× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ঘের-সিন্ডিকেটে বন্দি’ সোনাগাজীর শত একর ফসলি জমি

আবদুল্লাহ আল-মামুন, ফেনী

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৭ পিএম

ঘের নির্মাণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে ফসলি জমি পরিণত হয়েছে স্থায়ী জলাশয়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘের নির্মাণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে ফসলি জমি পরিণত হয়েছে স্থায়ী জলাশয়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বড় ফেনী নদীর বুকে জেগে ওঠা পলিমাটিতে একসময় সোনার ফসল ফলাতেন সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজের লামছি মৌজার কৃষকেরা।

আউশ, আমন ও রবি শস্যে বছরজুড়ে মুখর থাকত শত শত একর জমি। কিন্তু দখল, অবৈধ মৎস্য ঘের ও কৃত্রিম জলাবদ্ধতায় সেই চিত্র এখন অতীত।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি সিন্ডিকেটের ‘অবৈধ’ মৎস্য ঘেরের কারণে গত চার বছর ধরে শতাধিক একর কৃষিজমি পতিত পড়ে আছে। ঘের নির্মাণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে ফসলি জমি পরিণত হয়েছে স্থায়ী জলাশয়ে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও ঘেরের মালিকানায় শুধু হাতবদল হয়েছে; কৃষকদের দুর্ভোগ কাটেনি।

স্থানীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নদী ও চরের জমি দখল করে অনিয়ন্ত্রিত মৎস্য ঘের গড়ে তোলে একটি প্রভাবশালী চক্র। সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর দখলদারদের পরিচয় বদলালেও নদী ও কৃষিজমির স্বাভাবিক প্রবাহ বন্ধ রাখার কৌশল একই রয়েছে।

সূত্রটি আরও জানায়, জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে মানবিক ও স্বাস্থ্যঝুঁকি। বেড়িবাঁধসংলগ্ন এলাকার নিম্নআয়ের কয়েকশ পরিবার দৈনন্দিন কাজে বাধ্য হয়ে ওই জলাশয়ের দূষিত পানি ব্যবহার করছে। এতে নানা রোগের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে মশা ও ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে। স্থবির হয়ে পড়েছে বহু পরিবারের জীবিকা।

স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক গিয়াস উদ্দিন বলেন, “যে জমিতে আমন, আউশ আর রবি শস্য চাষ করে আমরা পরিবার চালাতাম, প্রায় চার বছর ধরে সেই জমিগুলো অনাবাদি পড়ে আছে।”

জলবদ্ধতা ও প্রভাবশালী সিন্ডিকেটের কাছে কৃষকেরা জিম্মি উল্লেখ করে তিনি দাবি করেন, “পানি উন্নয়ন বোর্ড বা উপজেলা প্রশাসন দ্রুত পানি নিষ্কাশন করে জমিগুলো আবাদের উপযোগী করুক।”

কৃষকদের দাবি, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে পানি সরিয়ে দিলে শতাধিক একর জমিতে আবার তিন ফসল চাষ সম্ভব। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বেড়িবাঁধসংলগ্ন মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষাও নিশ্চিত করা যাবে।

ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শামসুউদ্দিন খোকন এবং সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ বলেন, কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি ও দাবির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন আশ্বাস দিলেও দ্রুত পদক্ষেপ না নিলে মানুষের দুর্ভোগ কাটবে না।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। খুব শিগগির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের একটাই প্রত্যাশা, আশ্বাস নয়, দ্রুত অবৈধ ঘেরের বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হোক। কৃষিজমি ফিরে পাক তার হারানো উর্বরতা, ফিরুক ফসলের স্বাভাবিক চক্র আবার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা