আজিজুল ইসলাম
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭ এএম
লোগো: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অনেককে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন বাথরুমে জমে আছে ময়লাপানি। টাইলসে কালচে দাগ ও শ্যাওলা। অনেক কমোড অপরিষ্কার। কোথাও ভাঙা দরজা, কোথাও পর্যাপ্ত ভেন্টিলেশন নেই। হাসপাতালের আশপাশেও জমে আছে ময়লা-আবর্জনা ও পানি।
গত সোমবার সরেজমিন হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া খালটিও দীর্ঘদিনের ময়লায় নোংরা হয়ে আছে। বিভিন্ন স্থানে ময়লা জমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার উপক্রম হয়েছে। এতে খালটি মশার প্রজননকেন্দ্রে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বাথরুমেও অপরিচ্ছন্নতার চিত্র দেখা যায়। সাদা টাইলসে কালচে দাগ, শ্যাওলা ও ময়লা জমে আছে। টাইলসের জোড়ায় জমেছে কালো ময়লা। মেঝেতে জমে থাকা পানির সঙ্গে ছড়িয়ে রয়েছে কাদা ও নোংরা দাগ। অনেক কমোড পুরনো ও অপরিষ্কার। কমোডের ভেতরেও ময়লা লেগে রয়েছে। কয়েকটি বাথরুমে পর্যাপ্ত ভেন্টিলেশন নেই। ময়লা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানও নেই। কয়েকটি বাথরুমের দরজা ভাঙা। এতে রোগীর স্বজনদের বাথরুম ব্যবহারের সময় ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও সমস্যায় পড়তে হয়।
পঙ্গু হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসাধীন নজরুল ইসলাম। চার মাস আগে অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার বাম পায়ের একটি হাড়ের তিন জায়গায় ভেঙেছে। দীর্ঘ চার মাস হাসপাতালের বিছানাই তার ঠিকানা। তার স্ত্রী আমেনা বেগমও স্বামীর সঙ্গে হাসপাতালে থাকছেন।
বাথরুম ব্যবহারের দুর্ভোগের কথা জানিয়ে আমেনা বেগম বলেন, ‘আমরা দুজন মানুষ এখানে। ওকে তো বেডেই ক্যাথেটার দিয়ে পেশাব করাই। আর প্লাস্টিকের কমোড দিয়ে টয়লেট সারাই। কিন্তু আমি গোসল ও টয়লেট করতে গেলেই বিপাকে পড়ি। বাধ্য হয়ে অন্য মহিলাকে নিয়ে গিয়ে তাকে বাইরে বসিয়ে রেখে জরুরত সারি।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, এক হাজার শয্যার পঙ্গু হাসপাতালে রয়েছে ১৮টি ওয়ার্ড। হাসপাতাল কর্তৃপক্ষের বেতনভুক্ত পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন ৭০ জন। এত সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী থাকার পরও হাসপাতালের ভেতর-বাইরে ময়লা-আবর্জনা এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকার চিত্র দেখা গেছে।
দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, রোগীর চাপ বেশি হওয়ায় সব সময় বাথরুম পরিষ্কার রাখা কঠিন। রোগী ও স্বজনদের অসচেতনতাও এর জন্য দায়ী। তিনি বলেন, আসলেই রোগীর চাপ বেশি। আবার মানুষও অনেকটাই দায়িত্বহীনভাবে বাথরুম ব্যবহার করে। তারা পানি ঢালে না। তাই সারাক্ষণ তো আর বাথরুম পরিষ্কার করতে পারে না।
দ্বিতীয় তলার এক নারী পরিচ্ছন্নতাকর্মীও দাবি করেন, তারা নিয়মিত পরিষ্কার করেন। তিনি বলেন, আমরা দিনে সময় করে ৩-৫ বার ফ্লোর পরিষ্কার করি। আবার বাথরুম পরিষ্কার করি একবার। এ ছাড়া প্রয়োজন হলে এর বাইরেও পরিষ্কার করতে হলে করি।
হাসপাতালের অপরিচ্ছন্নতার বিষয়ে পরিচালক ডা. মো. আবুল কেনান বলেন, বড় হাসপাতাল, ৩টা ভবন। আমরা চেষ্টা করি পরিষ্কার রাখার। গ্রামগঞ্জ থেকে আসা রোগী ও রোগীর স্বজনদের অনেকেই বাথরুম ব্যবহারের নিয়ম জানে না। যার কারণে এমনটা হয়। তারপরও আমরা আরও চেষ্টা করব।