× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামে পরিস্থিতি ভয়াবহ

হাসনাত শাহীন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৪ এএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮ এএম

হামে অসুস্থ শিশুর যত্ন নিচ্ছেন মা। ফাইল ছবি

হামে অসুস্থ শিশুর যত্ন নিচ্ছেন মা। ফাইল ছবি

একসময় যে রোগটি প্রায় নির্মূলের দ্বারপ্রান্তে ছিল, সেই হাম এখন বাংলাদেশের বুকে মরণঘাতী রূপ নিয়ে ফিরে এসেছে। দেশজুড়ে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব। গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেছে হাজার।

মৃতদের অধিকাংশই নিষ্পাপ শিশু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে বলেছে, টিকাদানের সুরক্ষাবলয় ভেঙে পড়ায় অদৃশ্য ঘাতক হাম দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পার করছে বাংলাদেশ। 

হাসপাতালগুলোর বর্তমান চিত্র রীতিমতো শিউরে ওঠার মতো। শয্যা সংকটে মেঝেতেই গাদাগাদি করে চলছে মুমূর্ষু শিশুদের চিকিৎসা। প্রতিদিন শত শত নতুন রোগী ভর্তি হওয়ায় এবং ডেঙ্গুর জোড়া প্রকোপে চিকিৎসাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক যে, শিশুদের উপসর্গ উপশমের জন্য প্রয়োজনীয় স্যালাইনেরও তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক বছরের টিকাদান কর্মসূচিতে বড় ধরনের ঘাটতি এবং টিকা সরবরাহে বিঘ্ন ঘটার কারণেই মূলত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্যের কোঠায় নেমে এসেছে। বিশেষ করে ৯ মাসের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। সঠিক সময়ে টিকার একটি ডোজ না পাওয়ার এই নীরব অবহেলা আজ হাজারো শিশুর জীবনের বিনিময়ে চরম মূল্য চুকিয়ে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, মার্চে প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে ১ হাজার ২ জনের। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু ১০০ জন, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯০২ জন। এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন, হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ এবং পরীক্ষায় নিশ্চিত আক্রান্ত ১৯ হাজার ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মার্চের মাঝামাঝি প্রাদুর্ভাব শুরুর পর প্রথম দুই সপ্তাহে মৃত্যু ছিল ১৬ জন। এপ্রিলে মারা যায় ২৬০ জন। মে ছিল সবচেয়ে প্রাণঘাতী মাসÑ মাত্র এক মাসে মারা যান ৩০৯ জন। এরপর জুনে ১৩৩ জন, জুলাইয়ে ১১৮ এবং আগস্টে ১৩৯ জনের মৃত্যু হয়। আর সেপ্টেম্বরের প্রথম ৯ দিনেই প্রাণ গেছে আরও ২৭ জন শিশুর। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা। নিশ্চিত হামজনিত মৃত্যু ঢাকা বিভাগে ৬৩ জন, এরপর বরিশালে ১৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মধ্যে ঢাকা ৪০৪ জন, সিলেট ১৫৬, রাজশাহী ৯২, ময়মনসিংহ ৭৭, চট্টগ্রাম ৬৫, বরিশাল ৫৭, খুলনা ৩৭ এবং রংপুরে ১৪ জন।

এই বিপর্যয়ের সবচেয়ে বেদনাদায়ক দিক হলোÑ বাংলাদেশ জানত কীভাবে হামকে হারাতে হয়। ২০০৬ সালের জাতীয় হাম টিকাদান কর্মসূচিতে ৯ মাস থেকে ১০ বছর বয়সী ৩ কোটি ৪২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছিল। ২০১০ সালের ফলোআপ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ৫ বছর বয়সী ১ কোটি ৮১ লাখ শিশুর লক্ষ্যও শতভাগ পূরণ হয়। ২০১৪ সালের হাম-রুবেলা কর্মসূচিতেও ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ কোটি ২৭ লাখ শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল।

গত এক দশকের বেশিরভাগ সময় হাম টিকার কভারেজ ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা ৯৫ শতাংশ বা তার ওপরে। কিন্তু ২০২৪ ও ২০২৫ সালে নিয়মিত টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত, কর্মসূচি স্থগিত, হাম-রুবেলা ক্যাম্পেইন বাতিল এবং টিকা সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তনের কারণে সুরক্ষার দেয়ালে ফাটল তৈরি হয়।

রয়টার্সের প্রতিবেদনে স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে নিয়মিত টিকাদান ব্যাহত হওয়া এবং টিকা সরবরাহের সমস্যায় অনেক শিশু সুরক্ষার বাইরে চলে যায়। ফলে একটি শিশু টিকা পেল না, আরেকটি পেল দেরিতে; কোথাও টিকা ছিল না, কোথাও কর্মসূচিই পৌঁছেনি। এসব বিচ্ছিন্ন ঘাটতি একসময় মিলে তৈরি করেছে বড় ‘ইমিউনিটি গ্যাপ’।

এদিকে হাম ও ডেঙ্গুর দ্বৈত প্রকোপে হাসপাতালগুলোর চিকিৎসাব্যবস্থা রীতিমতো ভেঙে পড়ার উপক্রম। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল যার বড় প্রমাণ। সেখানে ১ হাজার ৩৫০ জনের সক্ষমতার বিপরীতে ২ হাজার ৩৫০ জনের বেশি রোগী ভর্তি আছে। শয্যা ও শিশুদের স্যালাইনের তীব্র সংকটে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা।

পরিস্থিতি সামাল দিতে গত এপ্রিলে সরকার জরুরি ভিত্তিতে প্রায় ১ কোটি ৯৭ লাখ শিশুকে টিকা দিলেও পুরনো ঘাটতি পুরোপুরি মেটানো সম্ভব হয়নি। নিয়মিত কর্মসূচিতে বাদ পড়া এবং ৯ মাসের কম বয়সী শিশুরা এখনও চরম ঝুঁকিতে। মূলত টিকার দুই ডোজের কভারেজই প্রয়োজনীয় ৯৫ শতাংশের নিচে নেমে যাওয়ায় বর্তমানের এই বিপদের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শুধু জরুরি টিকাদান নয়, এর সঙ্গে বিজ্ঞানভিত্তিক ‘মাইক্রো-প্ল্যানিং’ অপরিহার্য। বাড়ি বাড়ি গিয়ে সঠিক তালিকা তৈরি ও নির্দিষ্ট স্থানে টিকাদানের সমন্বিত উদ্যোগ ছাড়া প্রকৃত ঘাটতি পূরণ সম্ভব নয়।

ডা. মুশতাক উল্লেখ করেন, কাগজে-কলমে সাফল্যের হিসাব না করে, বাস্তবে কত শিশু টিকার বাইরে থাকছে, তার সঠিক পরিসংখ্যান বের করতে হবে। হাম নিয়ন্ত্রণে ৬ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনা এবং ডেঙ্গু শনাক্তকরণে কমিউনিটি টিমকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। রোগীর চাপ কমাতে তিনি চিকিৎসাব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন, যাতে ঝুঁকিপূর্ণ রোগীরা উপজেলা পর্যায়েই চিকিৎসাসেবা পায় এবং বড় হাসপাতালের আইসিইউর ওপর চাপ কমে।

সঠিক পরিসংখ্যানের অভাবে পরিস্থিতি কতটা জটিল হতে পারে, তার প্রমাণ মেলে গত এপ্রিলের বিশেষ টিকাদান কর্মসূচিতে। ভুল পরিসংখ্যানের কারণে সেসময় প্রায় ৪৬ লাখ শিশু হামের টিকা থেকে বাদ পড়ে। কারণ তখন ১ কোটি ৮০ লাখ শিশুর হিসাব ধরা হলেও পরবর্তী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে দেখা যায় এই বয়সী শিশুর প্রকৃত সংখ্যা ২ কোটি ২৬ লাখ। তাই ডা. মুশতাক হোসেন মনে করেন, এখন শুধু জরুরি ক্যাম্পেইনে কত লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে, সেই সংখ্যা দিয়ে সাফল্য বিচার করার সুযোগ নেই। বরং কোন এলাকায় ঘাটতি সবচেয়ে বেশি; সেই হিসাব করে অতিরিক্ত টিকা সংগ্রহ, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং মাঠপর্যায়ে মাইক্রো-প্ল্যানিং করে কার্যক্রম চালাতে হবে।

একটি শিশুর কপালে জ্বর, শরীরে ফুসকুড়ি আর হাসপাতালের মেঝেতে মায়ের নির্ঘুম রাতজাগাÑ এসব যেন আর কোনো পরিসংখ্যানের অংশ না হয়। কারণ হাম প্রতিরোধযোগ্য। যে রোগকে টিকার মাধ্যমে নির্মূলের দ্বারপ্রান্তে নেওয়া গিয়েছিল, তাকে আবারও সেই জায়গায় ফিরিয়ে নেওয়ার পূর্ণ দায়িত্ব এখন রাষ্ট্রের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা