প্রতীকী ছবি
২০২৪ সালের ১১ আগস্ট। গণঅভ্যুত্থানের মুখে তখন কেবল পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের, গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। ওইদিন সামাজিক মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে আঁকা কার্টুনিস্ট মেহেদী হকের একটি ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করলেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ট্যাটাসে কার্টুনিস্টদের প্রতি আহ্বান জানালেন আবারও নির্ভয়ে কার্টুন আঁকবার জন্যে; আবারও বাকস্বাধীনতা ফিরে আসার পরিবেশ সৃষ্টি হওয়ায় অভিনন্দন জানালেন আন্দোলনকারী জনগণকে।
বাকস্বাধীনতার প্রতি এমন মনোভাব প্রকাশের মধ্য দিয়ে সেদিন সারা দেশে প্রশংসিত হয়েছিলেন রাজনীতিক তারেক রহমান। সাধারণ মানুষকে আর নিবর্তনমূলক কোনো আইনে নির্যাতিত হতে হবে নাÑ এমন ধারণা পল্লবিত হয়েছিল জনগণের মধ্যে। কিন্তু সরকার গঠনের পর দুই বছরের মাথায় সেই তারেক রহমান সরকারের সমালোচনা করায় গাজীপুরের এক তরুণকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। যার ফলে সচেতন মহলে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।
সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে, সরকারের সমালোচনার জন্য নয়, সিফাত নামের ওই তরুণ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন। তার আনীত অভিযোগও ছিল অসত্য।
প্রসঙ্গত, দেশের সবচেয়ে সমালোচনামূলক কয়েকটি আইনের অন্যতম ‘সন্ত্রাসবিরোধী আইন-২০০৯’। ‘সন্ত্রাসবাদী কাজ’-এর বিস্তৃত সংজ্ঞা, অস্পষ্ট পরিভাষা এবং নির্বিচারে প্রয়োগের শঙ্কার কারণে ২০০৯ সালের শুরুতেই এই আইন সমালোচনার মুখে পড়ে। সরকারবিরোধী ও ভিন্নমত দমন-পীড়নের হাতিয়ার হিসেবে এ আইনটি বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এটিকে ব্যবহারোপযোগী করার লক্ষ্যে সম্প্রতি সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬ পাস করা হয়েছে। কিন্তু আগের মতোই এর পরিধি ও প্রয়োগ নিয়ে নাগরিক সমাজ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক বা ভিন্নমতের কণ্ঠরোধে এর অপব্যবহার ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকারের সময় ২০০৪ সাল থেকে সন্ত্রাসবিরোধী আইন করার বিষয়ে আলোচনা শুরু হয়। ২০০৮ সালের জুন মাসে তত্ত্বাবধায়ক সরকার সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশটি ২০০৮ সালের নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনেই বিল আকারে উত্থাপন এবং আইন হিসেবে পাস হয়। সে সময় মানবাধিকার-সংশ্লিষ্ট বিশিষ্টজন এ আইনের সমালোচনা করে বলেন, এ আইনে অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট নয়। এ কারণে আইনের অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। পরে এই আইনটি ২০১২ এবং ২০১৩ সালে সংশোধন করা হয়। সংশোধনীর পর তৎকালীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিক্রিয়া দেখিয়ে ওয়াকআউট করেন।
আইনটি এখনও ব্যবহৃত হচ্ছে
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে (২০০৯-২০২৪) এবং এর পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর আওতায় বিভিন্ন রাজনৈতিক দল, নেতাকর্মী, ভিন্নমতাবলম্বী এবং উগ্রপন্থী সংগঠনকে দমন ও নিষিদ্ধ করা হয়েছে। ২০১৩, ২০১৫ এবং ২০২৩ সালের সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ‘নাশকতা’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগে এই আইনে শত শত মামলা দেওয়া হয়। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগ সরকার এক নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে এই আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে; যদিও পরবর্তীতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
২০২৫ ও ২০২৬ সালের আইনি সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম এই আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে। তবে হত্যা ও সহিংসতার অভিযোগে গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাঠপর্যায়ের বহু নেতাকর্মীকে এই আইনের আওতায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হচ্ছে। ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরে তাকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৬ সালের ৫ মার্চ হাইকোর্ট তাকে জামিন দেন। এ ছাড়া ২০২৫ সালের ২৮ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরদিন তাদের এ মামলায় কারাগারে পাঠানো হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
আইনটির প্রয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর আর আইনটা বাতিল করেনি। পুলিশের পক্ষ থেকে যাকে খুশি তাকে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হচ্ছে। যাকে অপব্যবহারই বলা যায়। আইনে যে উদ্দেশ্যের কথা বা যেভাবে বলা হয়েছে তাতে এ আইনে করা ৫ শতাংশ মামলাও ধোপে টেকে না। ৯৫টা মামলাই এ আইনের অপব্যবহারের মাধ্যমে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হলে মানুষজন কথা বলবেই। এটা মতপ্রকাশের স্বাধীনতা। গাজীপুরের ঘটনায় প্রধানমন্ত্রীর অফিস থেকে ছেলেটিকে মামলায় দিতে বলা হয়েছে কি না নিশ্চিত না। তবে কোনো কোনো পুলিশ কর্মকর্তার ধারণা, যদি কোনো ঘটনাকে রাজনৈতিক মোড়কে বিরোধী পক্ষের আদলে দেখানো যায়, চলতি সরকার তাহলে তাকে ভালো পদায়ন ও পদোন্নতি দেবে। একইভাবে সরকারের সমালোচনা করলে সুনির্দিষ্ট আইনে মামলা দেওয়া হতে পারে।’
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘এই আইনের যারা অপব্যবহার করছেন, তারা কি নিজেদের সুবিধার জন্য করছেন, নাকি নির্দেশিত হয়ে করছেন? যেটাই করুন না কেন, এর মাধ্যমে সরকারের দুর্নাম হয় এবং জনপ্রিয়তায় প্রভাব পড়ে। এরা মতপ্রকাশের ক্ষেত্রে সঠিকভাবে আইন প্রয়োগ করতে চান না। অতিউৎসাহী ব্যক্তিরা এ ধরনের কাজকর্মের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া উচিত।’
এ আইনের প্রয়োগ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ও বিচার সংস্কার কমিশনের সাবেক সদস্য কাজী মাহফুজুল হক সুপন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অনলাইন আচরণকে নিয়ন্ত্রণ করার মতো কোনো কার্যকরী আইন বিশ্বের কোথাও নাই। উন্নত দেশের সরকারগুলো নাগরিকের অনলাইনের বিচ্যুত আচরণ রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি না হলে উপেক্ষা করে থাকে। নাগরিকের উচিত সতর্কভাবে তার প্রতিক্রিয়া প্রকাশ করা। তবে পুলিশের সমস্যা হলো, তারা জানে না কোন ক্ষেত্রে এটা প্রয়োগ করা উচিত। এ বিষয়ে তাদের সঠিক প্রশিক্ষণও নেই। আবার একই বিষয়ে অনেকগুলো আইন থাকলে অনেক সময় প্রয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। তবে সন্ত্রাসবাদ দমনে আইনের অপপ্রয়োগ কোনো ভালো প্রবণতা না। এ বিষয়ে সতর্ক হতে হবে। যদিও উন্নত বিশ্বের অনেক দেশে এ আইন নেই, তবে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলোতে এ আইন থাকতে হবে। কারণ এসব দেশে সন্ত্রাসবাদ কার্যক্রম সক্রিয় আছে। তবে প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্কতার সঙ্গে এ আইন ব্যবহার করতে হবে।