ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
সৌরভ হোসেন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০১ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭ এএম
লোগো: সংগৃহীত
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা রোগীর স্বজন জরিনা আক্তার বলেন, ‘তিন দিন ধরে হাসপাতালে আছি। প্রথম দিন গোসলের জন্য গোসলখানায় গেছি, নোংরা পরিবেশের কারণে গোসল না করে বেরিয়ে আসি। দ্বিতীয় দিন গরমে থাকতে না পেরে আবার গোসলের জন্য গিয়ে পানির ট্যাপ ছেড়ে দেখি পানি নাই। আর টয়লেটের কথা কী বলব। কোনো একটা টয়লেটও ভালো নাই, কমোডে ময়লা-নোংরা লেগে আছে। এই পরিবেশ টয়লেট করার উপযোগীই না। কিন্তু নাক চেপে কাজ সারতে হয়।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার সরেজমিন দেখা যায়, টয়লেটগুলো একেবারেই ব্যবহারের অনুপযোগী। সেখানে পরিষ্কার-পরিছন্নতার কোনো বালাই নেই। টয়লেটের মধ্যে ময়লা-আবর্জনা পড়ে আছে। কোনো কোনোটিতে পানির লাইন নষ্ট, কোনো কোনোটি নেই বদনা। বিকল্প হিসেবে রাখা আছে প্লাস্টিকের বোতল।
খোঁজ নিয়ে জানা যায়, নিয়োগপ্রাপ্ত সুইপার থাকলেও নিয়ম করে পরিষ্কার করা হয় না। তিনবেলা পরিষ্কারের কথা থাকলে একবেলা-ই ভালোভাবে পরিষ্কার করা হয় না। বিশেষ করে ওয়ার্ডভিত্তিক যেসব টয়লেট রয়েছে সেগুলোর ভেতরে ময়লা বেশি, সেখান থেকে দুর্গন্ধও ছড়ায়। ১১৪ নম্বর ওয়ার্ডে ইউরিন ইনফেকশন নিয়ে ভর্তি হওয়া রোগী মো. বাবুলের স্বজন মো. শহিদুল বলেন, ‘রোগী হসপিটালে আসে ভালো হওয়ার জন্য, কিন্তু হাসপাতালের পরিবেশ যদি ভালো না হয়, টয়লেটে গিয়ে যদি সুস্থ মানুষ অসুস্থ হয়, তাহলে রোগীর সেবা করবে কে? রোগীকে সব সময় পয়ঃপরিষ্কার রাখতে হয়। তাই রোগীর সঙ্গের মানুষটিকেও তেমনটি থাকতে হবে। কিন্তু পরিষ্কার থাকার উপায় নেই। এখানে ৮টা টয়লেটের ৩টাই একেবারে নষ্ট। বাকিগুলোতে উপায় না পেয়ে কোনোভাবে একটু কাজ সারা যায়।’ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ও পুরাতন দুটি ভবনে ৬ শতাধিক টয়লেট ও বাথরুম আছে। এতসংখ্যক টয়লেট ও বাথরুমের জন্য সরকারের নিয়োগপ্রাপ্ত ২১৩ জন ক্লিনারের মধ্যে প্রতিদিন ১৭২ জন নিয়মিত কাজ করেন। আর বাকি ৪১ জন অনুপস্থিত থাকেন। অভিযোগ রয়েছে, অনুপস্থিত থেকেই এই ৪১ জন তাদের বেতন-ভাতা নিচ্ছেন। তবে হাসপাতালের ক্লিনাররা বেসরকারি হাসপাতালের জন্য রোগী পাঠানোর কাজে নিজেদের বেশি ব্যস্ত রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।