চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে একটি কন্টেইনার নামানোর পর সেটি কোথায় রাখা হলো, কখন এবং কার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলোÑ এসব তথ্য ডিজিটাল ব্যবস্থায় থাকার কথা।
বন্দর কর্তৃপক্ষের দাবি অনুযায়ী টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) মাধ্যমে কন্টেইনারের অবস্থান রিয়েল-টাইমে অনুসরণও করা যায়। কিন্তু বাস্তবে একের পর এক কন্টেইনারের হদিস না মেলায় এবার সেই ডিজিটাল ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে।
সর্বশেষ গত ৩০ আগস্ট এনসিটি ইয়ার্ড থেকে শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানার কাঁচামালভর্তি ৪০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনার খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে ২৫০টি পণ্য চালানের ৩৭৪টি কন্টেইনারের অবস্থান জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমসের দেওয়া হিসাবের সঙ্গে তাদের তথ্যের পার্থক্য রয়েছে। এসব ঘটনার পর কন্টেইনার ব্যবস্থাপনা এবং টার্মিনাল অপারেটিং সিস্টেমÑ টিওএসের নির্ভুলতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সর্বশেষ আলোচনায় আসা কন্টেইনারটির নম্বর এমআরএসইউ-৮৬৯২৮২৭। কাপড়ের রোলভর্তি কন্টেইনারটি গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে ‘এমভি এমসিসি ডানাং’ জাহাজ থেকে খালাস করা হয়। এতে সাভারের কালিয়াকৈরের রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের আমদানি করা ৬৬৮ বেল কাপড় ছিল।
চালানটির খালাসের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেটের স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমান জানান, নিয়ম অনুযায়ী কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সব ধরনের রাজস্ব ও চার্জ পরিশোধ করা হয়েছিল। এরপর গত ৩০ আগস্ট কন্টেইনারটি ডেলিভারি নিতে বন্দরের সিসিটি ইয়ার্ডে গেলে সেটি খুঁজে পাওয়া যায়নি। কয়েক দিন অনুসন্ধানের পরও হদিস না মেলায় গত ২ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। এরপরও কন্টেইনারটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালের জুনে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা তুলাভর্তি পাঁচটি কন্টেইনারের অবস্থান নিয়েও জটিলতা তৈরি হয়। নারায়ণগঞ্জের মেসার্স মাইনুল হাসান এন্টারপ্রাইজ ওই তুলা আমদানি করেছিল। একই বছরের মে মাসে চীন থেকে চশমার ফ্রেম ও মাউন্টিং ঘোষণা দিয়ে আমদানি করা আরেকটি পণ্য চালান নিয়েও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘোষণার বাইরে পণ্য থাকতে পারেÑ এমন সন্দেহে চট্টগ্রাম কাস্টম হাউস এসব চালান তাদের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমে লক করে রাখে। পরে কায়িক পরীক্ষা করতে গিয়ে কাস্টমস কর্মকর্তারা দেখতে পান, সংশ্লিষ্ট কন্টেইনারগুলোর অবস্থান পাওয়া যাচ্ছে না। পরে কাস্টমস জানায়, এ ধরনের ২৫০টি চালানের মোট ৩৭৪টি কন্টেইনারের হদিস পাওয়া যাচ্ছে না। এসব কন্টেইনারের প্রকৃত অবস্থান শনাক্ত করতে বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার চিঠিও দেওয়া হয়।
তবে বন্দর কর্তৃপক্ষ কাস্টমসের দেওয়া এই হিসাবের সঙ্গে ভিন্ন তথ্য তুলে ধরেছে। তাদের মতে, কাস্টমসের তালিকায় ২৫০টি চালানের কথা বলা হলেও প্রকৃত সংখ্যা ২৪৭। এর মধ্যে ১৬৪টি চালানে ২৯৩টি এফসিএল কন্টেইনার রয়েছে। বন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এর মধ্যে ৮৮টি কন্টেইনার কাস্টমসের আউটপাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়েছে। ৭০টি বিভিন্ন বেসরকারি ডিপোতে স্থানান্তর করা হয়েছে এবং ১৩১টি বন্দরের বিভিন্ন ইয়ার্ডে রয়েছে। চারটি কন্টেইনারের নম্বরে ডিজিট বা প্রিফিক্স-সংক্রান্ত ত্রুটির কথাও জানিয়েছে তারা।
অন্যদিকে ৮৩টি এলসিএল কন্টেইনারের মধ্যে আটটির পণ্য ডেলিভারি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ৩৫টি বিভিন্ন সিএফএস ও শেডে রয়েছে। বাকি ৪০টি চালানের ক্ষেত্রে কাস্টমসের দেওয়া বি/এল নম্বরের সঙ্গে সঠিক তথ্যের মিল পাওয়া যায়নি বলে দাবি তাদের।
এ পরিস্থিতিতে বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেম নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। গত ১ জুলাই বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রধান ও জটিল শিপিং কার্যক্রম কাগজনির্ভরতা থেকে বের করে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় নেওয়া হয়েছে। টিওএস পোর্টালের মাধ্যমে ই-গেট পাস, ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার, অনলাইন ভেসেল এনওসি, কার্ট টিকিট, চালান এবং ওয়ান-স্টপ ডকুমেন্টেশনসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে কন্টেইনারের অবস্থান রিয়েল-টাইমে অনুসরণ করার সুযোগও রয়েছে বলে দাবি করা হয়।
এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বন্দর দেশের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি। এমন জায়গা থেকে কন্টেইনারের হদিস না পাওয়া বন্দরব্যবস্থাপনাকে প্রশ্নের মুখে ফেলছে। তার মতে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি কন্টেইনার কোথায় আছে এবং কোথা থেকে কোথায় গেছেÑ সেসব তথ্য থাকার কথা। তা না পাওয়া গেলে হয় প্রযুক্তি সঠিকভাবে কাজ করছে না, নয়তো তথ্যব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা ভুল রয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কন্টেইনারের হদিস না পাওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে কার দায় রয়েছে, সে বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। টিওএস সফটওয়্যারভিত্তিক একটি ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, কেউ ভুল তথ্য দিলে সফটওয়্যার নিজে থেকে সেটি ধরতে না-ও পারে। কোথাও ভুল তথ্য দেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তে দেখা হচ্ছে। কন্টেইনার সরানোর তথ্য সিস্টেমে থাকার কথা থাকলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
ভুয়া স্বাক্ষরে কন্টেইনার ছাড়, গ্রেপ্তার দুই
এদিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে জাল কাগজপত্র ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে ৪০ ফুটের পণ্যবোঝাই একটি কন্টেইনার বের করে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষ মামলা করার পর টার্মিনাল ম্যানেজারের দপ্তরের সামনে থেকে মোর্শেদ আলম ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তারা অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় জালিয়াতির মাধ্যমে কন্টেইনারটি বন্দর থেকে বের করার কথা স্বীকার করেছেন।
৩০ আগস্ট কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে কন্টেইনারটি নিতে গিয়ে সেটি নির্ধারিত স্থানে না পাওয়ার বিষয়টি জানতে পারে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। দুই দিন খোঁজ করেও সন্ধান না মেলায় তারা বন্দর চেয়ারম্যানকে অবহিত করে। পরে বন্দর থানায় মামলা করা হয়।
মামলার তথ্য অনুযায়ী এন ফোর ডেটাবেজে কন্টেইনারটির অন-ডেট, অন-চেসিস ডেলিভারির তথ্য আগে থেকেই যুক্ত ছিল। তদন্তে আরও দেখা যায়, একটি অ্যাসাইনমেন্টে পরিবহন পরিদর্শকের ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।
পুলিশ বলছে, ১১ আগস্ট ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের এক বহিঃ সহকারীর আইডি ব্যবহার করে ডেলিভারি-সংক্রান্ত তথ্য সিস্টেমে যুক্ত করা হয়। বিষয়টি কীভাবে ঘটেছে এবং এতে কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষেই ঘটনার পূর্ণ চিত্র স্পষ্ট হবে।