× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিকলবন্দি বাহাদুর, গাছ টানাই যার নিয়তি

রফিকুল ইসলাম, লামা-আলীকদম (বান্দরবান)

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ এএম

বান্দরবানের লামায় দুর্গম ঘিলাপাড়ায় শিকলবন্দি 'বাহাদুর'। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের লামায় দুর্গম ঘিলাপাড়ায় শিকলবন্দি 'বাহাদুর'। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বাধীনতা কিংবা মুক্তির স্বাদ কী, তা যেন ভুলেই গেছে পোষা হাতি ‘বাহাদুর’। বছরের পর বছর পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় কাটছে তার জীবন। ২৪ বছর ধরে এমন বন্দিদশায় থাকা বাহাদুরের বর্তমান বয়স প্রায় ৩৮ বছর। বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ে ভারী গাছ টানার কাজে ব্যবহৃত হচ্ছে হাতিটি।

বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের দুর্গম ঘিলাপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে হাতি ‘বাহাদুরের’ সঙ্গে দেখা যায়। শুধু বাহাদুর নয়, উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় একইভাবে বন্দিদশায় থাকা আরও সাতটি হাতির সন্ধান পাওয়া গেছে। স্থানীয় তথ্য অনুযায়ী, সদর ইউনিয়নের ঘিলাপাড়ায় একটি, দোছড়ি এলাকায় দুটি, চিউনী খালের আগায় একটি, রূপসীপাড়া ইউনিয়নের লামা খালের আগায় দুটি এবং সরই ইউনিয়নের লেমুপালং ও লুলাইং এলাকায় দুটি হাতি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আয়ের জন্য বছরের পর বছর হাতিটিকে দিয়ে কঠোর পরিশ্রম করানো হচ্ছে। পরিচর্যাও অপ্রতুল। ঘাস-পাতা ছাড়া হাতিটির পর্যাপ্ত খাবার জোটে না। অবহেলা ও পর্যাপ্ত যত্নের অভাবে হাতিগুলো শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে বলে স্থানীয়দের দাবি।

সরেজমিনে হাতিটির মাহুত সিফার সঙ্গে কথা হয়। তিনি জানান, দৈনিক ৬ হাজার টাকার বিনিময়ে গাছ টানার জন্য হাতিটিকে ভাড়া দেওয়া হয়। একেক দিন একেক জায়গায় গাছ টানার কাজে যেতে হয় তাকে। হাতিটির মালিকের বাড়ি সিলেটে। লামা উপজেলায় গাছ টানার কাজে ব্যবহৃত হাতিগুলোর সিলেট বন বিভাগের অধীনে লাইসেন্স রয়েছে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে সদর ইউনিয়নের পোপা হেডম্যান পাড়ার এক বাসিন্দা জানান, অনেক সময় বড় গাছ টানতে গিয়ে হাতি মারা যায়। গত বছর তাদের পাড়ার একটু ওপরে একটি হাতি পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় কয়েক দিন ধুঁকে হাতিটি মারা যায়।

তিনি আরও বলেন, মাঝে মধ্যে হাতিগুলো জুমের ফসল নষ্ট করে। এ এলাকায় ছোট ব্যবসায়ীরা হাতির টানা গাছ জোত ব্যবসায়ী বাবুলের কাছে বিক্রি করেন। রূপসীপাড়ায় অবস্থিত তার ডিপো দিয়ে এসব অবৈধ গাছ জোতের মধ্য দিয়ে পাচার হয় বলে অভিযোগ করেন তিনি।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফজুর রহমান জানান, দুই বছর আগে লামা সদর ইউনিয়ন থেকে একটি হাতি ও মাহুতকে আটক করা হয়েছিল। বিভাগীয় মামলা দিয়ে তাদের আদালতে তোলা হয়। পরে বন আদালতে নিয়মিত মামলা করা হলে হাতিটিকে চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি জানান, শিগগিরই হাতির অবস্থান রয়েছে এমন এলাকায় অভিযান পরিচালনা করা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা