× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘের ডেরায় ‘রহস্যময়’ মন্দির, হারিয়ে যাওয়া শহরের গল্প

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা)

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৩ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪ পিএম

সুন্দরবনের গহীনে থাকা শেখের টেক প্রাচীন মন্দিরের এলাকাটি বনজীবীদের কাছে ‘বাঘের বাড়ি’ নামে পরিচিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনের গহীনে থাকা শেখের টেক প্রাচীন মন্দিরের এলাকাটি বনজীবীদের কাছে ‘বাঘের বাড়ি’ নামে পরিচিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গহিন সুন্দরবনের নদীর বাঁকে হঠাৎ চোখে পড়ে পোড়ামাটির এক ‘রহস্যময়’ মন্দির। চারপাশে রয়েল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, ম্যানগ্রোভ বনের গা ছমছমে নীরবতা আর শতাব্দীপ্রাচীন ইতিহাস- সব মিলিয়ে স্থানটি যেন রহস্যের এক জীবন্ত আখ্যান। 

খুলনার কয়রা উপজেলার আড়পাঙ্গাসিয়া ও শিবসা নদীর সঙ্গমস্থলে সুন্দরবনের ১৬ নম্বর কম্পার্টমেন্টে দাঁড়িয়ে আছে ‘শেখের টেক প্রাচীন মন্দির’। 

শত শত বছরের পুরোনো ইট-সুরকির এ স্থাপনা জানান দেয়, একসময় বাঘের এই সাম্রাজ্যেও গড়ে উঠেছিল সমৃদ্ধ ‘মানববসতি’।

প্রতাপাদিত্যের আমল ও দুর্গশহর

ঐতিহাসিক তথ্য এবং সতীশচন্দ্র মিত্রের ‘যশোর-খুলনার ইতিহাস’ গ্রন্থের বর্ণনা অনুযায়ী, ১৫৯৭ খ্রিষ্টাব্দের দিকে যশোরের বারোভূঁইয়া রাজা প্রতাপাদিত্য এ এলাকার নিয়ন্ত্রণ নেন।

ধারণা করা হয়, শিবসা নদীর তীরে জলদস্যু প্রতিহত ও রাজস্ব আদায়ের সুবিধার্থে তিনি এক-গম্বুজবিশিষ্ট মন্দির ও সুরক্ষিত ঘাঁটি গড়ে তোলেন।

বাঘের পায়ে ছাপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্গাকার মন্দিরটির দেয়াল প্রায় সাড়ে ৫ ফুট পুরু। শামুকের চুন ও বালুর গাঁথুনিতে তৈরি পোড়ামাটির নকশা করা ইটগুলোতে ফুটে উঠেছে অনন্য স্থাপত্যশৈলী।

‘শেখের টেক’ ও হারিয়ে যাওয়া জনপদ

স্থানীয় ভাষায় উঁচু ঢিবিকে বলা হয় ‘টেক’। জনশ্রুতি রয়েছে, প্রতাপাদিত্যের পতনের পর এ নির্জন উঁচু এলাকায় কোনো এক সুফি-সাধক (‘শেখা’ বা শেখ) এসে আস্তানা গাড়েন।

মন্দিরের আশপাশে প্রাচীন ইটের স্তূপ, বিশাল দিঘি ও প্রাচীরের ধ্বংসাবশেষ পাওয়া যায়।

এসব নিদর্শন থেকে ধারণা করা হয়, এখানে সুপেয় পানির ব্যবস্থাসহ একটি দুর্গশহর ছিল।

বর্তমানে বন বিভাগ দর্শনার্থীদের জন্য ১.২৫ কিলোমিটার দীর্ঘ কাঠের ওয়াকওয়ে নির্মাণ করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রলয়ংকরী জলোচ্ছ্বাস কিংবা ভয়াবহ ভূমিকম্পে জনপদটি ধ্বংস হয়ে সুন্দরবনের গহিনে হারিয়ে যায় বলে গবেষকদের ধারণা।

বাঘের ডেরা, দুর্গম পথ

কয়রার শাকবাড়িয়া নদীর কাটকাটা লঞ্চঘাট থেকে ট্রলারে আড়পাঙ্গাসিয়া নদী পাড়ি দিয়ে শেখের টেকে পৌঁছাতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।

বনজীবীদের কাছে স্থানটি ‘বাঘের বাড়ি’ নামে পরিচিত।

অভিজ্ঞ বনজীবী আতিয়ার রহমান বলেন, “আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওখানে একটা রাজা থাকতো, একটা মন্দির আছে এবং ওখানে বাঘের বাড়ি হিসেবে পরিচিত। আমি একবার গিয়েছিলাম, গিয়ে দেখি বাঘের পায়ের ছাপ।”

বাঘের ভয় উপেক্ষা করে সংস্কার

প্রত্নতত্ত্ব অধিদপ্তর শেখের টেক মন্দিরটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করে সম্প্রতি সংস্কারকাজ সম্পন্ন করেছে।

খুলনা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক মো. মহিদুল ইসলাম বলেন, “সুন্দরবনের গহীনে কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ ছিল, আমরা সতর্কতার সাথে কাজ করেছি। গিয়ে দেখি বাঘের পায়ের ছাপ, এত বাঘের ছাপ ছিল যে রাজমিস্ত্রিরা ভয়ে ভয়ো কাজ করতো।”

দিনে ফরেস্টারের সহযোগিতায় কাজ হতো আর রাতে মিস্ত্রিরা নদীতে নৌকায় ঘুমাতো উল্লেখ করে তিনি বলেন, “নতুন প্রস্তাবনা এলে আগের মূল নকশা ঠিক রেখে আমরা আরও সুন্দর করে সংস্কার করব।”

পর্যটনের নতুন সম্ভাবনা

বর্তমানে বন বিভাগ দর্শনার্থীদের জন্য ১.২৫ কিলোমিটার দীর্ঘ কাঠের ওয়াকওয়ে ও ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা গেলে শেখের টেক হয়ে উঠতে পারে সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় প্রত্ন-পর্যটনকেন্দ্র।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা