× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ৩৯৬ কোটি টাকার প্রকল্প

জোসনা জামান

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করতে ৩৯৬ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার একটি প্রকল্প নিতে যাচ্ছে সরকার। প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোতে মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য এবং অসংক্রামক রোগের সেবা জোরদার করা হবে। পাশাপাশি রোগ শনাক্তকরণ, ফলোআপ এবং জটিল রোগীদের উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

‘হেলথ সিস্টেম স্ট্রেথদেনিং থ্রো এমএনএইচ সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড এনসিডিএস কন্ট্রোল’ নামের প্রকল্পটি বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৭৫ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার টাকা এবং জাইকার ঋণসহায়তা থেকে ৩২১ কোটি ৩ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৮ সালের জুনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট প্রকল্পটি বাস্তবায়ন করবে।

পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতির মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করাই প্রকল্পটির লক্ষ্য। এর মাধ্যমে এসব ক্ষেত্রে অসুস্থতা ও মৃত্যুর হার কমানোর চেষ্টা করা হবে।

প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়ানো। দক্ষ কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সেবা দেওয়ার পাশাপাশি কমিউনিটি ক্লিনিক থেকে সম্ভাব্য অসংক্রামক রোগী এবং মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যের জরুরি ও জটিল রোগীদের উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে রোগীদের ফলোআপ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা ও অস্ত্রোপচারসামগ্রী এবং যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হবে। এসব ক্লিনিকে প্রধান অসংক্রামক রোগ এবং মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যের স্ক্রিনিং, রেফারেল ও রিপোর্টিং কার্যক্রম জোরদার করা হবে। জেলা, উপজেলা ও কমিউনিটি পর্যায়ে এসব কার্যক্রমের পরিবীক্ষণ ও তদারকির জন্য কাঠামোবদ্ধ ব্যবস্থাও গড়ে তোলা হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে অগ্রগতি হলেও গ্রামীণ এলাকার দরিদ্র ও কম শিক্ষিত নারী এবং নবজাতকরা এখনও বেশি ঝুঁকিতে রয়েছে। দুর্গম ভৌগোলিক এলাকা ও মানবিক সংকটপূর্ণ অঞ্চলেও স্বাস্থ্যসেবার ফল তুলনামূলকভাবে কম। একই সময়ে অসংক্রামক রোগ দেশের মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী। এর মধ্যে হৃদরোগের কারণে দেশের মোট মৃত্যুর ৩৪ শতাংশ ঘটে।

জাতীয় এসটিইপিএস জরিপ-২০২২ অনুযায়ী, ২৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে বয়স সমন্বিত ডায়াবেটিসের প্রাদুর্ভাব ৯ দশমিক ৭ শতাংশ এবং উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব ২৩ দশমিক ৫ শতাংশ। খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন, নগরায়ণ, তামাকের ব্যবহার ও অস্বাস্থ্যকর জীবনধারাকে এসব রোগ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে স্বাস্থ্যসেবা ব্যয় বাড়ছে এবং দরিদ্র জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রকল্পের কার্যক্রম গ্রামীণ এলাকার ওয়ার্ড পর্যায়ের সব কমিউনিটি ক্লিনিকে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। পৌরসভা এলাকার কমিউনিটি ক্লিনিক এর আওতায় থাকবে না। পরিকল্পনা কমিশনের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কমিউনিটি ক্লিনিক থেকে জেলা হাসপাতাল পর্যন্ত মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য এবং অসংক্রামক রোগের সেবার মান ও প্রাপ্যতা বাড়বে। পাশাপাশি রেফারেল, জনসচেতনতা, তদারকি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার মাধ্যমে অসুস্থতা ও মৃত্যুর হার কমানোর সুযোগ তৈরি হবে। এর ফলে সাধারণ মানুষ স্বল্প ব্যয়ে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা