জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট
লোগো: সংগৃহীত
হাসপাতালে মানুষ যায় সুস্থ হতে। চিকিৎসার জন্য দিনের পর দিন হাসপাতালের বিছানায় পড়ে থাকা রোগী কিংবা তার পাশে থাকা স্বজনের কাছে একটি পরিষ্কার শৌচাগার কোনো বিলাসিতা নয়, ন্যূনতম প্রয়োজন। অথচ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে এই ন্যূনতম প্রয়োজনটিই এখন চরম আক্ষেপের বিষয়। এখানকার সাধারণ শৌচাগারগুলোর অবস্থা এতটাই বেহাল যে, দুর্গন্ধে সেখানে টেকা দায়; সুস্থ হওয়ার বদলে উল্টো সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে পড়ছেন রোগীরা।
দেশের শীর্ষস্থানীয় এই বিশেষায়িত হাসপাতালে ছোট-বড় মিলিয়ে শৌচাগারের সংখ্যা প্রায় ৭০০ থেকে ৮০০। হাসপাতালের ভিআইপি কেবিন, আইসিইউ বা সিসিইউর মতো বিশেষ কিছু ওয়ার্ড বাদ দিলে সাধারণ রোগী ও স্বজনদের ব্যবহৃত অধিকাংশ শৌচাগারেই পরিচ্ছন্নতার চরম ঘাটতি চোখে পড়ে। মেঝেতে ময়লা-আবর্জনার স্তূপ, প্যান বা কমোডে ছোপ ছোপ দাগ আর বাতাসে তীব্র দুর্গন্ধÑ এটাই যেন এখানকার সাধারণ চিত্র। কোনো কোনো বাথরুমে আবার ব্যবহারের জন্য পর্যাপ্ত পানিও মেলে না।
মানিকগঞ্জ থেকে রোগী নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চার দিন ধরে অবস্থান করছেন মাহাবুল হক। তিনি বলেন, সিসিইউর টয়লেটসহ বিভিন্ন জায়গার একাধিক বাথরুম ব্যবহার করেছেন। প্রায় সবগুলোই অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত। কোনো কোনো টয়লেটে পানি ব্যবহারের বদনাও এতটাই অপরিষ্কার যে হাতে ধরা যায় না।
মাহাবুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেই। তার প্রশ্ন, দেশের হৃদরোগ চিকিৎসার অন্যতম প্রধান হাসপাতালে যদি বাথরুমের এমন অবস্থা হয়, তাহলে অন্য হাসপাতালগুলোর পরিস্থিতি কী হতে পারে; তা চিন্তার বাইরে?
একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন রোগীর স্বজন। তাদের ভাষ্য, চিকিৎসা নিয়ে উৎকণ্ঠার সঙ্গে বাথরুম ব্যবহারের দুর্ভোগও এখন হাসপাতালবাসের অংশ হয়ে উঠেছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ২০২৫-২৬ অর্থবছরের একটি সরকারি দরপত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৫০ জন ক্লিনারসহ মোট ১৩৭ জন জনবল নেওয়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ পরিচ্ছন্নতা ব্যবস্থায় জনবল রাখার আনুষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। তাহলে প্রশ্ন, প্রতি শিফটে কতজন ক্লিনার দায়িত্ব পালন করেন? কোন ওয়ার্ডে কতজন? বাথরুম পরিষ্কারের নির্দিষ্ট সূচি কী? পরিষ্কারের পর তা তদারকি করেন কে?