জোসনা জামান
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৮ এএম
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) তৈরি পাঁচ বছরের কৌশলগত কাঠামোতে দেশের ডিজিটাল নিরাপত্তার দুর্বলতার চিত্র উঠে এসেছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দেশে ডিজিটাল সেবা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম দ্রুত বাড়ছে। কিন্তু এ কার্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে বিস্তৃত হচ্ছে না সাইবার নিরাপত্তাব্যবস্থা। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে প্রতিদিন গড়ে ৬৩০টি সাইবার হামলার চেষ্টা হচ্ছে।
এর আগে ২০২৩ সালে একটি সরকারি ওয়েবসাইটে তথ্য ফাঁসের কারণে ৫ কোটির বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশিত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। আর্থিক খাতের ডিজিটাল ব্যবস্থায় নিরাপত্তার দুর্বলতা যে কত বড় ঝুঁকি তৈরির পাশাপাশি কত বড় নয়-ছয় করে ফেলতে পারে, রিজার্ভ চুরির ঘটনা তার বড় উদাহরণ।
অথচ সাইবার হামলা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষ জনবল, সমন্বিত ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি এখনও রয়ে গেছে। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে আরও বড় অঘটন। এ অবস্থায় দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) তৈরি পাঁচ বছরের কৌশলগত কাঠামোতে দেশের ডিজিটাল নিরাপত্তার এই দুর্বলতার চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার পূর্ণ কার্যক্ষমতার ঘাটতি রয়েছে। এখনও গড়ে ওঠেনি জাতীয় নিরাপত্তা পরিচালনা কেন্দ্র। বেশিরভাগ মন্ত্রণালয়ে নির্দিষ্ট সাইবার নিরাপত্তা কর্মকর্তা নেই। একই সঙ্গে সাইবার নিরাপত্তার জন্য পৃথক বাজেটের ব্যবস্থাও নেই।
দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রেও ঝুঁকির বিষয়টি সামনে এসেছে। ২০২৩ সালের সরকারি ওয়েবসাইটের তথ্য ফাঁসের ঘটনায় ৫ কোটির বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশিত হওয়ার তথ্য পাওয়া যায়। এতে ডিজিটাল তথ্যভান্ডারের নিরাপত্তা এবং তথ্য ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য ও লেনদেনব্যবস্থার নিরাপত্তাও এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
অর্থাৎ একদিকে সরকারি ও বেসরকারি খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়লেও অন্যদিকে নিরাপত্তার সক্ষমতা সেই অনুপাতে তৈরি হচ্ছে না। বিশেষ করে আর্থিক খাত, টেলিযোগাযোগ, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সরকারি ব্যবস্থাগুলো ক্রমবর্ধমান সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে বলে কৌশলগত কাঠামোতে উল্লেখ করা হয়েছে।
সাধারণ অর্থনীতি বিভাগের হিসাবে, দেশের দ্রুত ডিজিটালকরণ উল্লেখযোগ্য হারে সাইবার ঝুঁকিও বাড়িয়েছে। ডিজিটাল সরকারি সেবা, ডিজিটাল পরিচয়ব্যবস্থা, মোবাইল আর্থিক সেবা, ক্লাউড প্রযুক্তির ব্যবহার এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর সম্প্রসারণের সঙ্গে নতুন ধরনের দুর্বলতাও তৈরি হয়েছে। এসব দুর্বলতার সুযোগে সাইবার হামলা, তথ্য লঙ্ঘন, মুক্তিপণ আদায়ের জন্য তথ্য আটকে দেওয়া এবং সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
আর্থিক খাতে সাইবার নিরাপত্তার গুরুত্ব বিশেষভাবে বেশি। কারণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি তৈরি হলে শুধু তথ্য নয়, সরাসরি অর্থের ওপরও আক্রমণের ঝুঁকি দেখা দেয়।
এ প্রসঙ্গে কৌশলগত কাঠামো তৈরির দায়িত্বপ্রাপ্ত সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দ্রুত ডিজিটালকরণের কারণে সাইবার ঝুঁকি বেড়েছে। আইনগত সক্ষমতা ও গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো সুরক্ষার ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হলেও সুশাসন, সক্ষমতা, স্থিতিস্থাপকতা এবং দক্ষ কর্মশক্তি তৈরিতে এখনও গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে।’
ডিজিটাল নিরাপত্তার দুর্বলতার পেছনে খাতভিত্তিক ব্যবস্থাপনার ঘাটতি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমিত সমন্বয়কে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে সাধারণ অর্থনীতি বিভাগ। অনেক প্রতিষ্ঠানের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা ও সাইবার ঘটনা মোকাবিলার সক্ষমতাও পর্যাপ্ত নয়।
বিশেষ করে জাতীয় নিরাপত্তা পরিচালনা কেন্দ্র গড়ে না ওঠায় সমন্বিতভাবে সাইবার হুমকি শনাক্ত ও মোকাবিলার সক্ষমতা সীমিত থাকছে। এই ব্যবস্থায় নিরাপত্তা বিশ্লেষক, ঘটনা মোকাবিলাকারী বিশেষজ্ঞ, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ক্লাউড নিরাপত্তা বিশেষজ্ঞসহ দক্ষ পেশাজীবীর প্রয়োজন রয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে।
জানতে চাইলে সাইবার ক্রাইম অ্যালায়েন্স ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী মো. মুশফিকুর রহমান বলেন, ‘দেশে সাইবার নিরাপত্তাহীনতা রয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।’ তার মতে, ‘সাইবার নিরাপত্তা বিষয়ে পড়াশোনা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিজেদের প্রযুক্তি তৈরির সক্ষমতাও বাড়াতে হবে। এজন্য বড় পরিসরের প্রস্তুতি দরকার এবং তা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় থাকা প্রয়োজন।’
কম্পিউটার নেটওয়ার্ক প্রকৌশলী সৈয়দ জাহিদ হোসেন বলেন, ‘সমন্বিত উদ্যোগ, প্রশিক্ষণ ও সচেতনতা ছাড়া সাইবার নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা থাকলেও সেটির বাস্তব প্রয়োগ আরও কার্যকর হওয়া প্রয়োজন।’
এদিকে সাইবার নিরাপত্তার পাশাপাশি সরকারি ডিজিটাল সেবার কার্যকারিতাতেও ঘাটতি রয়েছে। কৌশলগত কাঠামোতে বলা হয়েছে, সরকারি ৪০০টির বেশি সেবা নামমাত্র অনলাইনে দেওয়া হলেও ৫০টিরও কম সেবা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ডিজিটাল হয়েছে। ফলে অনলাইনে সেবা চালু হলেও নাগরিককে বিভিন্ন ধাপ পেরুতে হচ্ছে মন্থর গতিতে, অনেক ক্ষেত্রে সরাসরি উপস্থিত হয়ে। পেমেন্ট ব্যবস্থায়ও রয়েছে নানা প্রতিবন্ধকতা। ফলে ডিজিটাল সেবার প্রত্যাশিত সুবিধা পুরোপুরি মিলছে না।
এদিকে আগামী দিনের ডিজিটাল অর্থনীতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস এবং আন্তঃসীমান্ত তথ্যপ্রবাহের মতো নতুন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীদের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি মোকাবিলার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিচালনা কেন্দ্র, হুমকি-সংক্রান্ত তথ্য বিনিময়, দুর্যোগের পর তথ্য ও কার্যক্রম পুনরুদ্ধার এবং ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
কৌশলগত কাঠামোতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কেন্দ্রীয় নীতি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও জাতীয় সমন্বয়ব্যবস্থা এখনও তৈরি হয়নি। এতে আগামী ২০৩১ অর্থবছরের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অবদান মোট দেশজ উৎপাদনের বর্তমান প্রায় ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ থেকে ১০ শতাংশে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সফটওয়্যার রপ্তানি আয় বাড়ানো, অর্ধপরিবাহী শিল্পের বিকাশ এবং তথ্যপ্রযুক্তি স্নাতকদের উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি পেশাজীবীর সংখ্যা ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে সাড়ে ৭ লাখ থেকে ১৫ থেকে ২০ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
ডিজিটাল অর্থনীতির এই সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কুটির শিল্প, অনানুষ্ঠানিক উৎপাদন গুচ্ছ এবং তৃণমূল উদ্যোক্তাদের যুক্ত করার কথাও বলা হয়েছে। পরিবহন খাতেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ আগামী দিনে অর্থনীতি ও সরকারি সেবার আরও বড় অংশ প্রযুক্তিনির্ভর হওয়ার পথে রয়েছে।