প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৩ এএম
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে নদী ও খাল নেই তবুও নির্মাণ করা হবে নতুন সেতু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অর্ধশত বছর ধরে নেই পানিপ্রবাহ। নেই নদী কিংবা সচল কোনো খালও। অথচ এমন একটি স্থানে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে নতুন সেতু।
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪)-এর ওপর বিদ্যমান পুরনো সেতুর পশ্চিম পাশে নির্মাণ করা হচ্ছে ৩৭ দশমিক ৯২ মিটার দৈর্ঘ্যের নতুন এই সেতু। প্রকল্পটির প্রয়োজনীয়তা ও ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, সেতুর পরিবর্তে ওই অংশ মাটি ভরাট করে সরাসরি সড়ক নির্মাণ করা হলে সরকারি অর্থের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাও কমানো সম্ভব হবে।
এদিকে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন ৩৭ দশমিক ৯২ মিটার সেতু নির্মাণের জন্য ১৪ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। পরে ১৩ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা চুক্তিমূল্যে কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় তূর্ণা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
স্থানীয়দের ভাষ্য, প্রস্তাবিত সেতুর আশপাশে বর্তমানে পাকা ও আধাপাকা বাড়িঘর রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে পানিপ্রবাহ নেই। তাদের দাবি, প্রায় অর্ধশত বছর ধরেই ওই স্থানে পানি চলাচল বন্ধ রয়েছে। ফলে সেখানে নতুন করে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা আরও জানান, বিদ্যমান সেতু ও সড়কের কাঠামোর কারণে ওই এলাকায় বাঁকের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ও হতাহতের ঘটনাও ঘটছে বলে অভিযোগ তাদের। নতুন সেতু নির্মাণের পরিবর্তে জায়গাটি মাটি দিয়ে ভরাট করে সড়কটি সোজা করে দেওয়া হলে যান চলাচল সহজ হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে মনে করছেন তারা।
তাদের মতে, নতুন সেতু নির্মাণে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ের পরিবর্তে তুলনামূলক কম ব্যয়ে সড়ক নির্মাণ করা সম্ভব হলে সরকারের বিপুল অর্থ সাশ্রয় হতে পারে। একই সঙ্গে দীর্ঘদিনের যানজট ও দুর্ঘটনা প্রবণতা কমিয়ে এলাকার যোগাযোগব্যবস্থা আরও কার্যকর করা সম্ভব হবে।
কালিহাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল মনছুর বলেন, রাষ্ট্রের অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রকল্পের বাস্তব প্রয়োজনীয়তা ও জনস্বার্থ বিবেচনা করা জরুরি। পানিপ্রবাহ না থাকা স্থানে বিপুল অর্থ ব্যয়ে সেতু নির্মাণের পরিবর্তে সড়ক নির্মাণ করা হলে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে। পাশাপাশি দুর্ঘটনা কমাতেও এটি কার্যকর হতে পারে।
তবে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তাদের দাবি, কোনো জলাশয় বন্ধ করার এখতিয়ার সড়ক বিভাগের নেই। সেতু ম্যানেজমেন্ট উইংয়ের প্রতিবেদন ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতেই নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান বলেন, সেতু ম্যানেজমেন্ট উইংয়ের প্রতিবেদনের ভিত্তিতেই নতুন সেতুটি নির্মাণ করা হচ্ছে। নতুন সেতু নির্মাণ হলে ওই স্থানে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ আগস্ট কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় নতুন সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয়দের প্রশ্ন, যেখানে অর্ধশত বছর ধরে পানিপ্রবাহ নেই, সেখানে বিদ্যমান পুরনো সেতুর পাশেই প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন আরেকটি সেতু নির্মাণ কতটা যৌক্তিক। প্রকল্পের কারিগরি মূল্যায়ন, নকশা এবং ব্যয়ের যৌক্তিকতা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রকল্পটির প্রয়োজনীয়তা নতুন করে যাচাইয়েরও দাবি উঠেছে।