হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
উচ্চ ঝুঁকির ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করে নজরদারি, নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা এবং অনলাইনভিত্তিক ব্যবস্থাপনায় জোর দেওয়ার সুফল মিলেছে চট্টগ্রামে। এসব উদ্যোগের ফলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চট্টগ্রামের রাজস্ব আদায় এক বছরে বেড়েছে ১ হাজার ৭৯৮ কোটি টাকার বেশি। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট ১৮ হাজার ৪৩৫ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চট্টগ্রামের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক এবং জরিমানা খাতে মোট রাজস্ব আদায় হয়েছিল ১৬ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার টাকা। এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৫ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার টাকায়। অর্থাৎ রাজস্ব আদায় বেড়েছে ১ হাজার ৭৯৮ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা। প্রবৃদ্ধির হার প্রায় ১০ দশমিক ৮১ শতাংশ।
রাজস্ব কর্মকর্তাদের মতে, করজালের বাইরে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনা এবং ভ্যাট ফাঁকি ঠেকাতে নজরদারি বাড়ানোর ফলে আদায়ের পরিধি বিস্তৃত হয়েছে। বিশেষ করে ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক প্রোফাইলিংয়ের মাধ্যমে উচ্চ ঝুঁকির প্রতিষ্ঠান শনাক্ত করে তাদের লেনদেন ও ভ্যাট রিটার্ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। একই সঙ্গে নতুন ব্যবসাপ্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনায় রাজস্ব আদায়ের ভিত্তিও বড় হয়েছে।
রাজস্ব আদায়ের প্রধান উৎস হিসেবে ভ্যাট খাতেই সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট ভ্যাট থেকে ১৬ হাজার ৪৮৩ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকা আদায় করেছিল। পরের অর্থবছরে এ আয় বেড়ে হয়েছে ১৮ হাজার ২৮৫ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার টাকা। অর্থাৎ এক বছরে ভ্যাট আদায় বেড়েছে প্রায় ১০ দশমিক ৯০ শতাংশ।
অন্যদিকে মোট রাজস্ব বাড়লেও সব খাতে একই ধরনের প্রবৃদ্ধি হয়নি। ২০২৫-২৬ অর্থবছরে আবগারি শুল্ক খাতে আয় হয়েছে ৩১ কোটি ৯৯ হাজার ৮৯ টাকা। আগের অর্থবছরে এ খাতে আয় হয়েছিল ৩২ কোটি ৬৬ লাখ ৫১ হাজার টাকা। ফলে আবগারি শুল্ক থেকে আয় কমেছে প্রায় ২ শতাংশ।
জরিমানার ক্ষেত্রেও একই ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে ১৩ কোটি ৩ লাখ ১৫ হাজার টাকা আদায় হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে এসেছে ৪ কোটি ৫৯ লাখ টাকায়। অর্থাৎ এক বছরে জরিমানা আদায় কমেছে ৮ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকা বা প্রায় ৬৪ দশমিক ৮ শতাংশ।
তবে আবগারি শুল্ক ও জরিমানা খাতে আয় কমলেও ভ্যাটের বড় প্রবৃদ্ধি সামগ্রিক রাজস্ব আদায়কে ঊর্ধ্বমুখী রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরে সম্পূরক শুল্ক থেকে ১১৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা আদায় হয়েছে। সব মিলিয়ে রাজস্ব আদায়ে ভ্যাটের অবদানই সবচেয়ে বেশি।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চট্টগ্রামের কমিশনার শেখ আবু ফয়সাল মোহাম্মদ মুরাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উচ্চ ঝুঁকির ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের লেনদেন ও ভ্যাট রিটার্ন পর্যবেক্ষণের পাশাপাশি নতুন প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। ভ্যাট আদায়ে কড়াকড়ির ফলে গত অর্থবছরে এর সুফল পাওয়া গেছে বলে জানান তিনি।
তিনি জানান, একই ধারাবাহিকতায় চলতি বছরও কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এনজিওসহ কর্তনকারী প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি কর ফাঁকি এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা ভ্যাট বকেয়া আদায়েও বিশেষ কার্যক্রম চলছে।