গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন আর রাষ্ট্র সংস্কারের যে জোরালো দাবি উঠেছিল, তার অন্যতম প্রধান ভিত্তি ছিল সংবিধান সংশোধন। কথা ছিল, একটি বিশেষ সংসদীয় কমিটির হাত ধরে রচিত হবে সেই কাঙ্ক্ষিত রূপরেখা। কিন্তু কমিটি গঠনের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও সেই আশার পালে হাওয়া লাগেনি। একটিমাত্র পরিচিতিমূলক বৈঠকেই থমকে আছে পুরো কার্যক্রম। অংশীজনদের সঙ্গে মতবিনিময় তো দূরের কথা, দ্বিতীয় বৈঠকের দিনক্ষণও এখনও চূড়ান্ত করতে পারেনি সরকার। বিরোধী দলকে সম্পৃক্ত করার দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় প্রশ্ন উঠেছেÑ জুলাইয়ের রক্তস্নাত অঙ্গীকার কি তবে ফাইলবন্দিই থেকে যাচ্ছে?
জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের প্রশ্নটি জাতীয় রাজনীতির কেন্দ্রীয় আলোচনায় উঠে আসে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আন্দোলনের বিভিন্ন পক্ষের সমন্বয়ে প্রণীত জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কারকে অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এটি বাস্তবায়নের লক্ষ্যেই গত ১৪ জুলাই জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করে সরকারপক্ষ। প্রতিশ্রুতি ছিল, শুধু সংসদ সদস্য নন, জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, বিশেষজ্ঞ, পেশাজীবী ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই এই সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে।
তবে শুরুতেই হোঁচট খায় কমিটি গঠনপ্রক্রিয়া। জুলাই সনদের আলোকে গণভোটের ফলাফলের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হওয়ায়, এই বিশেষ কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ রাখা হলেও তারা কোনো নাম দেয়নি। এমনকি জামায়াত-এনসিপি জোট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারা এই কমিটিতে থাকছে না। ফলে ১৭ সদস্যের প্রস্তাবিত কমিটি গঠিত হয়েছে কেবল সরকারি জোটের ১২ জন সদস্য নিয়ে।
গত ৪ আগস্ট জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ১১ জন সদস্যের অংশগ্রহণে ওই বৈঠকে মূলত নিজেদের পরিচয় পর্ব ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়েই আলোচনা হয়। বৈঠক শেষে জানানো হয়েছিল, শহীদ পরিবার, আহত ব্যক্তি, রাজনৈতিক দল, আইনজ্ঞ, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। কিন্তু সেই ঘোষণার পর দেড় মাসের বেশি সময় পার হলেও কোনো গণশুনানি বা মতবিনিময় সভা শুরু হয়নি।
সংসদ সচিবালয় ও কমিটির একাধিক সূত্র বলছে, সংবিধান সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়ে সরকার এখনও প্রয়োজনীয় রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে পারেনি, এমনকি সুস্পষ্ট কর্মপরিকল্পনাও চূড়ান্ত হয়নি। ফলে একতরফাভাবে কার্যক্রম শুরু হলেও এতে কাঙ্ক্ষিত গতি নেই।
এদিকে বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে, রাষ্ট্রক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের অন্যতম কারণ। দলটির সংস্কার প্রস্তাবে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, একই ব্যক্তির দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, নির্বাচন কমিশনকে প্রভাবমুক্ত করা এবং সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশে বাধা হয়ে দাঁড়ানো সংবিধানের ৭০ অনুচ্ছেদ পুনর্বিবেচনার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। জুলাই সনদ নিয়ে আলোচনার সময়ও এসব প্রস্তাব উঠে এসেছিল। কিন্তু বিশেষ কমিটি এখনও এসব বিষয়ে কোনো আলোচ্য সূচি প্রকাশ করেনি।
বিশেষ কমিটির কার্যক্রমের সঙ্গে যুক্ত জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফট উইংয়ের কর্মকর্তা ফজলুর রহমান জানান, এখনও দ্বিতীয় বৈঠকের কোনো দিনতারিখ চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার বর্তমানে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনে যোগ দিতে বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে পরবর্তী বৈঠকের বিষয়ে অগ্রগতি হতে পারে।
প্রথম বৈঠকের পর কিছু সদস্য বিরোধী দলকে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কমিটির সদস্য না হয়েও বিরোধী দল সংবিধান সংশোধনে তাদের মতামত দিতে পারবে। সংসদে বিল উত্থাপনের পর সংশোধনীর সুযোগও থাকবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান বার্তা ছিল অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা ও জাতীয় ঐকমত্য। এই সংবিধান সংশোধন প্রক্রিয়া যদি কেবল সরকারি জোটের সংসদীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে, তবে জুলাই সনদের রাজনৈতিক তাৎপর্য মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। কারণ, সংবিধান সংস্কার শুধু কোনো আইনগত বিষয় নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ ক্ষমতার কাঠামো নির্ধারণের মূল ভিত্তি।
সরকার বারবার জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। বিরোধী দলকে সম্পৃক্ত করতে না পারা, অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু না হওয়া এবং দ্বিতীয় বৈঠক নিয়ে এই দীর্ঘসূত্রতার কারণে জনমনে সন্দেহ বাড়ছেÑ সংবিধান সংস্কারের বিষয়টি কি তবে সরকারের রাজনৈতিক অগ্রাধিকারের তালিকা থেকে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে?