× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপানির মাছে আকাল কেন

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নদীমাতৃক বাংলাদেশ। জালের মতো ছড়িয়ে থাকা নদী, খাল-বিল আর হাওরের মিঠাপানির মাছ একসময় ছিল বাঙালির অহংকার। কিন্তু এখন রাজধানীর বাজারগুলোতে সেই দেশীয় মিঠাপানির মাছ যেন অমাবস্যার চাঁদ! সরকারি খাতায় মাছের উৎপাদন বৃদ্ধির চোখধাঁধানো গল্প থাকলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। বাজারের প্রায় ৫০-৬০ শতাংশই এখন দখল করে আছে আমদানি করা কিংবা চাষের মাছ। আশ্চর্যের বিষয় হলো, রুই-কাতলার মতো মিঠাপানির মাছও এখন আসছে ভিনদেশ থেকে।

তরুণ উদ্যোক্তা এনায়েতউল্লাহ শরীফ কৌশিক সম্প্রতি এই বাস্তবতার মুখোমুখি হন। দেশের মিঠাপানির নদী, খাল-বিল ও হাওরের মাছ নিয়ে অনলাইনভিত্তিক ব্যবসার পরিকল্পনা সাজাতে গিয়ে তিনি রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি মৎস্য আড়ত ঘোরেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘সম্প্রতি চীনে গিয়ে দেখলাম তাদের দেশীয় মাছের কী দারুণ কদর! সেই চিন্তায় অনলাইনে মিঠাপানির মাছ সরবরাহ করতে চাচ্ছি। কিন্তু রাজধানীর বাজারগুলোতে দেখি ৫০-৬০ শতাংশ মাছই আমদানি করা। দেশের মুক্ত জলাশয়ের মাছ হাতে গোনা কয়েকটি। তবে শরীয়তপুরের পালের চরের বাজারে মিঠাপানির মাছ কিছুটা বেশি পেয়েছি।’

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মুক্ত জলাশয় তথা নদী, খাল-বিল ও হাওর থেকে মিঠাপানির মাছ আহরণে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে দেশে মিঠাপানির মাছের প্রজাতি রয়েছে ২৬০টি। এর মধ্যে ছোট মাছ ১৪৩টি, যা দেশে উৎপাদিত মোট মাছের প্রায় ৩০ ভাগ। তবে আশঙ্কার কথা হলো, এসবের মধ্যে ৬৪ প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে। মিঠাপানির মাছগুলোকে মূলত কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। কার্পজাতীয় মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, মহাশোল ও সরপুঁটি। শিং, মাগুর, কৈ, টাকি, শোল ও গজার হলো কৈজাতীয় মাছ। অন্যান্য দেশীয় ছোট মাছের মধ্যে ট্যাংরা, পুঁটি, খলসে, পাবদা, কাজলী, কাকিলা, বাইম, মেনি ও গচি অন্যতম। আর মাংসাশী ও বড় আকৃতির মাছের তালিকায় রয়েছে চিতল, বোয়াল, আইড়, রিঠা, বাঘাইড়, পাঙাশ ইত্যাদি।

উৎপাদন দ্বিগুণ, তবুও সংকট

সম্প্রতি কারওয়ান বাজারের আড়তে মাছ কিনতে আসেন ছোট মাছ ব্যবসায়ী হায়দার আলী। তিনি ঢাকা থেকে মাছ কিনে সাভারে বিক্রি করেন। হায়দার আলী বলেন, ‘নদী-খাল-বিলের দেশি মাছ এখন খুব কম পাওয়া যায়। আমরা ট্যাংরা, মলা, চিংড়ি প্রজাতির মাছ বিক্রি করি। এসবের মধ্যে কিছু দেশি পাওয়া গেলেও বেশিরভাগই চাষের।’

মৎস্য অধিদপ্তরের ১৯৮৩-৮৪ ও ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, প্রাকৃতিক জলাশয়ের মাছ উৎপাদন দশকের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে। ১৯৮৩-৮৪ অর্থবছরে প্রাকৃতিক জলাশয়ে উৎপাদন ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৯৫ টন; ১৯৯৩-৯৪ অর্থবছরে তা দাঁড়ায় ৫ লাখ ৭৩ হাজার ৩৭৬ টনে। ২০০৪ সালে তা বেড়ে ৭ লাখ ৩২ হাজার ৬৭ টন, ২০১৪ সালে ৯ লাখ ৯৫ হাজার ৮০৫ টন এবং সবশেষ ২০২৪ সালে উৎপাদন ১৪ লাখ ১১ হাজার ৭৯৬ টনে উন্নীত হয়েছে।

অর্থাৎ দশকের ব্যবধানে মাছের উৎপাদন বাড়লেও বাজারে প্রাকৃতিক জলাশয়ের মাছের পরিমাণ কম। মৎস্য অধিদপ্তরের হিসাবে দেখা গেছে, গত ৪০ বছরে মুক্ত জলাশয়ের পরিমাণ ৩৪ দশমিক ৫ শতাংশ কমেছে। ১৯৮৩-৮৪ সালে দেশে মাছ চাষে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় ছিল ৬২ দশমিক ৫৯ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরে ২৮ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য বিভাগের পরিচালক ড. মো. মোতালেব হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখন মানুষের সংখ্যা বেড়েছে। মাছের উৎপাদন বাড়লেও সেই সঙ্গে ভোগের পরিমাণও বেড়েছে।’

বিভিন্ন বিভাগে মুক্ত জলাশয়ের মাছের অবস্থা

সরেজমিন রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী মৎস্য আড়ত, গুলশান ডিএনসিসি, মহাখালী ও তেজগাঁও সমিতিবাজার ঘুরে দেখা গেছে, পুঁটি, মলা, গুতুম, চিংড়িগুঁড়া, ট্যাংরাসহ অল্প কয়েকটি মাছ ছাড়া বাকি প্রায় ৬০ শতাংশই আমদানি করা। বড় বাইম, আইড় ও চিংড়ির মতো মিঠাপানির মাছও আমদানিনির্ভর। সরকারি হিসাবে উৎপাদন বাড়লেও নদী বা হাওরের দেশি মাছের হদিস নেই।

ময়মনসিংহের পুরোনো ব্রহ্মপুত্র নদ, কংস নদী ও বিভিন্ন হাওর-বিলে একসময় প্রচুর দেশি মাছ পাওয়া যেত। জলাশয় ভরাট, দূষণ ও অতিরিক্ত আহরণের কারণে নান্দিনা, ভাঙনবাটা, পিয়ালী, নাপিত কৈ ও মহাশোল প্রাকৃতিক উৎস থেকে প্রায় বিলুপ্ত। তবে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কৃত্রিম প্রজনন প্রযুক্তির মাধ্যমে পাবদা, গুলশা, ট্যাংরা, বাতাসিসহ প্রায় ৪০টির মতো বিপন্ন দেশি মাছ চাষের আওতায় এনেছে।

খুলনা বিভাগের তেরখাদার চিত্রা নদী ও ভূতিয়ার বিলসহ বিভিন্ন জলাশয়ে ৪০-৫০ প্রজাতির মিঠাপানির মাছ পাওয়া যেত, যার অনেকগুলোই এখন হারিয়ে যেতে বসেছে। পরিবেশবিদ ও মৎস্য গবেষকদের তালিকায় মহাশোল, নান্দিনা, রিঠা, পিয়ালী, বাচা ইত্যাদি বিলুপ্তির পথে।

বরিশালের নদী-খাল-বিলেও দেশি মাছের প্রাচুর্য কমেছে। বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘দেশীয় প্রজাতির ছোট মাছ নিয়ে আমরা শঙ্কিত। এ বিভাগে রয়না, সরপুঁটি, বাইম ও পাবদা বিলুপ্তির পথে; কৈ, শিং, মাগুর ও শোলও দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। প্রাকৃতিক জলাশয় ও মাছের প্রজননক্ষেত্র রক্ষায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’

রংপুরে তিস্তা ও ঘাঘট নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে পানি থাকে না, এতে মাছের আবাসস্থল নষ্ট হচ্ছে। অন্যদিকে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার, প্রজনন মৌসুমে মাছ নিধন, চায়না দুয়ারি জালের ব্যবহার এবং স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশি মাছ কমে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

মাছ আমদানি কেন

খোঁজ নিয়ে জানা যায়, উরুগুয়ে, দুবাই, ওমান, ইয়েমেন, ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে দেশে মাছ আমদানি হয়। এর মধ্যে ভারত ও মিয়ানমার থেকে রুই, কাতলাসহ মিঠাপানির মাছ বেশি আসে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৪ সালে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে ফ্রোজেন আকারে ৫৯ লাখ ৭৩ হাজার ১৭৩ কেজি রুই-কাতলা আমদানি হয়েছে, যার শুল্কায়ন মূল্য ছিল ৬৩ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৯৮৫ টাকা। আর ২০২৫ সালে একই বন্দর দিয়ে ৫৬ লাখ ৫২ হাজার ২৪৪ কেজি রুই-কাতলা আমদানি হয়েছে, যার শুল্কায়ন মূল্য ৬৩ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৯৬৮ টাকা।

বিশ্বে ২০ কোটি মানুষের খাদ্যের জোগান

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ও লন্ডন জুলজিক্যাল সোসাইটির ‘দ্য ওয়ার্ল্ডস ফরগটেন ফিশেস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে আহরিত মাছের ৫১ শতাংশ (১৮,০৭৫টি প্রজাতি) স্বাদুপানির। বিশ্বজুড়ে আহরিত মিঠাপানির মাছের ৫০ শতাংশই আসে মেকং, নীল, ইরাবতী, ইয়াংজি, ব্রহ্মপুত্র, আমাজন ও গঙ্গা নদী থেকে। মিঠাপানির মাছ ২০ কোটি মানুষের খাদ্যের জোগান দেয় এবং ৬ কোটি মানুষের জীবিকা নির্বাহের উৎস। এর বার্ষিক আর্থিক মূল্য ১০ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি।

প্রতিবেদনে বলা হয়, দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে মিঠাপানির এক-তৃতীয়াংশ মাছ বিলুপ্তির ঝুঁকিতে, ৮০টি প্রজাতি ইতোমধ্যে বিলুপ্ত। সরকারি হিসাবে বিশ্বে বার্ষিক ১ কোটি ২০ লাখ টন মিঠাপানির মাছ ধরা পড়লেও বাস্তবে এর পরিমাণ ৬৫ শতাংশ বেশি। বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের ৬৫ শতাংশই আসে মিঠাপানি থেকে।

কী বলছেন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২০১৫ সালে মিঠাপানির ২৫৩ প্রজাতির মাছের ওপর করা গবেষণায় দেখা গেছে, ৬৪ প্রজাতির মাছ বিপন্ন, সংকটাপন্ন বা মহাবিলুপ্তির পথে। ২০২৬ সালে আরেকটি গবেষণা চলছে, সেটি শেষ হলে বর্তমান পরিস্থিতি বলা যাবে।’

রাজধানীর বাজারে মিঠাপানির মাছও ৫০-৬০ শতাংশ আমদানিনির্ভর কেনÑ জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ বলেন, ‘বর্তমানে মুক্তবাজার অর্থনীতির যুগ। যেকোনো দেশ তাদের চাহিদা অনুযায়ী আমদানি-রপ্তানি করতে পারে।’

একই প্রশ্নের জবাবে শাখাটির উপপরিচালক মোল্লা ইমদাদুল্লাহ বলেন, ‘আমাদের প্রধান সমস্যা হচ্ছে নদীতে পানিপ্রবাহ নেই। ফারাক্কা বাঁধের কারণে পানিপ্রবাহ কম। অনেক নদী শুকিয়ে গেছে। পানি না থাকলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী থাকবে কীভাবে?’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পানি সমস্যার সমাধানে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। তিনি বলেন, ‘এগুলোর সমাধান রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আসতে হবে। মাছের প্রজননের পরিবেশ নিশ্চিত করতে না পারলে উৎপাদন বাড়বে কীভাবে?’

এ প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন প্রতিদিনের বাংলাদেশের কয়েকজন প্রতিবেদক: রংপুর থেকে মেরিনা লাভলী, বরিশাল থেকে শাকিল মাহমুদ, খুলনা থেকে মাশরুর মোরশেদ, ময়মনসিংহ থেকে শফিক সরকার, চট্টগ্রাম থেকে হুমায়ুন মাসুদ ও সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নুর রহমান তুষার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা