গ্রাফিক্স: এআই
একদিকে ‘হাম’, অন্যদিকে ‘ডেঙ্গু’Ñ এই দুই রোগের প্রকোপে দিশাহারা পুরো বাংলাদেশ। সরকারি হিসাব অনুযায়ী, দেশজুড়ে হামের প্রকোপ রোধে টিকাদানের বৈশ্বিক নিরাপদ লক্ষ্যমাত্রা ৯৫ শতাংশ ছাড়িয়ে ১০৯ শতাংশে দাঁড়িয়েছে। এরপরও অপ্রতিরোধ্য হামের সংক্রমণ ও মৃত্যু। অন্যদিকে সরকার বর্ষা শুরুর আগে থেকেই এডিস মশা নিধন অভিযানসহ ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে; কিন্তু তারপরও বর্ষার শেষদিকে এসে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। স্বজন হারানোর কান্নায় ভারী হচ্ছে দেশের আকাশবাতাস।
যা জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বৃহস্পতিবারের তথ্য জানাচ্ছে, শুধু গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১২ জন। সন্দেহজনক হামে মারা গেছে ৭ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন এবং সুস্থ হয়ে ছাড় পেয়েছে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।
এ ছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৪৫; নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৩৩ জন। হাম সন্দেহে মৃত্য ঘটেছে ৯০৯ জনের। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০০ জনের।
অধিদপ্তরের তথ্যমতেই, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইনে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার ৩১২ জনকে। কভারেজ দেখানো হয়েছে ১০৯ দশমিক ৭ শতাংশ। সঙ্গতকারণেই প্রশ্ন দেখা দিয়েছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়ার পরও যদি প্রতিদিন এক হাজারের বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়, তাহলে এই কভারেজ বাস্তবে কতটা সুরক্ষা নিশ্চিত করেছে?
এ প্রসঙ্গে জনস্বাস্থ্যবিদ ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুশতাক হোসেন মনে করেন, ‘শুধু কত ডোজ টিকা দেওয়া হয়েছে, সেই সংখ্যা দিয়ে হামের টিকাদান কর্মসূচির সাফল্য বিচার করা যাবে না। প্রকৃতপক্ষে যত শিশু টিকা পাওয়ার কথা ছিল, তাদের কতজন টিকা পেয়েছেÑ সেটিই গুরুত্বপূর্ণ। কোন এলাকায় কত শিশু বাদ পড়েছে, কেন বাদ পড়েছে এবং কোন বয়সী শিশুর মধ্যে আক্রান্তের হার বেশিÑ এসব তথ্যও বিশ্লেষণ করতে হবে।’
ড. মুশতাক হোসেনের মতে, প্রকৃত শিশুসংখ্যার তুলনায় পরিকল্পনায় কম শিশু থাকলে কাগজে টিকাদানের হার ৯৫ শতাংশের বেশি হলেও বাস্তবে অনেক শিশু সুরক্ষার বাইরে থেকে যেতে পারে। তাই টিকাদানের কভারেজ পুনর্মূল্যায়ন করে বাদ পড়া শিশুদের জন্য ক্যাচ-আপ টিকাদান চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।
ডেঙ্গুর মানচিত্রও বদলাচ্ছে
এদিকে, হামের সঙ্গে পাল্লা দিয়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বৃহস্পতিবারের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ হাজার ৪৩০ জন। মৃত্যু হয়েছে ১৩৯ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৪ হাজার ৮৫৭ জন।
ডেঙ্গুর বিস্তারও শুধু রাজধানীতে সীমাবদ্ধ নেই। চলতি বছর খুলনা বিভাগে ৭ হাজার ৮৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে ২৬ জন। বরিশাল বিভাগে ভর্তি হয়েছে ৭ হাজার ১৫৪ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। চট্টগ্রাম বিভাগে ভর্তি ৭ হাজার ৯৩ জন, মৃত্যু ৯ জনের। রাজশাহী বিভাগে ২ হাজার ৮০৯ জন ভর্তি হয়ে মারা গেছে ৬ জন।
জেলার হিসাবেও রোগীর চাপ উল্লেখযোগ্য। খুলনা জেলায় এ বছর ২ হাজার ৬৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পিরোজপুরে ভর্তি হয়েছে ১ হাজার ৮৪৬ জন, ঝালকাঠিতে ১ হাজার ৫৭৪ জন এবং চট্টগ্রাম জেলায় ১ হাজার ৩৬৩ জন।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুকে এখন আর শুধু ঢাকাকেন্দ্রিক রোগ হিসেবে দেখার সুযোগ নেই। এডিস মশার বিস্তার, পানি জমে থাকা, বৃষ্টির পানি সংরক্ষণ, দ্রুত নগরায়ণ এবং মানুষের চলাচলের কারণে সংক্রমণের ভৌগোলিক পরিধিও বদলে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ‘দুই দশকের বেশি সময় ধরে বিপুল অর্থ ব্যয় করেও যদি মশা নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত ফল না আসে এবং ডেঙ্গুতে মৃত্যু বেশি থাকে, তাহলে মশা নিয়ন্ত্রণের প্রচলিত পদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে হবে।
ড. বাশার বলেন, ‘এডিস মশা মানুষের বাসাবাড়ির ভেতর, বাথরুম, পার্কিংসহ নানা স্থানে জমে থাকা পানিতে বংশবিস্তার করে। এসব জায়গায় সিটি করপোরেশনের কর্মীদের নিয়মিত পৌঁছানো কঠিন। ফলে শুধু বাইরে থেকে ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’ ঘরে ঘরে মশার ঘনত্ব কমাতে ডেনেক্স ট্র্যাপের মতো উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের কথাও বলেন তিনি।
একই সঙ্গে ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি কমাতে দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার ওপর জোর দেন তিনি। জ্বরের শুরুতেই রোগীকে শনাক্ত করে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে গুরুতর অবস্থায় যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।
একই সময়ে দুই সংক্রমণের চাপ
হাম ও ডেঙ্গুর হিসাব পাশাপাশি রাখলে পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট হয়। একদিকে ১০৯ দশমিক ৭ শতাংশ টিকাদানের কভারেজ, অন্যদিকে ৯০৯ সন্দেহজনক হাম মৃত্যু। একদিকে মশক নিয়ন্ত্রণের নানা কর্মসূচি, অন্যদিকে চলতি বছর ডেঙ্গু নিয়ে ৪৮ হাজার ৪৩০ জনের হাসপাতালে ভর্তি ও ১৩৯ জনের মৃত্যু। শুধু গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টাতেই দুই রোগে সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১৩ জনের। বিশেষজ্ঞের মতে, কত টিকা দেওয়া হয়েছে কিংবা কতবার মশা নিধন অভিযান হয়েছে, সেই হিসাব যথেষ্ট নয়। দেখতে হবে, কর্মসূচির সুরক্ষা মানুষের ঘর পর্যন্ত পৌঁছেছে কি না।
হামের ক্ষেত্রে প্রকৃত টিকাপ্রাপ্য শিশু কতজন এবং তাদের মধ্যে কতজন টিকা পেয়েছে, তার সঠিক হিসাব দরকার। ডেঙ্গুর ক্ষেত্রে জানতে হবে কোন এলাকায় সংক্রমণ বাড়ছে, কোথায় এডিসের প্রজনন বেশি এবং কেন নিয়ন্ত্রণ কার্যক্রম সেখানে যথেষ্ট ফল দিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, টিকা আছে, অভিযান আছে, পরিকল্পনাও আছেÑ তবু রোগ ও মৃত্যু বাড়তে থাকলে বুঝতে হবে, প্রতিরোধের দেয়ালে কোথাও না কোথাও ফাঁক রয়ে গেছে। এখন সেই ফাঁক খুঁজে বের করাই সবচেয়ে জরুরি।