গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
‘হাসপাতালের পরিবেশ যা-ই হোক না কেন, এখানকার টয়লেটে গেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। নোংরা-দুর্গন্ধযুক্ত টয়লেটে নাই কোনো বদনা, নাই পানির ব্যবস্থা। বোতলে করে পানি নিয়ে গিয়ে কাজ সারতে হয়। কী একটা বিপদ বলেন।’ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১৪ নম্বর ওয়ার্ডের রোগী মো. বাবুল সোমবার দুপুরে এ প্রতিবেদককে তার কষ্টের কথা এভাবেই বলেন।
শুধু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নয়, রাজধানী ঢাকার পঙ্গু, জাতীয় হৃদরোগ, কুয়েত মৈত্রী, সোহরাওয়ার্দী ও মুগদা জেনারেল হাসপাতালে একই দিন সরেজমিন টয়লেট ব্যবস্থাপনা ঘুরে দেখেন একাধিক প্রতিবেদক। সেসব চিত্রও অনেকখানি মিলে গেছে মো. বাবুলের বর্ণনার সঙ্গে। রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে বড় ভাইয়ের ডেঙ্গুর চিকিৎসার জন্য নরসিংদীর পলাশ থেকে আসা মো. আইয়ুব হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকারি হাসপাতালে আসা মানেই রোগীর সঙ্গে স্বজনদেরও অসুস্থ হওয়া। একদিকে বাথরুমের সমস্যা, সেই সঙ্গে খাবার পানির সমস্যা। আছে ওয়ার্ডবয়দের দুর্ব্যবহার। আমাদের কথা কে শুনবে ভাই।’ হাসপাতালটির দ্বিতীয় ও তৃতীয় তলা ঘুরে দেখা যায়, কয়েকটি বাথরুমে জমে আছে নোংরা পানি ও ময়লা। কমোডের গায়েও ময়লা। বাথরুমের ভেতরে ব্যবস্থা নেই পর্যাপ্ত ভেন্টিলেশনের। নেই ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গাও।
ছয়টি হাসপাতাল ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) থাকলেও টয়লেটগুলো একেবারেই ব্যবহারের অনুপযোগী। কোনো টয়লেটেই নেই স্যানিটাইজেশনের ব্যবস্থা। বেশিরভাগ সময়ই পানি মেলে না। বদনাসহ প্রয়োজনীয় উপকরণের রয়েছে ঘাটতি।
এসব হাসপাতালে আসা রোগী ও তার স্বজনরা পড়ছেন বিপাকে। বিশেষজ্ঞরা বলছেন, যারা বাধ্য হয়ে অপরিচ্ছন্ন-নোংরা টয়লেট ব্যবহার করছেন, তারাও নতুন করে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। শ্বাসতন্ত্রের সংক্রমণ, পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ (যেমন টাইফয়েড ও জন্ডিস), মূত্রনালির সংক্রমণ (ইউটিআই), চর্মরোগ ও যক্ষ্মার মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে জানা গেছে। একাধিক হাসপাতালের ফ্লোরে বিড়ালের বিষ্ঠা, করিডোরে ডেঙ্গু প্রজননের ক্ষেত্রও দেখা গেছে। সব মিলিয়ে একেকটি হাসপাতালই যেন অসুস্থ, এই রোগ সারাবে কে?
হাসপাতালগুলোতে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, কাগজেকলমে পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) থাকলেও তারা আসলে সুইপার নন। হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের আত্মীয়স্বজনকে পোষ্য কোটায় সুইপার হিসেবে নিয়োগ দিয়েছেন। তাদের অনেকেই চাকরি করেন, বেতন-ভাতা নেন, কিন্তু কাজ করেন না। এ ছাড়াও মাস্টাররোলে যাদের নিয়োগ দেওয়া তারাও একইভাবে নিয়োগপ্রাপ্ত। এ কারণে পরিচ্ছন্নতার ধারেকাছেও যান না। তারা সবসময় বেসরকারি হাসপাতালে রোগী পাঠাতে ব্যস্ত থাকেন। আরেক শ্রেণির সুইপার আছে, যারা অন্যের বদলি দায়িত্ব পালন করে, মাস শেষে নিয়োগপ্রাপ্ত সুইপারের বেতনের একটা অংশ পান। তারাও ফাঁকি দেন দায়িত্বে। আর প্রকৃত সুইপার যারা, তারাই টয়লেট পরিষ্কারসহ পরিচ্ছন্নতার কাজগুলো করেন। এদের সংখ্যা বেশ কম। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়ে সবসময়ই।
হাসপাতালগুলোর স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সামগ্রিক নাজুক ও উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে আইসিডিডিআরবির এক গবেষণার তথ্যেও। ২০২২ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকার ১০টি সরকারি ও ২টি বেসরকারি হাসপাতালে চালানো নিবিড় জরিপে উঠে এসেছে যে, সরকারি হাসপাতালের মাত্র ৩৩ শতাংশ টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন ও মাত্র ৬৮ শতাংশ সচল বা কার্যকর। গবেষণার তথ্য অনুযায়ী সরকারি হাসপাতালের প্রায় ৭০ শতাংশ টয়লেটই অপরিচ্ছন্ন এবং এর মধ্যে ২৭ শতাংশ টয়লেট অত্যন্ত নোংরা ও ব্যবহারের একেবারে অনুপযোগী।
গবেষণার তথ্যে জানা গেছে, ঢাকার হাসপাতালগুলোতে টয়লেট ব্যবহারের ক্ষেত্রে চাপ রয়েছে অতিরিক্ত জনসংখ্যার। বিশেষ করে সরকারি হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) প্রতি ২১৪ জন রোগীর জন্য মাত্র ১টি সচল টয়লেট রয়েছে। কোনো কোনো বিশেষায়িত হাসপাতালে এই অনুপাত চরম আকার ধারণ করেছে; যেখানে বহির্বিভাগের একটি সাধারণ টয়লেটে ব্যবহারকারীর অনুপাত পাওয়া গেছে ৯৩৯:১। অপরদিকে আন্তঃবিভাগে (ইনডোর) এই অনুপাত ১৭:১। এ ছাড়া নারী রোগীদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনার (মেনস্ট্রুয়াল হাইজিন) জন্য মাত্র ৩ শতাংশ টয়লেটে বর্জ্য ফেলার ডাস্টবিন রয়েছে, যার মধ্যে আবার ১ শতাংশেরও কম ডাস্টবিনে কার্যকর ঢাকনা রয়েছে। শারীরিক প্রতিবন্ধী বা সীমিত চলাচলের ক্ষমতার মানুষদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন টয়লেট নেই বললেই চলে; মাত্র ০.৩ শতাংশ টয়লেটে কেবল হাতল (হ্যান্ডরেইল) ব্যবহারের আংশিক সুবিধা রয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জেএমপির আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঢাকার কোনো সরকারি হাসপাতালই রোগীদের জন্য মৌলিক স্যানিটেশন সেবা নিশ্চিত করতে পারেনি। একই সাথে হাসপাতালগুলোতে পৃথক পুরুষ ও নারী টয়লেটের সঠিক দিকনির্দেশনা বা সাইনেজ না থাকায় ৭৯ শতাংশ সরকারি টয়লেটই নারী-পুরুষ যৌথভাবে ব্যবহার করছে, যা নারী রোগী, স্বজন ও কর্মীদের গোপনীয়তা ও নিরাপত্তাকে বিঘ্নিত করে।
হাসপাতালের টয়লেট থেকেই ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ এই নোংরা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা জনস্বাস্থ্যের জন্য কীভাবে হুমকি তৈরি করছে, সে বিষয়ে কথা বলেছেন আইসিডিডিআরবির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ও গবেষণার প্রধান তদন্তকারী ডা. মো. নুহু আমিন। তিনি বলেন, ‘অপরিচ্ছন্ন টয়লেট কিংবা অন্যান্য অপরিচ্ছন্নতা হাসপাতালে সংক্রমণের অন্যতম প্রধান কারণ। রোগীরা যখন ওয়ার্ড থেকে টয়লেটে যায়, তখন তারা স্যান্ডেলের মাধ্যমে বা হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অপরিচ্ছন্ন হাত দিয়ে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাসের জীবাণু বিছানায় বা রোগীর কাছে নিয়ে আসে। এর ফলে ডায়রিয়া বা পেটের পীড়া ছাড়াও ইনফ্লুয়েঞ্জার মতো শ্বাসকষ্টজনিত রোগ, চর্মরোগ ও অস্ত্রোপচার হওয়া রোগীদের ক্ষতে মারাত্মক সুপার ইনফেকশন হতে পারে।’
তিনি আরও সতর্ক করেন যে, ‘রোগীর সাথে আসা স্বজনরা প্রথমে নিজেরাই জীবাণু আক্রান্ত হন এবং পরবর্তীতে সেই অপরিচ্ছন্ন হাত দিয়েই রোগীকে খাবার খাওয়ান, যা দ্রুত হাসপাতালজুড়ে সংক্রমণ ছড়িয়ে দেয়।’
সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন টয়লেট দেখে কর্মকর্তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব। সব বাথরুম জঘন্য’Ñ মন্ত্রীর এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এ বক্তব্যকে সাধুবাদ জানিয়ে অনেকে সরকারি হাসপাতাল পরিদর্শনের তাগিদ দেন। খোদ মন্ত্রীর বক্তব্যেও সরকারি হাসপাতালের টয়লেট অপরিচ্ছন্ন থাকার বিষয়টি সামনে এসেছে, যা রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে যেন সংক্রমিত হয়েছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন হাসপাতালের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার প্রতিকার নিয়ে জোর দিয়ে বলেন, ‘টয়লেট অপরিচ্ছন্ন থাকলে ও ব্যবহারকারী সবার স্পর্শ করার সারফেসগুলো নিয়মিত জীবাণুমুক্ত করা না হলে শ্বাসতন্ত্রের সংক্রমণ, পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ (যেমন টাইফয়েড ও জন্ডিস), মূত্রনালির সংক্রমণ (ইউটিআই), চর্মরোগ ও যক্ষ্মার মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে। হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসেন, রোগ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য নয়।’ এর প্রতিকার হিসেবে ডা. মুশতাক হোসেনের পরামর্শ, ‘আন্তর্জাতিক বিমানবন্দরগুলো যেমন প্রতি ঘণ্টায় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা হয়, হাসপাতালের করিডোর, ফ্লোরের পাশাপাশি টয়লেটগুলোও নিয়মিত পরিষ্কার করা উচিত। রোগীর ব্যবহৃত সাধারণ টয়লেটগুলো অন্তত প্রতি ঘণ্টায় বা প্রতি দুই ঘণ্টায় একবার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা আবশ্যক।’