সিয়াম সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৯ পিএম
ঝুঁকিপূর্ণ কক্ষটি বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখার চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিদ্যালয় মাঠে ও শ্রেণিকক্ষের বাইরে খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর বদলগাছী উপজেলার সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ ধীরে ধীরে পাশের পুকুরের পানিতে ধসে পড়ছে। দেয়ালের একাংশ আগেই ভেঙে পড়েছে।
ঝুঁকিপূর্ণ কক্ষটি বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখার চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিদ্যালয় মাঠে ও শ্রেণিকক্ষের বাইরে খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।
ফলে যেকোনো সময় পুরো কাঠামো ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষক-শিক্ষার্থীরা কক্ষটিতে প্রবেশ করতেও ভয় পাচ্ছেন।
জরাজীর্ণ শ্রেণিকক্ষে ক্লাস করতে ভয় লাগে উল্লেখ করে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, বাহিরে মাঠে ক্লাস করতে গিয়ে রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করতে হচ্ছে, যাতে পড়ালেখার পরিবেশ বিনষ্ট হচ্ছে। অতি দ্রুত এই ভাঙা শ্রেণীকক্ষ মেরামত অথবা একটি নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানায় তারা।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এখনও সরকারি অনুদানে কোনো ভবন পাওয়া যায়নি দাবি করে বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক গৌর চন্দ্র বলেন, “প্রতিষ্ঠাকালীন সময়ে সেইসময়ের ম্যানেজিং কমিটির সদস্য টিন সিটের আঁধাপাকা বিল্ডিং করেছিল সেটাই এখনও আছে। সেই রুমগুলো (পাশে পুকুর থাকায়) ভেঙে যাওয়ায় স্কুলে ক্লাস নেওয়া অনেক অসুবিধা হচ্ছে।”
বর্তমানে ক্লাস খোলা মাঠে নিতে হচ্ছে উল্লে করে তিনি অভিযোগ করেন,“আমাদের বিদ্যালয়টি একটি বালিকা বিদ্যালয় হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের চারিদিকে কোনো বাউন্ডারি না থাকায় যখন তখন যত্রতত্র যে কেউ স্কুলে প্রবেশ করতে পারে এতে স্কুলে অধ্যয়নরত মেয়েদের বিড়ম্বনায় পড়তে হয়।"
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুদ রানাও একই ধরনের কথা উঠে আসে।
তিনি বলেন, "পুরাতন জরাজীর্ণ ক্লাসরুমগুলো সেই স্কুল প্রতিষ্ঠার সময় ম্যানেজিং কমিটির করে দিয়েছিলেন। বর্তমানে তা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমাদের যে পরিমাণ ক্লাসরুম দরকার সেই পরিমাণ ক্লাসরুম আমাদের এখন পর্যন্ত নেই। এই কারণে এই ঝুঁকিপূর্ণ ক্লাসরুমগুলোতেই আমাদের ক্লাস নিতে হচ্ছে।”
তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “খুব শীঘ্রই যদি রুমগুলো সংস্কারসহ পাঠদান কার্যক্রম চালানোর মতো একটি ভবন নির্মাণ করে দেন। তাহলে আমি আশা করি আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাব।”
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, "আমি এই বিষয়ে অবগত আছি, সেই সময় সংস্কার কাজ হয়েছিল। তবে বৃষ্টির কারণে মাটি দিয়ে ভরাট করা যায়নি।”
“আমরা অতি দ্রুত কাজ করার জন্য কথা বলেছি। উপজেলা প্রকৌশলী মহোদয় ছুটিতে আছেন, উনি ফিরে আসলেই ঠিক করে দিবেন”, বলেন তিনি।