অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮ এএম
রাঙামাটির কাপ্তাইয়ে ১৯৬৩ সালে স্থাপিত জাতীয় গ্রিডের ১ লাখ ৩২ হাজার ভোল্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাঙামাটির কাপ্তাইয়ে ১৯৬৩ সালে স্থাপিত জাতীয় গ্রিডের ১৩২ কেভি (১ লাখ ৩২ হাজার ভোল্ট) উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
উপজেলার শীলছড়ি ওয়াপদা এলাকা সংলগ্ন ৯২৩ ও ৯২৪ নম্বর পিলারের তার মাটি থেকে মাত্র ১৫ থেকে ২০ ফুট ওপরে ঝুলে রয়েছে।
এতে ওই লাইনের নিচে ও আশপাশে বসবাসকারী অর্ধশত পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ষাটের দশকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চালুর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য এই সঞ্চালন লাইন স্থাপন করা হয়। প্রতিষ্ঠার সময় নির্ধারিত উচ্চতায় থাকলেও দীর্ঘ ছয় দশকের বেশি সময়ে বড় ধরনের সংস্কার হয়নি
ফলে পিলারের দুরবস্থা, তারের ওপর বয়সের ভার ও দীর্ঘদিনের ব্যবহারে উচ্চ ভোল্টেজের তারগুলো নিচের দিকে নেমে এসেছে বলেও জানিয়েছে সূত্রটি।
ঝুঁকিপূর্ণ এই সঞ্চালন লাইনের নিচ দিয়েই প্রতিদিন স্থানীয় বাসিন্দারা চলাচল করেন। পাহাড়ি কৃষিকাজেও তাদের এই পথ ব্যবহার করতে হয়।
সামান্য ঝড়-বৃষ্টি হলেই গাছের ডালপালা বা পাতা তারের ওপর পড়ে বিকট শব্দে শর্টসার্কিট হয় বলে জানান স্থানীয় বাসিন্দা মো. নাসির উদ্দীন।
তিনি বলেন, কয়েক বছর আগে এই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল নামের এক ব্যক্তির প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তিনি দ্রুত তারগুলো আরও উঁচুতে তুলে নিরাপদ দূরত্বে নেওয়ার দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, জনবসতিপূর্ণ এলাকা ও চলাচলের রাস্তার ওপর দিয়ে তারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলছে।
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জিএমডি রাঙামাটি, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী সুবীর কান্তি নাথ জানান, প্রতিষ্ঠাকালীন সময়ে ওই এলাকায় কোনো বসতি ছিল না। তাই টাওয়ারগুলো অনেকটা দূরত্বে স্থাপন করা হয়েছিল। দীর্ঘ ছয় দশকের পুরোনো লাইনটি দূরত্বের কারণে কিছুটা নেমে গেছে।
বিষয়টি নজরে এসেছে উল্লেখ করে তিনি দাবি করেন, সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। প্রযুক্তিগত যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। দরপত্র প্রক্রিয়া শেষ হলে সংস্কারকাজ শুরু হবে।
সচেতন মহলের দাবি, বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির আগে কাপ্তাইয়ের শীলছড়ি এলাকার ৯২৩ ও ৯২৪ নম্বর পিলারসহ ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার করে নিরাপদ করা হোক।