× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রম ও শিকলে বন্দি ‘বাহাদুরের’ জীবনের ২৪ বছর

রফিকুল ইসলাম, লামা-আলীকদম (বান্দরবান)

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০ পিএম

লামা সদর ইউনিয়নের দুর্গম ঘিলাপাড়া এলাকায় গাছ টানার কাজে ব্যবহৃত হচ্ছে হাতি ‘বাহাদুর’।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লামা সদর ইউনিয়নের দুর্গম ঘিলাপাড়া এলাকায় গাছ টানার কাজে ব্যবহৃত হচ্ছে হাতি ‘বাহাদুর’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বাধীনতা কী, মুক্তির আনন্দ কেমন-তা হয়তো ভুলেই গেছে হাতি ‘বাহাদুর’। বয়স প্রায় ৩৮ বছর। এর মধ্যে জীবনের ২৪ বছরই কেটেছে পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায়। 

গহিন পাহাড়ে ভারী গাছ টেনে টেনে দিন কাটে তার। তবে শ্রমের বিনিময়ে মেলে না পর্যাপ্ত খাবার বা বিশ্রাম।

সারাদিনের কাজ শেষে শিকল বাঁধা অবস্থায় খাবারের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। আশপাশের লতাপাতা খেয়েই কোনো রকমে বেঁচে আছে সে।

হাতি ‘বাহাদুর’ ও ইনসেটে হাতির মাহুত সিফার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের দুর্গম ঘিলাপাড়া এলাকায় গেলে দেখা মেলে বাহাদুরের।

শুধু বাহাদুর নয়, উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় এমন বন্দিদশায় থাকা আরও সাতটি হাতির সন্ধান পাওয়া গেছে।

ঘিলাপাড়ায় একটি, দোছড়ি এলাকায় দুটি, চিউনী খালের আগায় একটি, রূপসীপাড়া ইউনিয়নের লামা খালের আগায় দুটি এবং সরই ইউনিয়নের লেমুপালং ও লুলাইং এলাকায় রয়েছে দুটি হাতি।

স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও অমানবিকতার কারণে এসব হাতি বছরের পর বছর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। দীর্ঘদিন শিকলে বাঁধা থাকা এবং পর্যাপ্ত খাবার-চিকিৎসা না পাওয়ায় বাহাদুরসহ অন্য হাতিগুলোও অসুস্থ হয়ে পড়ছে। আয় করার যন্ত্র হিসেবে ব্যবহার করাই যেন তাদের নিয়তি।

বাহাদুরকে দিয়ে টানা বড় বড় মাতৃগাছ। যেগুলো লামা ইউনিয়নের ঘিলাপাড়ায় মজুদ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরেজমিনে হাতির মাহুত সিফারের সঙ্গে কথা হলে তিনি জানান, দৈনিক ৬ হাজার টাকায় গাছ টানার জন্য হাতিটিকে ভাড়া দেওয়া হয়। একেক দিন একেক জায়গায় গাছ টানতে যেতে হয়।

তার ভাষ্য, হাতিটির মালিকের বাড়ি সিলেটে। লামায় গাছ টানার কাজে ব্যবহৃত হাতিগুলোর সিলেট বন বিভাগের অধীনে লাইসেন্স রয়েছে।

তবে লামায় হাতি আনার কারণ সম্পর্কে জানতে চাইলে সিফার বলেন, তা তিনি জানেন না; মালিক বলতে পারবেন।

তার দেওয়া তথ্যমতে, বাহাদুরের বয়স প্রায় ৩৮ বছর এবং ২৪ বছরেরও বেশি সময় ধরে তাকে গাছ টানার কাজে ব্যবহার করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে সদর ইউনিয়নের পোপা হেডম্যানপাড়ার এক বাসিন্দা জানান, বড় গাছ টানতে গিয়ে অনেক সময় হাতি আহত হয়, এমনকি মারা যাওয়ার ঘটনাও ঘটে।

তিনি বলেন, গত বছর তাদের এলাকার কাছে পাহাড় থেকে পড়ে একটি হাতি গুরুতর আহত হলেও চিকিৎসা না পেয়ে কয়েক দিন পর মারা যায়।

স্থানীয়দের অভিযোগ, হাতির মাধ্যমে বন থেকে শত শত মাতৃগাছ ও বনজ ঔষধি গাছ কেটে নেওয়া হচ্ছে। পরে এসব গাছ বিভিন্ন ডিপোতে নিয়ে যাওয়া হয়।

তাদের অভিযোগ, গাছ পরিবহনের জন্য পাহাড় কেটে ও ঝিরির পানিপ্রবাহ বন্ধ করে তৈরি করা হয়েছে ৩০ কিলোমিটারের বেশি রাস্তা।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফজুর রহমান জানান, “দুইবছর আগে হাতি এবং মাহুতকে লামা সদর ইউনিয়ন থেকে আটক করা হয়। বিভাগীয় মামলা দিয়ে তাদের আদালতে তোলা হয়। এ ঘটনায় বন আদালতে নিয়মিত মামলা করা হলে হাতিটি চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছিল।”

শীঘ্রই হাতির অবস্থান রয়েছে এমন জায়গায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

বাহাদুরের গল্প কেবল একটি হাতির বন্দিজীবনের গল্প নয়; এটি মানুষের লোভ, অবহেলা ও নিষ্ঠুরতার সামনে একটি নির্বাক প্রাণীর অসহায়তার গল্প।

যে প্রাণীটি একসময় মুক্ত পাহাড়ে বিচরণ করার কথা, তার জীবন এখন শিকল, শ্রম আর অনাহারের বৃত্তে বন্দি। বাহাদুরের চোখে হয়তো আজও মুক্ত পাহাড়ের কোনো স্মৃতি বেঁচে আছে- প্রশ্ন শুধু, সেই স্মৃতির কাছে মানুষ কবে দায়বদ্ধ হবে?

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা