে বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের পাশাপাশি এলাকার প্রাকৃতিক পরিবেশ ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
রেঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খসরুল আমিন বলেন, উচ্ছেদ অভিযানের পরও দখলদাররা সেখানে পুনরায় মুরগির খামারসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে কঠোর অভিযান পরিচালনার পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফাঁসিয়াখালী রেঞ্জের সহকারী বনসংরক্ষক (শিক্ষানবিশ) কামরুল হাসান বলেন, ডুলাহাজারা বনবিটের ওই এলাকায় এরই মধ্যে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধ স্থাপনা ও মুরগির খামার উচ্ছেদ করা হয়েছে। অভিযুক্ত দখলদারদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।