গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ছাত্ররাজনীতির নতুন মেরুকরণ আর জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। শিক্ষার্থীদের ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৮টি পদের ২৩টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছিল ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ১৪ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছিল সাদিক-ফরহাদ প্যানেল। দেখতে দেখতে বছর গড়িয়েছে, শেষ হতে চলেছে বর্তমান ডাকসুর মেয়াদ।
নির্বাচনী ইশতেহারে ৩৬ দফা সংস্কারের পাশাপাশি ছয়টি বিষয়ে ‘হ্যাঁ’ এবং ছয়টি বিষয়ে ‘না’ বলে শিক্ষার্থীদের মাঝে বিশাল প্রত্যাশার জন্ম দিয়েছিল এই প্যানেল। তবে বছর শেষে বড় প্রশ্নÑ সেই প্রত্যাশার কতটা বাস্তবে রূপ নিয়েছে? কতগুলো উদ্যোগ দৃশ্যমান আর কতগুলো শুধু ইশতেহারের পাতায়ই আটকে আছে? শিক্ষার্থীদের দাবি ও ডাকসু নেতাদের ভাষ্য বিশ্লেষণ করে দেখা যায়, পরিবহন ও চিকিৎসায় বেশ কিছু দৃশ্যমান সাফল্য থাকলেও আবাসন, স্বাস্থ্যসম্মত খাবার ও পেপারলেস প্রশাসনিক সেবার মতো মৌলিক প্রতিশ্রুতিগুলো পূরণে ডাকসু অনেকটাই ব্যর্থ হয়েছে।
সামান্য সাফল্য
শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে ডাকসুর পরিবহন খাতের উন্নয়ন। ইশতেহার অনুযায়ী সান্ধ্যকালীন বাস ট্রিপ ও শনিবারের ট্রিপ চালু করেছেন পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। পাশাপাশি কুমিল্লা পর্যন্ত বাসসেবা সম্প্রসারণ এবং বাসের লাইভ লোকেশন জানতে ‘লালবাস’ অ্যাপ চালু শিক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছে। ডাকসুর তথ্যমতে, এ খাতে প্রায় সাড়ে ৪ কোটি টাকার কাজ করা হয়েছে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও কিছু অগ্রগতি চোখে পড়ার মতো। শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের অবকাঠামো সংস্কারে প্রায় ৩ কোটি টাকার কাজ হয়েছে। পাশাপাশি ফার্স্ট এইড বুটক্যাম্প এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো হয়েছে। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে গত ১৭ আগস্ট আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এ ৩০-৪০টি চীনা প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে শিক্ষার্থীদের জন্য ৪৩০টি চাকরির সুযোগ তৈরি হয়।
এর বাইরেও অবকাঠামোগত কিছু সংস্কার হয়েছে। তুরস্কের পৃষ্ঠপোষকতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় জামে মসজিদ এবং প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মুসা খাঁ মসজিদ সংস্কার করা হয়েছে। শারীরিক শিক্ষাকেন্দ্রে নারী শিক্ষার্থীদের জন্য ৬৫ লাখ টাকা ব্যয়ে আলাদা জিম নির্মাণ এবং কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে বিসিবির কাছ থেকে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ আনা ডাকসুর অন্যতম অর্জন। এ ছাড়া ইশতেহারের ‘না’ বলা ছয়টি বিষয়ের মধ্যে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের পুরনো চিত্র অনেকটাই বদলেছে বলে মনে করেন শিক্ষার্থীরা।
ব্যর্থতার বহর
ডাকসুর সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধানে ধীরগতিকে। এক বছর পরও হলের খাবারের মান উন্নত হয়নি; উল্টো খাবারে ব্লেড, কেঁচো, তেলাপোকা পাওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে নারী হলগুলোতে তীব্র আবাসন সংকট এখনও রয়ে গেছে।
প্রশাসনিক সেবা আধুনিক করার লক্ষ্যে ‘পেপারলেস রেজিস্ট্রার বিল্ডিং’ ও ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর প্রতিশ্রুতিও অধরা রয়ে গেছে। চালু হয়নি ব্যবসায় শিক্ষা অনুষদের ই-লাইব্রেরি। স্বাস্থ্যসেবায় কিছু অগ্রগতি হলেও ‘DUMC’ অ্যাপ চালু, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং নারী শিক্ষার্থীদের জন্য পৃথক স্ত্রীরোগ বিশেষজ্ঞের ব্যবস্থা করার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
এর বাইরেও লেজুড়বৃত্তির অভিযোগ উঠেছে ডাকসু নেতাদের বিরুদ্ধে। নির্বাচিত হলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করার কথা থাকলেও জাতীয় নির্বাচনের আগে জামায়াতের পক্ষে ভোট চাইতে দেখা যায় শীর্ষ নেতাদের। ক্যাম্পাসে বহিরাগত উচ্ছেদ করতে গিয়ে ‘মব জাস্টিস’-এর আশ্রয় নেওয়া এবং কনসার্টে সিগারেট কোম্পানির স্পনসর নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়। নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দেওয়া হলেও টিএসসি ও আশপাশের এলাকায় এখনও মাদক ও ছিনতাইয়ের অভিযোগ উঠছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বীর সঙ্গে ডাকসুর অন্য নেতাদের দূরত্বের কারণে তাকে কার্যক্রমে তেমন দৃশ্যমান দেখা যায়নি।
শিক্ষক মূল্যায়ন নিয়ে প্রশ্ন
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের মান ও পেশাদারত্ব মূল্যায়নে ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। তবে ডাকসুর এই উদ্যোগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের দাবি, শিক্ষক মূল্যায়ন ডাকসুর এখতিয়ারে পড়ে না, এর জন্য নিজস্ব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডাকসু জানায়, শিক্ষার্থীরা একাডেমিক ইমেইল ব্যবহার করে ওয়েলসাইটে লগইন করে শুধু নিজ বিভাগের শিক্ষকদের কোর্সের কাঠামো, শিক্ষাদান পদ্ধতি, আচরণ ও পেশাদারত্বের মতো মানদণ্ডে রেটিং দিতে পারবেন। পরীক্ষামূলক চালুর দুই দিনেই প্রায় সাত হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।
ডাকসু জানিয়েছে, শিক্ষকদের সঙ্গে বিরোধ নয়, বরং পাঠদানের মান উন্নয়ন ও কার্যকর ফিডব্যাকের জন্যই এই ব্যবস্থা। প্রশাসনের কাছে এক বছর ধরে দাবি জানানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় ডাকসু এটি চালু করেছে। আগামী তিন মাসের মূল্যায়নের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রশাসনের কাছে হস্তান্তর করবে ডাকসু।
কার ওপর দোষ চাপাচ্ছেন নেতারা
অধিকাংশ ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও আমলাতান্ত্রিক জটিলতার ওপর চাপিয়েছেন ডাকসু নেতারা। ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রতিদিনের বাংলাদেশের কাছে দাবি করেছেন, ‘ডাকসু নির্বাচনের আগে শিক্ষার্থীদের কাছে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেকটি বাস্তবায়নের চেষ্টা করেছি। খাবারের মান বৃদ্ধি ও আবাসন সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নিলেও প্রশাসনের গাফিলতি ও দীর্ঘসূত্রতার কারণে তা সম্ভব হয়নি।’
কায়েম বলেন, ‘আমরা ইশতেহারের প্রতিশ্রুতির বাইরেও নারী হলগুলোতে নিরাপত্তা গেট স্থাপন, কম্পিউটার ল্যাব স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তবে ডাকসুর জন্য বিশ্ববিদ্যালয়ের যে ন্যায্য হিস্যা ও বাজেট পাওয়ার কথা ছিল, সেটি আমরা পাইনি। প্রশাসনের অসহযোগিতার কারণে অনেক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি।’
ডাকসুর সাধারণ সম্পাদক এসএম ফরহাদ একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত না হওয়ার দায়ও প্রশাসনের ওপর চাপিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেছি। সেটা সিদ্ধান্তও হয়েছে। এটা যদি তারা যুক্ত না করে, সেটা তাদের গাফিলতি।’
তবে মেয়াদের শেষ সময়ে এসে ডাকসু নির্বাচন নিয়ে ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করেছি। এখন নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনকে জানিয়েছি। আমাদের দায়িত্ব শেষ হলে আমরা আর চেয়ার আঁকড়ে থাকতে চাই না। ক্যাম্পাসে নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দেবেন।’