× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলের ডিপো ঘিরে দ্বন্দ্ব, খুলনায় ধর্মঘটের হুমকি

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০২ এএম

জ্বালানি তেল সরবরাহ নিয়ে খুলনা অঞ্চলে মুখোমুখি অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান, ট্যাংক লরি মালিক ও পেট্রোল পাম্প মালিকদের একটি অংশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেল সরবরাহ নিয়ে খুলনা অঞ্চলে মুখোমুখি অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান, ট্যাংক লরি মালিক ও পেট্রোল পাম্প মালিকদের একটি অংশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেল সরবরাহ নিয়ে খুলনা অঞ্চলে মুখোমুখি অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান, ট্যাংক লরি মালিক ও পেট্রোল পাম্প মালিকদের একটি অংশ। অনিয়ম, তেল চুরি, জালিয়াতি ও দুর্নীতির পুরনো অভিযোগের সঙ্গে সাম্প্রতিক ইরান যুদ্ধের সময় চালু হওয়া কোটা ব্যবস্থা যুক্ত হয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

এক কর্মকর্তার অপসারণ দাবিতে ২ সেপ্টেম্বর ছয় ঘণ্টা তেল উত্তোলন বন্ধ রাখে বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে যমুনা অয়েল কোম্পানির খুলনা ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

খুলনা বিভাগের ১০ জেলা এবং বৃহত্তর ফরিদপুর-গোপালগঞ্জ অঞ্চলে জ্বালানি তেল পরিবহন ও সরবরাহের সঙ্গে যুক্ত পক্ষগুলোর পাল্টাপাল্টি অভিযোগে এ অস্থিরতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, বিরোধটি শুধু একজন কর্মকর্তাকে ঘিরে নয়; এর সঙ্গে তেল বিতরণ ব্যবস্থার দীর্ঘদিনের অনিয়ম, নিয়ন্ত্রণ নিয়ে প্রভাবশালী গোষ্ঠীর দ্বন্দ্ব এবং সংকটকালে সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতার বিষয়ও জড়িত।

যমুনা অয়েল কোম্পানির সেলস অফিসার মোস্তাক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছেন ট্যাংক লরি মালিকরা। এর অংশ হিসেবে ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছয় ঘণ্টা তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখেন তারা। পরে সাত দিনের সময়সীমা দিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, দাবি পূরণ না হলে ১০ সেপ্টেম্বর (আজ) ভোর ৬টা থেকে যমুনা অয়েলের খুলনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকবে।

ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল কবির কাবুল ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টুর অভিযোগ, ইরান যুদ্ধের সময় কোটা ব্যবস্থা চালুর পর থেকেই সেলস অফিসার মোস্তাক আহমেদ চৌধুরী অনিয়ম করছেন। তাদের দাবি, প্রায় নয় বছর একই স্থানে চাকরি করার কারণে ওই কর্মকর্তা প্রভাবশালী হয়ে উঠেছেন এবং ডিপোকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

তাদের অভিযোগ, মিটার টেম্পারিংয়ের মাধ্যমে ডিপোতেই তেল চুরি হচ্ছে। আগের বছরগুলোর বিক্রির হিসাব পর্যালোচনা করে কোনো পেট্রোল পাম্প যে পরিমাণ তেল পাওয়ার কথা, তা দেওয়া হচ্ছে না। বিশেষ করে নিয়ম মেনে চলতে চান এমন পাম্প মালিকদের হয়রানি করা হচ্ছে। অন্যদিকে, গোপনে সমঝোতা করে ‘খাম’ পৌঁছানোর ব্যবস্থা করতে পারলে চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ তাদের।

ট্যাংক লরি মালিকদের আরও অভিযোগ, পেট্রোল পাম্প পরিদর্শনে গেলে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে ১০ থেকে ২০ লিটার তেলের মূল্য নগদে দাবি করা হয়। তা না দিলে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ভয় দেখানো হয়। নড়াইলের পান্না পেট্রোলিয়ামের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ লিখিতভাবে দেওয়ার পর ডিপোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে ওই কর্মকর্তাকে খুলনা থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।


পাল্টা অভিযোগ সেলস অফিসারের : অভিযোগ অস্বীকার করেছেন যমুনা অয়েল কোম্পানির সেলস অফিসার মোস্তাক আহমেদ চৌধুরী। তার পাল্টা অভিযোগ, খুলনার জ্বালানি তেল খাতকে একটি সিন্ডিকেটের মাধ্যমে জিম্মি করে রেখেছেন ট্যাংক লরি মালিক সমিতির নেতারা। তিনি বলেন, ইরান যুদ্ধের সময় সরকার কোটা ব্যবস্থা চালু করেছিল। সংকটের সুযোগে বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় একটি পক্ষ সেই সুবিধা নিতে চেয়েছে। তার অভিযোগ, সরকারি বিভিন্ন সংস্থার কথিত ডিও লেটার দেখিয়ে হাজার হাজার লিটার তেল তিন ডিপো থেকে উত্তোলন করে কালোবাজারে বিক্রি করা হয়েছে।

মোস্তাক আহমেদ চৌধুরীর ভাষ্য, নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্প মালিকরা ডিপো থেকে তেল কিনবেন এবং ট্যাংক লরি মালিকরা তা পাম্পে পৌঁছে দেবেন। কিন্তু বাস্তবে মালিক সমিতির নেতারা তাদের কাছ থেকেই তেল কিনতে বাধ্য করেন।

নিজের বিরুদ্ধে তদন্তের প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগের পর একটি তদন্ত কমিটি কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করেছে বলে তিনি শুনেছেন। কমিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কী প্রতিবেদন দিয়েছে, তা তার জানা নেই।


বিভাগীয় কমিটি নিয়েও বিরোধ : জ্বালানি তেল পরিবহন খাতের বিরোধের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটি নিয়েও বিতর্ক।

জানা গেছে, ২০২৪ সালে বিশেষ সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির খুলনা বিভাগীয় কমিটি গঠিত হয়। ২০২৪-২৫ মেয়াদের ওই কমিটিতে সৈয়দ সাজ্জাদুল কবির কাবুল সভাপতি এবং সুলতান মাহমুদ পিন্টু সাধারণ সম্পাদক হন। কমিটিতে সম্পাদকমণ্ডলীর আরও ১০ জন, নির্বাহী সদস্য ১৯ জন এবং উপদেষ্টা হিসেবে পাঁচজনের নাম রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সদস্যের অভিযোগ, কোনো ধরনের নির্বাচন ছাড়াই তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। তাদের দাবি, বিভাগীয় কমিটির অনুমোদন দেওয়ার কথা কেন্দ্রীয় কমিটির। কিন্তু বর্তমান কমিটির তালিকার নিচে শুধু সভাপতির স্বাক্ষর রয়েছে।

তাদের আরও অভিযোগ, কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি হত্যা মামলায় সম্পৃক্ত ব্যক্তিরাও নেতৃত্বে রয়েছেন বলে দাবি করেন তারা। রাজনৈতিক পরিস্থিতির কারণে এতদিন কেউ প্রকাশ্যে কথা বলতে পারেননি বলেও জানান সদস্যরা।

অভিযোগ অস্বীকার করে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু বলেন, তাদের কমিটি তিন বছর মেয়াদি। ফলে কমিটির মেয়াদ শেষ হতে এখনও প্রায় আট মাস বাকি। তিনি দাবি করেন, ৮০ থেকে ৯০ শতাংশ সদস্যের উপস্থিতিতে কমিটি গঠিত হয়েছে। অধিকাংশ সদস্য নির্বাচন চান না; বরং সমঝোতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের পক্ষে তাদের মতামত রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা