এসআরডিআই
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) অ্যাক্রেডিটেশন ল্যাবের অর্ধকোটি টাকা নয়ছয় করা হয়েছে। প্রয়োজন না থাকার পরও বদলি করা হয়েছে বিভিন্ন কর্মকর্তাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বিধি ভঙ্গ করে আর্থিক অনিয়মে অভিযুক্তদের। এমন সব গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো. আফসার আলীর বিরুদ্ধে। সম্প্রতি ভুক্তভোগীরা কৃষি মন্ত্রণালয়ে এসব বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। তবে ডিজিসহ সংশ্লিষ্টরা এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্টো অভিযোগ তুলেছেন।
ল্যাব প্রতিষ্ঠার আগেই কোটি টাকা লোপাট ও নথিপত্র গায়েবকারীর পুনর্বাসন যশোর আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হুমায়ুন কবির সিরাজী ‘অ্যাক্রেডিটেশন ল্যাব’ কর্মসূচির পরিচালক থাকাকালে গবেষণাগার প্রতিষ্ঠা না করেই কোটি টাকা লোপাটের লিখিত অভিযোগ তুলেছেন কর্মকর্তারা। তারা বলেন, শুধু ভারতীয় এক কনসালট্যান্টকেই ৫১ লাখ টাকা পরিশোধ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। দায়িত্ব হস্তান্তরে দুর্নীতির প্রমাণ নষ্ট করতে গুরুত্বপূর্ণ মূল কাগজপত্র ও প্রমাণাদি গায়েব করেছে। ডিজি তাকে শাস্তির বদলে ঢাকায় এনে মাইক্রোবায়োলজি ল্যাবের অ্যাক্রেডিটেশনের দায়িত্ব দিয়ে পুরস্কৃত করছেন।
এদিকে ২০২৫ সালের ১৯ অক্টোবর অ্যাক্রেডিটেশন ল্যাবের গুরুত্বপূর্ণ ৮টি ফাইল ও নথিপত্র পাওয়া যায়নি বলে ড. মো. হুমায়ুন কবীর সিরাজীকে কারণ দর্শানোর নোটিস দেয় এসআরডিআইয়ের কেন্দ্রীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। তা ছাড়া যশোরের আঞ্চলিক গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম কর্মরত থাকার পরও বিধিবহির্ভূতভাবে বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মেসবাহুল ইসলামকে দিয়ে প্রধান কার্যালয় থেকে গবেষণাগারের জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও ফিল্টার পেপার নিয়ে যাওয়ার চিঠি ইস্যু করায় চলতি বছরের ১৫ এপ্রিল তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
জানতে চাইলে ড. মো. হুমায়ুন কবীর সিরাজী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অ্যাক্রেডিটেশন ল্যাবের পিডি ছিলেন ড. আব্দুল বারী, টাকার খবর জানি না। কর্তৃপক্ষের পাঁচজনকে নথিপত্র দিয়েছি, তারা লিখিত দিয়েছে।’ আটটি যন্ত্রপাতির ফাইলের ব্যাপারে তিনি বলেন, ‘তারা সবকিছু বুঝে নেওয়ার তিন মাস পর চিঠি ইস্যু করেছে।’
আর্থিক দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তিনটি ল্যাব প্রতিষ্ঠার কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলাম। ২০২২ সালে এগুলোর অডিট নিষ্পত্তি হয়ে গেছে।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে ড. নুরুল হুদা আল মামুন ও আইরিন সুলতানা এসব অসত্য কথা বলছেন।’
এ ব্যাপারে জয়নাল আবেদীন বলেন, ‘হুমায়ুন কবীর সিরাজীর কাছ থেকে ফাইল পাওয়ার পর দেখা গেছে ভেতরে অনেক কাগজপত্র নেই। তাকে চিঠি দিলেও কোনো জবাব দেয়নি।’
পরিকল্পনা সেল বিলুপ্ত, যোগ্য ও বিএনপিপন্থী কর্মকর্তাদের হয়রানি
২০২৪ সালের ১১ নভেম্বর গঠিত এসআরডিআইয়ের পরিকল্পনা সেল গঠন করা হয়। সেলে কাজ করছিলেন মো. ফারুক হোসেন। ড. আফছার আলী পরিকল্পনা সেলটি ভেঙে ও ফারুক হোসেনকে সরিয়ে ড. মো. হুমায়ুন কবীর সিরাজীকে অলিখিতভাবে ও পরে ২০ আগস্ট লিখিতভাবে দায়িত্ব দেন।
মো. ফারুক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি ভালোভাবে এ সেলে কাজ করছি। তিনি (ডিজি) আওয়ামী লীগ করেন। তাই বিএনপিপন্থীদের বাদ দিয়ে আওয়ামী লীগের কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবীর সিরাজীকে দায়িত্ব দেন।
এ ব্যাপারে ড. আফছার আলী বলেন, ‘আমি রাজশাহী বিভাগের প্রধান থাকাবস্থায় এসিআরে তার কর্ম অদক্ষতা নিয়ে মন্তব্য দিয়েছি, সে ঠিকমতো কাজ করে না।’
চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের নবম গ্রেডের লোক দিয়ে অবমাননা
মৃত্তিকা ইনস্টিটিউটে চতুর্থ বা ষষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের ফাইল অনুমোদনের পর ডিজি সেটির মতামত ও চূড়ান্ত অনুমোদনের জন্য ‘উপ-পরিচালকের (প্রশাসন) কাছে পাঠাচ্ছেন না। বরং পাঠাচ্ছেন নবম গ্রেডের কর্মকর্তা পাবলিকেশন অ্যান্ড লিয়াজোঁ অফিসার শরিফুল ইসলামের টেবিলে। এ ব্যাপারে গত ১ জুন তিনি অফিস আদেশ জারি করেছেন, যা জ্যেষ্ঠ বিজ্ঞানীদের জন্য চরম অবমাননাকর বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শরিফুল ইসলামের ছেলে মো. শাহরিয়ার ইসলাম আরিয়ান চলতি বছরের ১৭ মে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের মিছিলে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলেও ছিলেন। এ সম্পর্কে শরিফুল ইসলাম বলেন, ছেলেকে ডেকে নিয়ে ট্র্যাপে ফেলে গ্রেপ্তার করানো হয়েছে।
ডিজির একাধিক গাড়ি ব্যবহার ও প্রশিক্ষণের অর্থ আত্মসাতের অভিযোগ
এসআরডিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গাড়ি না পেলেও ডিজি একাধিক গাড়ি ব্যবহার করছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর ২টি সরকারি গাড়ি নিজে ও পরিবারের কাজে লাগাচ্ছেন।
এ ব্যাপারে মহাপরিচালক বলেন, ‘ডিজির জন্য বরাদ্দের গাড়িটি ব্যক্তিগত কাজে ও আরেকটি গাড়ি সচিবালয়ে ঢোকার পাস থাকায় অফিসের জন্য ব্যবহার করা হয়।’
এসআরডিআই সূত্রে জানা যায়, প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নায়মুল হাসান। আগস্টে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশিক্ষণের ফান্ডে ৪০ লাখ টাকা রয়েছে। বছরে এ খাতে প্রায় ১ কোটি টাকা বরাদ্দ থাকে। এসব অর্থ আত্মসাতের জন্য ডিজি এ কাজ করছেন বলে একাধিক কর্মকর্তা জানান। এক কর্মকর্তা অভিযোগ করেন, গত জুন মাসে দুই দিনব্যাপী কর্মশালায় ব্যাগ, সেমিনারে উপস্থিতি সম্মানীসহ আনুষঙ্গিক অনেক কিছুর অর্থ তোলা হয়েছে। ব্যাগ না দিয়ে ২০ টাকার ফাইল দেওয়া হয়েছে। খাবার থেকেও অর্থ কেটে নেওয়া হয়েছে। আবার অনেককে সেমিনারের উপস্থিতি সম্মানী না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। কর্মকর্তাদের অভিযোগ, গত ৪ আগস্টও এক সেমিনারে নিম্নমানের খাবার সরবরাহ করে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
বিতর্কিত কমিটি
প্রতিষ্ঠানটির কারিগরি রিপোটের জন্য ডিজি একটি কমিটি গঠন করেছেন। সেখানে ২০২৪ সালের ৪ আগস্টের শান্তি সমাবেশের অর্থদাতা আমীর মো. জাহিদকে প্রধান করা হয়েছে। অন্যরা হলেনÑ এনায়েতুল্লাহ ও মামুনুর রহমান। তাদের বিরুদ্ধে সাবেক সরকারের সময় নানা ধরনের গণবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
অপ্রয়োজনীয় বদলিতে ক্ষোভ
ঢাকায় ২৬-৩২ বছর ধরে কর্মরত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাদের বদলির পরিবর্তে কয়েক বছর ধরে কর্মরতদের বদলি করা হচ্ছে। এসব অপ্রয়োজনীয় বদলিতেও ক্ষোভ দেখা দিয়েছে। কর্মকর্তাদের বেশিরভাগই বদলি প্রত্যাহারে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
এ বিষয়ে চাইলে ড. মো. আফছার আলী বলেন, ‘পদোন্নতিতে জ্যেষ্ঠতা অবলম্বন করা হচ্ছে।’ দুর্নীতিগ্রস্তদের কেন দায়িত্ব দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘দক্ষদের নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে।’