মো. আতিকুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
নামবিহীন ও কাগজপত্রবিহীন কারখানায় এবং মাছ-মুরগির খাদ্য তৈরিতে ব্যবহ্যত ট্যানারির বর্জ্য। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় চামড়া পোড়ানোর কারখানার ‘বিষাক্ত’ ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় গড়ে ওঠা নামবিহীন ও কাগজপত্রবিহীন একটি কারখানায় চামড়া, হাড় ও মাংসজাতীয় বর্জ্য প্রক্রিয়াজাত করে মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন শিশু ও বয়স্করা।
কারখানাটি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয়রা। তবে অভিযোগ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফোর্ডনগর খানপাড়া এলাকায় প্রায় দুই থেকে তিন হাজার মানুষের বসবাস। অধিকাংশই কৃষিনির্ভর। এর পাশাপাশি এলাকায় বিভিন্ন কোম্পানির ৮ থেকে ১০টি উৎপাদনশীল কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করেন স্থানীয় অনেক মানুষ।
স্থানীয়দের অভিযোগ, গত তিন থেকে চার বছর ধরে এলাকায় একটি নামবিহীন কারখানায় মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হচ্ছে। এতে গরুর কাঁচা চামড়া, হাড় ও মাংসসহ বিভিন্ন কাঁচামাল ব্যবহার করা হয়। এসব কাঁচামাল বড় বয়লারে পোড়ানোর সময় তীব্র ধোঁয়া ও দুর্গন্ধ সৃষ্টি হয়, যা বাতাসের সঙ্গে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মো. হাসান খান বলেন, “কারখানার ধোঁয়া ও দুর্গন্ধের কারণে আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়ছে। রাতে ঠিকমতো ঘুমানো যায় না। বিশেষ করে শিশু ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি কষ্ট পাচ্ছেন।”
“অনেকে জমি বিক্রি করে এলাকা ছাড়ার পরিকল্পনা করছেন”, দাবি করেন তিনি।
বিষয়টি নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে দূষণ বন্ধের অনুরোধও করেছন- এমন দাবি করে আরেক বাসিন্দা জাকির হোসেন বলেন, “কোনো কার্যকর সমাধান হয়নি। মালিকপক্ষ নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে।”
তিরি জনবসতিপূর্ণ এলাকায় কারখানাটির কার্যক্রম বন্ধেরও দাবি জানান।
কারখানার মালিক আব্দুর রবের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কারখানার শ্রমিক মহসিন বলেন, “আমরা গরুর পরিত্যক্ত চামড়া পুড়িয়ে মেশিনের মাধ্যমে গুঁড়ো করি। এরপর তা দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরি করা হয়।”
কারখানাটির পরিবেশসহ অন্যান্য কাগজপত্র আছে কি না, তা তার জানা নেই উল্লেখ করে তিনি বলেন “এ বিষয়ে মালিকপক্ষ বলতে পারবেন।”
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত কারখানাটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই উল্লেখ করে মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ওয়ালী আখের জানান, ছাড়পত্রের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো আবেদনও করা হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।