× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পোকা আর দখলের কাহিনী

বোরহানউদ্দিন মাহমুদ ও ইউছুব ওসমান

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবারের মান, স্বাস্থ্যবিধি, পরিমাণ ও আসন সংকট নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। তাদের অভিযোগ, খাবারে পোকামাকড় ও তেলাপোকা পাওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি তেহারিতে মাংসের পরিমাণ কম, তরকারিতে ঝোল বেশি এবং খাবারের বৈচিত্র্যও সীমিত। প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়ায় আসন রয়েছে মাত্র ৬০টি। নষ্ট চেয়ার-টেবিলের কারণে কার্যকর আসন সংখ্যা আরও কমে গেছে।

ক্যাফেটেরিয়ায় 'নরক'

দুপুরের বিরতিতে ক্যাফেটেরিয়ার সামনে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। কেউ খাবারের টোকেন নিয়ে লাইনে দাঁড়ান, কেউ খাবার হাতে বসার জায়গা খোঁজেন। জায়গা না পেয়ে অনেককে দাঁড়িয়ে বা ক্যাম্পাসের অন্য স্থানে খাবার খেতে হয়। শিক্ষার্থীদের ভাষ্য, তাদের সামর্থ্যের কথা বিবেচনা করে খাবারের দাম কম রাখা হলেও খাবারের নিরাপত্তা ও মানের সঙ্গে আপস করা উচিত নয়।

খাবারে পোকামাকড়, তেলাপোকা পাওয়ার অভিযোগ: ক্যাফেটেরিয়ার খাবারের স্বাস্থ্যবিধি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে খাবারে পোকামাকড় ও তেলাপোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের দাবি, খাবারের মধ্যে এ ধরনের পোকামাকড় পাওয়ার ঘটনা ঘটেছে। এতে খাবার তৈরির স্থান, সংরক্ষণ ও পরিবেশনের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষার্থী আমরিন জাহান বলেন, ক্যাফেটেরিয়ার খাবার সব সময় স্বাস্থ্যসম্মত মনে হয় না। কখনও কখনও খাবারে পোকামাকড় বা তেলাপোকার মতো কিছু পাওয়ার অভিযোগ রয়েছে। রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান কতটা পরিষ্কার রাখা হচ্ছে, তা নিয়মিত তদারকি করা দরকার।

পরিসংখ্যান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আরাফাতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টায় ক্লাস থাকায় সকালে না খেয়েই তাড়াহুড়া করে ক্যাম্পাসে আসেন। ক্ষুধা মেটাতে ‘প্রাণের ক্যান্টিনে’ খেতে বসে শিঙাড়ায় পুড়ে যাওয়া আলু ফেলতে গিয়ে বড় বড় পোকা বের হওয়ার দাবি করেন তিনি।

৪০ টাকার খাবার, মান নিয়ে প্রশ্ন: শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাফেটেরিয়ায় তেহারি ৪০ টাকা, ভাতের সঙ্গে এক পিস মুরগি অথবা ছোট মাছ ও পাতলা ডাল ৪০ টাকা, খিচুড়ি ও ছোট ডিম ৪০ টাকা, ছোট পরোটা ৫ টাকা এবং ছোট শিঙাড়া ৪ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে কম দাম হলেও খাবারের মান ও পরিমাণ নিয়ে অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ক্যাফেটেরিয়ার খাবারের মান খুবই খারাপ। তেহারিতে মাংস পাওয়া যায় না বললেই চলে; বেশিরভাগই ভাত। মরিচের গুঁড়াও বেশি থাকে। মাছ বা মুরগির তরকারিতে ঝোল বেশি, কিন্তু মূল উপকরণ কম।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী কম খরচে দুপুরের খাবারের জন্য ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল। তাই খাবারের দাম কম রাখার পাশাপাশি মান ও পরিমাণ নিশ্চিত করাও জরুরি।

১৮ হাজার শিক্ষার্থীর জন্য আসন ৬০: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে ক্যাফেটেরিয়ায় আসন মাত্র ৬০টি। অর্থাৎ গড়ে ৩০০ শিক্ষার্থীর জন্য একটি আসন। নষ্ট চেয়ার-টেবিলের কারণে কার্যকর আসনসংখ্যা আরও কমে যায়।

শিক্ষার্থী রাকিব হাসান বলেন, দুপুরে ক্যাফেটেরিয়ায় গেলে বসার জায়গা পাওয়া অনেক সময় ভাগ্যের ব্যাপার হয়ে যায়। অনেককে দাঁড়িয়ে খাবার খেতে হয়। কিছু চেয়ার-টেবিলও নষ্ট।

শিক্ষার্থীদের মতে, ক্লাসের ফাঁকে দ্রুত খাবার শেষ করে পরবর্তী ক্লাসে যেতে হয়। কিন্তু জায়গা না থাকায় খাবার হাতে নিয়ে অপেক্ষা করতে হয়। ফলে ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়াও অনেকের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

‘ফাও’ খাবার নিয়েও অভিযোগ: ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়েও অভিযোগ রয়েছে। শিক্ষার্থী ফাবিহা জান্নাতের দাবি, নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কেউ কেউ নিয়মিত বিনামূল্যে বা ‘ফাও’ খাবার গ্রহণ করেন। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের দাবি, টোকেন বিক্রি, খাবারের আয়-ব্যয় এবং বিনা মূল্যে খাবার দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ হিসাব রাখা হলে এ ধরনের অভিযোগের সুযোগ কমবে।

অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগ: ক্যাফেটেরিয়ার রান্নাঘরের পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। তাদের দাবি, অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাবান্না ও খাবার প্রস্তুত করা হচ্ছে। রান্নার স্থান, খাবার সংরক্ষণ ও পরিবেশনের জায়গায় যথাযথ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে না। এ কারণে খাবারে পোকামাকড় বা তেলাপোকা পাওয়ার অভিযোগ নিয়েও উদ্বেগ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। তাদের দাবি, রান্নাঘরসহ পুরো ক্যাফেটেরিয়া নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় এনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

ভর্তুকির দাবি জকসুর: খাবারের মান ও দাম নিয়ে অসন্তোষের মধ্যে ক্যাফেটেরিয়ায় ভর্তুকির দাবি তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। গত ১ জুলাই মাসে ৩ লাখ টাকা ভর্তুকির প্রস্তাব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করে জকসু। প্রস্তাবে চাল, ডাল ও ভোজ্য তেলের মতো মৌলিক খাদ্যপণ্যে ভর্তুকির কথা বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে তদারকি কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

শিক্ষার্থী রইসুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হলে কম দামে ভালো খাবার দেওয়া সম্ভব। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শতভাগ টোকেন ব্যবস্থা, মূল্যতালিকা প্রদর্শন ও সেবার মান উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি প্রশাসনের কাছে ভর্তুকির প্রস্তাব দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের প্রত্যাশা নিরাপদ খাবার: শিক্ষার্থীদের কাছে ক্যাফেটেরিয়া শুধু খাবারের জায়গা নয়; ক্লাসের ফাঁকে বসা, বিশ্রাম নেওয়া ও সহপাঠীদের সঙ্গে সময় কাটানোরও একটি গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু আসন সংকট, খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে অভিযোগে সেখানে স্বস্তি কমছে।

শিক্ষার্থীরা বলছেন, তারা বিনামূল্যে খাবার চান না। চান সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার। একই সঙ্গে তারা খাবারের মূল্যতালিকা ও আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা চান।

যা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাফেটেরিয়ার খাবারের মান ও মূল্য পর্যবেক্ষণে মনিটরিং কমিটি কাজ করছে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. কেএএম রিফাত হাসান বলেন, ক্যাফেটেরিয়ার মান ও সেবার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিত করার চেষ্টা করছে।


১২ হল বেদখল

একসময় শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকত যে ১২টি আবাসিক হল, আজ তার সবই বেদখল। কাগজপত্রে সেগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সম্পত্তি হলেও বাস্তবে সেখানে মাথা গোঁজার ঠাঁই নেই কোনো শিক্ষার্থীর। ফলে ২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়া এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর একমাত্র ভরসা এখন পুরান ঢাকার বিভিন্ন এলাকার মেস ও ভাড়াবাসা। বছরের পর বছর ধরে চলা এই আবাসন সংকট যেন জগন্নাথের শিক্ষার্থীদের এক অলিখিত নিয়তি হয়ে দাঁড়িয়েছে।

জগন্নাথ কলেজ আমলের সেই ১২টি হলের নামগুলো এখন কেবলই ইতিহাসের পাতায়। ড. হাবিবুর রহমান হল, শহীদ শাহাবুদ্দিন হল, শহীদ আনোয়ার শফিক হল, শহীদ আজমল হোসেন হল, তিব্বত হল থেকে শুরু করে ক্রাউন ভবনÑ ২০০৫ সালের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পুরনো কলেজের সম্পত্তি শনাক্ত করতে গিয়ে এসব হলের নাম উঠে আসে।

হল হারানোর এই ট্র্যাজেডির শুরু ১৯৮৫ সালে। ওই সময় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর হলগুলো একে একে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর বিভিন্ন সময়ে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে যায় এসব সম্পত্তি। হল উদ্ধারের দাবিতে ২০০৯ সালে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় বেদখল সম্পত্তি উদ্ধারে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি পাঁচটি হল (শহীদ আনোয়ার শফিক, শহীদ শাহাবুদ্দিন, শহীদ আজমল হোসেন, তিব্বত ও ড. হাবিবুর রহমান হল) বিশ্ববিদ্যালয়কে লিজ দেওয়ার সুপারিশও করে। কিন্তু আইনি ও প্রশাসনিক জটিলতার মারপ্যাঁচে সেই উদ্ধারপ্রক্রিয়া আজও থমকে আছে।

দীর্ঘ বঞ্চনা: হল হারানোর এই দীর্ঘ বঞ্চনার ফল ভোগ করছেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা। পুরো বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য নিজস্ব কোনো আবাসিক হল নেই। ছাত্রীদের জন্য ১৬ তলাবিশিষ্ট নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল নামে একটি হল থাকলেও এর ধারণক্ষমতা মাত্র ১ হাজার ২৬৮ জন। ফলে ঢাকার বাইরে থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বাধ্য হয়ে লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া, নারিন্দা, বাংলাবাজার ও সদরঘাট এলাকায় মেস ভাড়া করে থাকতে হয়।

পুরান ঢাকার ঘিঞ্জি এসব মেসের কোথাও এক কক্ষে গাদাগাদি করে থাকেন তিন থেকে পাঁচজন। নিম্নমানের আবাসন সুবিধা হলেও মাস শেষে গুনতে হয় চড়া ভাড়া। সঙ্গে খাবার, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেটের বাড়তি খরচ তো আছেই। শিক্ষার্থী সাকিল আহমেদ আক্ষেপ নিয়ে বলেন, ‘হলে থাকার সুযোগ থাকলে পরিবারের ওপর আর্থিক চাপ অনেকটাই কমত। এখন মেসের ভাড়া ও খাবারের পেছনেই বাড়ি থেকে পাঠানো টাকার সিংহভাগ চলে যায়। মাস শেষে টিকে থাকাই আমাদের জন্য বড় সংগ্রাম।’

যাতায়াতের ভোগান্তি: আবাসন সংকটের সঙ্গে যুক্ত হয়েছে যাতায়াতের অমানুষিক চাপ। সাভার, কুমিল্লা, মুন্সীগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ থেকে শুরু করে রাজধানীর মিরপুর, উত্তরা বা মোহাম্মদপুর থেকে আসা শিক্ষার্থীদের দিনের একটি বড় সময় কেটে যায় বাসের অপেক্ষায় আর যানজটে।

অথচ পুরান ঢাকার কাছাকাছি মেসে থাকা শিক্ষার্থীদের গল্পটা ভিন্ন। বিকালের পর জগন্নাথের ক্যাম্পাস যেন এক অন্য রূপ নেয়। কোথাও বন্ধুদের তুমুল আড্ডা, কোথাও চলে গান ও সাংস্কৃতিক চর্চা। আবার অনেকেই বিকাল ৪টার পর ফাঁকা শ্রেণিকক্ষগুলোকে বানিয়েছেন পড়ার টেবিল। রাত ৮টা পর্যন্ত খোলা থাকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। মেসে থাকা শিক্ষার্থীরা এই সময়টুকু কাজে লাগান বিসিএসসহ চাকরির নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে। ১০ম ব্যাচের সাবেক শিক্ষার্থী রাহিদুল ইসলাম বলেন, ‘দিনের ক্লাসের পর লাইব্রেরি বা শ্রেণিকক্ষে পড়ার এই সুযোগটি আমাদের জন্য আশীর্বাদ ছিল। এই ক্যাম্পাসের বারান্দা থেকেই অনেকে পুলিশ, ব্যাংক বা প্রশাসনে সফল হয়েছেন।’ কিন্তু দূর থেকে আসা শিক্ষার্থীদের এই সুযোগ নেই; বিকালের বাস ধরতে তাড়াহুড়ো করে ক্যাম্পাস ছাড়তে হয় তাদের।

বিকল্প উদ্যোগ ও ভাতার দাবি: সংকট কিছুটা লাঘবে আল-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পের আওতায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় প্রায় ৬৪৫ থেকে ৬৭০ জন ছাত্রের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য।

স্থায়ী সমাধানের অভাবে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন ভাতার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ২০২৬ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তালিকা প্রকাশ করে, যেখানে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৮ হাজার ৩৩০ জন এবং পরে আরও ১ হাজার ৯৮৯ জনকে ভাতার আওতায় আনা হয়। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে নতুন করে আন্দোলন দানা বাঁধছে।

সমাধান হবে কবে: সাধারণ শিক্ষার্থীদের দাবি স্পষ্টÑ আবাসন সংকট সমাধানে আর কোনো তদন্ত কমিটি বা ফাঁকা প্রতিশ্রুতি নয়, চাই দৃশ্যমান পদক্ষেপ। বেদখলে থাকা হলগুলোর বর্তমান অবস্থা প্রকাশ করে দ্রুত আইনি প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করতে হবে। পাশাপাশি নতুন হল নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য ন্যায্য আবাসন ভাতা নিশ্চিত করা এবং দ্বিতীয় ক্যাম্পাসে পর্যাপ্ত হল নির্মাণের দাবি তুলেছেন তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘আবাসন সংকট নিরসনে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য এবং হল নির্মাণের জন্য আমরা প্রশাসনকে চাপ দিচ্ছি। এ বিষয়ে মানববন্ধনও করেছি। আশা করি প্রশাসন বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সমাধান করবে।’ পুরনো বেদখল হল উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরনো দুইটি হল উদ্ধারে কাজ চলছে। আমরা অন্যান্য হল উদ্ধারের চেষ্টায়ও সফল হব বলে আশা রাখি।’

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে আমার শুরু থেকেই কাজ করে আসছি। অতীতে ঠিকাদারদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ ছিল। তাই স্বচ্ছতা ও দ্রুত বাস্তবায়নের স্বার্থে সেনাবাহিনীর কাছে নির্মাণকাজ হস্তান্তরের দাবি জানানো হয়েছে।’‎

তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করা হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে শিক্ষার্থীরা হতাশ। ‎রিয়াজুল বলেন, ‘এই কাজ বাস্তবায়নে আমরা সব শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। সবার পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব হল পুনরুদ্ধার করা সম্ভব নাও হতে পারে। তবে আইনগতভাবে বিশ্ববিদ্যালয়ের যেসব সম্পদ ও আবাসিক সুবিধা পুনরুদ্ধারের সুযোগ রয়েছেÑ সেগুলো উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে। চলমান প্রকল্পগুলোর জটিলতা চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা নিরসনের চেষ্টা চলছে। প্রকল্পের জটিলতা কাটিয়ে দ্রুত নতুন আবাসিক সুবিধা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য।’



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা