× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ত্রাসে তটস্থ দুই জনপদ

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সীতাকুণ্ড ও রাউজান এখন যেন এক সুতোয় গাঁথাÑ সন্ত্রাস, রক্তপাত আর মৃত্যুভয়ের সুতোয়। পাহাড়ের আড়ালে, নদীর বাঁকে এখানে প্রতিনিয়ত ওঁৎ পেতে থাকে ঘাতকের দল। আইন প্রয়োগকারী সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই দুই জনপদ এখন পাল্লা দিয়ে পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। তবে, জেলা পুলিশ প্রতিদিনের বাংলাদেশের কাছে দাবি করেছে, সন্ত্রাস দমনে সক্রিয় আছে পুলিশ; সন্ত্রাসী যে মাপেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

পাহাড়ের বুক চিরে নেমে আসা খৈয়াছড়া, নাপিত্তাছড়া কিংবা কমলদহ ঝরনার অবিরাম জলধারা, আর সমুদ্রের কোলঘেঁষা গুলিয়াখালী সৈকতের মায়াবী সৌন্দর্যÑ প্রকৃতি যেন দুই হাত ভরে সাজিয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডকে। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় থেকে শুরু করে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কÑ সব মিলিয়ে এ এক অপূর্ব পর্যটন নগরী। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশদ্বার, বৃহৎ শিল্পকারখানা, শিপব্রেকিং ইয়ার্ড ও অক্সিজেন প্লান্টের কারণে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক করিডোর। 

শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত রাউজানও প্রকৃতির আরেক সৌন্দর্যভূমি। পশ্চিমে প্রমত্তা হালদা, দক্ষিণে কর্ণফুলী আর পূর্বে রাঙ্গুনিয়া ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়। ৩ লাখ ৯৬ হাজার মানুষের এই জনপদটিতে শিক্ষার হার প্রায় ৮৫ শতাংশ। অথচ দুই জনপদ এখন সন্ত্রাসে তটস্থ। 

সীতাকুণ্ডে শিল্পের আড়ালে সন্ত্রাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া হওয়ায় এবং দুর্গম পাহাড় থাকায় সীতাকুণ্ড মূলত ভূমিদস্যু ও ডাকাতি চক্রের অভয়ারণ্য। শিল্পাঞ্চলে চাঁদাবাজি, তেল ও স্ক্র্যাপ সিন্ডিকেট এবং রাজনৈতিক কোন্দলের জেরে এখানে প্রতিনিয়ত ঘটছে বন্দুকযুদ্ধ ও খুনের ঘটনা।

সম্প্রতি সীতাকুণ্ডে বিএনপির রাজনীতি দীর্ঘদিনের দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে। চলতি বছরের ১ সেপ্টেম্বর বিকালে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ ও বাইপাস এলাকায় দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে তা প্রকাশ্য সহিংসতায় রূপ নেয়। লাঠিসোটা, লোহার রড ও ককটেল বিস্ফোরণের পাশাপাশি যুবকদের প্রকাশ্য আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়।

এখানকার ‘জঙ্গল সলিমপুর’ অপরাধীদের সবচেয়ে নিরাপদ আস্তানা এবং ‘সন্ত্রাসের স্বর্গরাজ্য’ হিসেবে পরিচিত। গত জানুয়ারিতে এখানে পুলিশের অভিযানে সন্ত্রাসীদের হামলায় এক র‍্যাব সদস্য নিহত হওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনাও ঘটে।

পরিসংখ্যান বলছে, বিগত দুই বছরে সীতাকুণ্ডে ৪৫টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ১৫ জন, যাদের আটজন বিএনপির এবং সাতজন আওয়ামী লীগের। পূর্বশত্রুতা ও সম্পত্তির বিরোধে ১৫ জন, পারিবারিক কলহে পাঁচ নারী, ধর্ষণচেষ্টায় শিশুসহ দুজন এবং গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন।

খুনের ধরনেও ছিল পৈশাচিকতা। গত ১০ আগস্ট জমির বিরোধে মোহাম্মদ সুমনকে (৩৮) এবং ২৫ আগস্ট মুরাদপুর ইউনিয়নে নুরুল ইসলাম ইরানকে কুপিয়ে ও গণপিটুনিতে হত্যা করা হয়। এর তিন দিন আগে শামীম নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বালু উত্তোলনের দখলদারত্ব নিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর সাগর থেকে উদ্ধার হয় নিরাপত্তাকর্মী মো. সালাউদ্দিনের লাশ। রাজনৈতিক কোন্দলের বলি হয়েছেন বাড়বকুণ্ডে বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, যুবদলকর্মী কলিম উদ্দিন এবং বিএনপি নেতা মোহাম্মদ মাসুদ। জঙ্গল সলিমপুরে রোকন ও ইয়াছিন বাহিনীর আধিপত্যের দ্বন্দ্বে নিহত হন মাঈন উদ্দিন ও খলিলুর রহমান। খুনের পাশাপাশি এই দুই বছরে এখানে ২৫টি ধর্ষণ ও ২০টি অপহরণের মামলা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ৪৫টি হত্যাকাণ্ডের ঘটনায় ৪১টি মামলা হয়েছে। আসামি পাঁচ শতাধিক হলেও গ্রেপ্তার হয়েছেন মাত্র ৪৮ জন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই জামিনে আছেন।

রাউজানে লাশের রাজনীতি

১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রাউজানে অপরাধের ধরন সীতাকুণ্ডের চেয়ে কিছুটা ভিন্ন। এখানে পক্ষ-বিপক্ষের চেয়ে এলাকা ও ব্যবসার নিয়ন্ত্রণই মূল কথা। বাজার নিয়ন্ত্রণ, বালু-মাটির ব্যবসা, ইটভাটা থেকে চাঁদা আদায় এবং অপহরণ বাণিজ্যকে কেন্দ্র করে এখানে অস্ত্রের মহড়া নিত্যদিনের চিত্র।

রাউজানের রাজনীতির মাঠ সব সময়ই উত্তপ্ত। আশির দশকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল হারুনের অনুসারীদের দ্বন্দ্বে বহু মানুষ প্রাণ হারান। ১৯৯৫-৯৬ সালের দিকে কে কোন এলাকায় ঢুকবে, তা নির্ধারণ করত রাজনৈতিক মদদপুষ্ট অস্ত্রধারী গোষ্ঠীগুলো। এরপর ২০০৯ সাল থেকে এ বি এম ফজলে করিম চৌধুরী এখানে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং বিরোধী ও নিজ দলের ভিন্নমতাবলম্বীদের এলাকাছাড়া করেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই একক নিয়ন্ত্রণ ভেঙে যায়। দীর্ঘদিন এলাকাছাড়া থাকা নেতাকর্মীরা ফিরে আসেন, সেই সঙ্গে পুরনো অপরাধীরা নতুন পরিচয়ে সক্রিয় হয়ে ওঠে। পুলিশের তথ্য অনুযায়ী, পটপরিবর্তনের পর থেকে গত দুই বছরে রাউজানে কমপক্ষে ৩০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০টিই রাজনৈতিক বিরোধের জেরে। এ ছাড়া শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী মো. রায়হান, মোবারক হোসেন (ইমন), মো. কাদের ও ধামা ইলিয়াসের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীরা ভাড়াটে খুনি হিসেবে কাজ করছে। গত ২০ আগস্ট মো. রায়হান নিজের ফেসবুক থেকে পুলিশের উদ্দেশে ‘ওয়েট অ্যান্ড সি’ হুমকি দিয়ে অনুসারীদের ভাঙচুরের নির্দেশ দেন। হুমকির মাত্র ১০ দিনের মাথায় রাত সাড়ে ৯টায় কেরানীহাট বাজারে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় যুবদলকর্মী মোহাম্মদ করিমকে (৩৫)। আতঙ্কে এক ঘণ্টা লাশ সড়কেই পড়ে ছিল। এর আগে গত ১৩ জুন চৌমুহনী বাজারে একইভাবে খুন হন মাসুদুল হক চৌধুরী।

তবে গ্রেপ্তার হলেও আইনের ফাঁক গলে দ্রুত বেরিয়ে আসছে সন্ত্রাসীরা। ছয় হত্যাসহ ৪০ মামলার আসামি ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবালকে গত ১০ নভেম্বর পৌরসভা থেকে গ্রেপ্তারের মাত্র এক মাসের মধ্যেই তিনি জামিনে বেরিয়ে এলাকায় ফের ত্রাস সৃষ্টি করেছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মোহাম্মদ করিম হত্যার ঘটনায় এখনও কোনো আসামিকে গ্রেপ্তার বা শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের স্ত্রী মামলায় কোনো আসামির নাম বা সংখ্যা উল্লেখ করেননি। তদন্ত চলমান রয়েছে।’

প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাউজানে সকল হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে মাকসুদুল হক মাসুদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান।’

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সব সময়ই অভিযান চালানো হচ্ছে। সীতাকুণ্ডের বলেন আর রাউজানের বলেনÑ সন্ত্রাসী যে মাপেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেক ঘটনার তদন্ত চলছে। কেউ হুমকি দিয়ে, চাঁদা দাবি করে পার পেয়ে যাবে, আগের সেই দিন আর নেই।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা