জোসনা জামান
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৮ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৩ পিএম
ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে ট্রেনের গতি বাড়ানো এবং যাত্রার সময় কমাতে লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৩১ দশমিক ২০ কিলোমিটার রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে ট্রেনের গতি বাড়ানো এবং যাত্রার সময় কমাতে লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৩১ দশমিক ২০ কিলোমিটার রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মিটারগেজ ডাবল লাইন থাকা এই অংশ ডুয়েলগেজ ডাবল ট্র্যাকে উন্নীত করা হবে।
প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে ১৬ হাজার ৯৫৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এই ব্যয়ের বিভিন্ন খাত নিয়ে প্রশ্ন উঠেছে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায়। ব্যয় কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রস্তাবিত প্রকল্প ব্যয় এখনও চূড়ান্ত নয়।
রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রকল্পটির নাম ‘লাকসাম-চট্টগ্রাম মিটারগেজ ডাবল ট্র্যাককে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকে রূপান্তর’। প্রক্রিয়াকরণ শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া গেলে বাংলাদেশ রেলওয়ে চলতি বছর থেকে ২০৩২ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৮২৫ কোটি টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও কোরিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) যৌথ ঋণ থেকে ১৪ হাজার ১২৯ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের আলোচনায় পরিবেশগত সুরক্ষা, সিগন্যালিংসহ বিভিন্ন নির্মাণ কাজেই ১৩ হাজার ৭৬৬ কোটি ১৪ লাখ টাকার ব্যয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে জমি অধিগ্রহণ, প্রকৌশল ও সরঞ্জাম, পরামর্শক সেবা, ব্যবস্থাপনা সহায়তা এবং অন্যান্য খাতের ব্যয়ও রয়েছে।
গত ৮ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত পিইসি সভায় প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পিইসি সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে জানান, উন্নয়ন প্রকল্প প্রস্তাবের বিভিন্ন ব্যয় পুনর্বিবেচনা করে সংশোধনের কথা বলা হয়েছে। তবে ওই সভায় এ বিষয়ে চূড়ান্ত কোনো সুপারিশ দেওয়া হয়নি। শিগগিরই আরও একটি পিইসি সভা হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা কমিশনের পিইসি সূত্র বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে সড়ক পরিবহনের ওপর চাপ কমবে। একই সঙ্গে লাকসাম-চট্টগ্রাম অংশে রেল পরিচালনার দক্ষতা বাড়বে। সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পরিচালনগত সুবিধা এবং নিরাপত্তাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় লাকসাম-চিনকি-আস্তানা থেকে চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড পর্যন্ত পুরো ১৩১ দশমিক ২০ কিলোমিটার মিটারগেজ ডাবল লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর করা হবে। ব্রডগেজ ট্রেনের জন্য নকশাগত গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং মিটারগেজ ট্রেনের জন্য ১০০ কিলোমিটার নির্ধারণের পরিকল্পনা রয়েছে। পরিচালনগত গতি ব্রডগেজে ঘণ্টায় ১০০ এবং মিটারগেজে ৮০ কিলোমিটার পর্যন্ত উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে বর্তমান ট্রেন চলাচলের সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পুরো ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে গেজের সমতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রেলপথে কন্টেইনার পরিবহনের হার বর্তমানে ৪ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। এর আগে ঢাকা-টঙ্গী ২২ দশমিক ৯৪ কিলোমিটার এবং আখাউড়া-লাকসাম ৭১ দশমিক ২৪ কিলোমিটার অংশ মিটারগেজ সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম করিডোরের টঙ্গী-ভৈরব বাজার-আখাউড়া ৯৭ দশমিক ০১ কিলোমিটার এবং লাকসাম-চট্টগ্রাম ১৩১ দশমিক ২০ কিলোমিটারসহ অবশিষ্ট অংশকে ডুয়েলগেজে রূপান্তরের প্রয়োজন রয়েছে। বর্তমান প্রকল্পটি সেই বৃহত্তর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-কক্সবাজার রেল সংযোগের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হবে লাকসাম-চট্টগ্রাম করিডোর। এর মাধ্যমে কক্সবাজার ও মাতারবাড়ি বন্দর থেকে যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পরিবহন ও বাণিজ্য সহজতর করার লক্ষ্যও রয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের হিসাবে, ভবিষ্যতে ট্রান্স এশিয়ান রেলপথের সঙ্গে সংযুক্তির মাধ্যমে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও পণ্য পরিবহন সহজ হবে। ফলে আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ও সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিবেশগত সুরক্ষা, সিগন্যালিংসহ বিভিন্ন নির্মাণকাজের প্রস্তাবিত ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। পরবর্তী পিইসি সভায় এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে।
তিনি জানান, প্রস্তাবিত ডিপিপি পর্যালোচনায় জমি অধিগ্রহণ, প্রকৌশল ও অন্যান্য সরঞ্জাম, পরামর্শক সেবা, এনজিওর এসএমপি ও আরপি বাস্তবায়ন ব্যয়, ব্যবস্থাপনা সহায়তা পরামর্শক, কর্মকর্তাদের মূল বেতন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও বাড়িভাড়া ভাতাসহ বিভিন্ন খাতের ব্যয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অধিকসংখ্যক পরামর্শক নিয়োগ, তাদের কাজের সময় ও সম্মানীর যৌক্তিকতা পুনর্বিবেচনা করে ব্যয় কমানোর কথা বলা হয়েছে।
কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্পটিকে অর্থনৈতিকভাবে কাঙ্ক্ষিত, আর্থিকভাবে লাভজনক এবং কারিগরিভাবে বাস্তবায়নযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে একনেকে অনুমোদনের আগে ব্যয় কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজন হওয়ায় প্রকল্পটির চূড়ান্ত ব্যয় পরিবর্তিত হতে পারে। ব্যয় যৌক্তিক পর্যায়ে রেখে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে ঢাকা-চট্টগ্রাম রেল করিডোর আধুনিকীকরণের পাশাপাশি দ্রুত যাতায়াত, পণ্য পরিবহন এবং ভবিষ্যৎ আঞ্চলিক রেল সংযোগের নতুন সুযোগ তৈরি হবে।