× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটি টাকার সড়ক

নির্মাণসামগ্রী নিয়ে প্রশ্ন, ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি অনিয়ম হয়নি

রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ এএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি-সিংড়াতলী নতুন সড়ক নির্মাণকাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি-সিংড়াতলী নতুন সড়ক নির্মাণকাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি-সিংড়াতলী নতুন সড়ক নির্মাণকাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে।

এক কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রায় দেড় কিলোমিটার সড়কটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

তাদের আশঙ্কা, যথাযথভাবে নির্মাণকাজ না হলে বর্ষা মৌসুমে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শ্রীপুর প্রকৌশল কার্যালয়ের বাস্তবায়নে গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন (জিডিআরআইডিপি) প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়নকাজ চলছে। এক হাজার ৫০০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা। 

নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় কয়েকজন পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলজিইডির যথাযথ তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়মের সুযোগ পেয়েছে।

তাদের ভাষ্য, সড়কটি আগে মাটির হওয়ায় বর্ষায় দুর্ভোগের সীমা ছিল না। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও কাজের শুরুতেই নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে।

পুরোনো মাটি না কেটেই কাদা মাটির ওপর ইটের খোয়া, বালু ও অন্যান্য সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে দাবি করে তারা বলেন, প্রকল্প অনুযায়ী প্রথমে মাটি কেটে পরে বালু ভরাট করার কথা ছিল।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও মুঠোফোনে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

শ্রীপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ে গিয়ে সোমবার স্থানীয় কয়েকজন সাংবাদিক সড়কটির উন্নয়নকাজের তথ্য জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া বলেন, সকাল থেকে কাজটির ফাইল পাওয়া যাচ্ছে না।

ফলে সড়কটির কাজ কবে শুরু হয়েছে এবং কবে শেষ হওয়ার কথা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য দিতে পারেননি তিনি। তবে আমজাদ ট্রেডার্সের লোকজনকে ফোন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২৬ জুলাই স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, সড়ক নির্মাণে অনিয়ম ধরাটা অনেক কঠিন। কারণ, স্থানীয় লোকজন কাজের ধরনগুলো জানেন না।

যখন সড়কে নিম্নমানের খোয়া দেওয়া হচ্ছে তখনই স্থানীয় কিছু লোক বিষয়টি বুঝতে পারেন। কিন্তু উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করে থাকে বলেও দাবি তার।

স্থানীয় বাসিন্দা জাকির হাসান ক্ষোভ প্রকাশ করে অভিযোগি করেন, খুবই নিম্নমানের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে। উপজেলা প্রকৌশলীকে একাধিকবার ফোন করে বিষয়টি জানানো হলেও তিনি শুধু 'দেখছি' বলেই দায় সেরেছেন, কিন্তু সরেজমিনে আসেননি।

আরেক বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, এটি কোনো টেকসই কাজ হচ্ছে না। এক কোটি টাকার বেশি বাজেটের রাস্তায় যদি এমন পোড়া ইটের গুঁড়ো আর নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়। আগামী বর্ষার শুরুতেই রাস্তা আবার নষ্ট হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাবে।

তার ভাষায়, সরকারি বড় অঙ্কের বাজেট থাকার পরও নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দাপ্তরিক ফাইল ‘গায়েব’ হওয়ায় কাজের মান নিয়ে অনিশ্চয়তা থাকে। এলাকাবাসীর দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কাজের গুণগত মান নিশ্চিত করে টেকসই রাস্তা নির্মাণ করা হোক।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান আমজাদ ট্রেডার্সের প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সড়কে কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ হয়নি। এগুলো অটো ব্রিকসের খোয়া এবং টেস্টের রেজাল্ট ভালো।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, আমরা বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখব। পুরোনো রাস্তার রিকভারি করা (সেলভেজ) কিছু খোয়া ওপরে দেওয়াতে হয়তো স্থানীয়দের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, আমি ওই সড়ক পরিদর্শন করেছি। কোন ধরনের ব্যত্যয় পাইনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা