× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমতাধরের নাতির গল্প

দীপক দেব

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

একটি রাষ্ট্রীয় প্রকল্পের ব্যয় ৩৫ থেকে ৩৭ শতাংশ বাড়িয়ে চুক্তি করার আয়োজন ঘিরে একজন ক্ষমতাধর মানুষের নাতির প্রতি স্বজনপ্রীতির অভিযোগ এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বৈশ্বিক সংকট থেকে সৃষ্ট দেশের চলমান জ্বালানি সমস্যার সমাধানের লক্ষ্যে তৃতীয় এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণ করতে চায় সরকার।

সংকটের দ্রুত সমাধানের জন্য টেন্ডার ছাড়া জিটুজি পদ্ধতির মাধ্যমে এই এফএসআরইউ বসাতে একটি প্রস্তাব দিয়েছে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড (সিএনইই)। যার ব্যয় নিয়ে এরই মধ্যে বড় ধরনের প্রশ্ন সামনে চলে এসেছে। বিশেষত রিগ্যাসিফিকেশন সেবায় বর্তমানে বাংলাদেশ যে অর্থ ব্যয় করে, প্রতিষ্ঠানটি তাদের প্রস্তাবে এর চেয়ে ৩৫-৩৭ শতাংশ বেশি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া চীনের আরেকটি কোম্পানির চেয়ে ১২ হাজার কোটি টাকা বেশি দাবি করলেও পূর্ব অভিজ্ঞতাবিহীন এই প্রতিষ্ঠানটির প্রস্তাবকে গুরুত্ব দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। আলোচনা ও সমালোচনা চলছে যে, ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী সংসদ সদস্যের বিশেষ আগ্রহে চীনা প্রতিষ্ঠানটির প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সংকটকে কারণ হিসেবে দেখিয়ে যে বাড়তি অর্থ চাওয়া হচ্ছে তা ব্যয় করা কতটা যৌক্তিক হবে তা নির্ধারণ করার পাশাপাশি সময়কাল নিয়ে তৃতীয় পক্ষ দিয়ে যাচাই করা উচিত। 

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ জুন সিএনইই মহেশখালীর কুতুবজোমে বিল্ড-ওন-অপারেট মডেলের আওতায় একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। এতে রিগ্যাসিফিকেশনের সক্ষমতা ধরা হয়েছে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) এবং সর্বোচ্চ সক্ষমতা ৭৫০ এমএমসিএফডি। ১৫ বছরের চুক্তির আওতায় ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) জন্য সিএনইই প্রতিদিন ৩ লাখ ৪২ হাজার ডলার নেবে। বর্তমানে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ বাবদ দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিট এলএনজি টার্মিনালের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার খরচ হয়। এলএনজি টার্মিনাল কোম্পানি সামিটের চেয়ে দৈনিক ১ কোটি ১৪ লাখ টাকা (৯৩ হাজার ডলার) এবং এক্সিলারেট এনার্জির চেয়ে ১ কোটি ৮ লাখ টাকা (৮৮ হাজার ডলার) বেশি চার্জ দাবি করেছে সিএনইই। 

এদিকে সিএনইইর চেয়ে চায়না মার্চেন্ট ইন্ডাস্ট্রি (সিএমআই) সাশ্রয়ী প্রস্তাব দিলেও তা নিয়ে কোনো ধরনের আগ্রহ দেখাচ্ছে না জ্বালানি বিভাগ। তাদের প্রস্তাব অনুযায়ী, দৈনিক ১ লাখ ডলার খরচে এই জোড়া জাহাজের ভাসমান টার্মিনাল রাখা যাবে। এর সঙ্গে বছরে ২ কোটি ৪০ লাখ ডলার রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে। ১২ বছর পর ভাসমান টার্মিনালটি পেট্রোবাংলার হয়ে যাবে। মাতারবাড়ীতে একজোড়া জাহাজ নিয়ে ভাসমান টার্মিনাল বসাতে চায়না মার্চেন্ট ইন্ডাস্ট্রি (সিএমআই) এবং লিয়ান ডকইয়ার্ড লিমিটেড যৌথভাবে পৃথক আরেকটি প্রস্তাব দিয়েছে। যেটির চেয়ে সিএনইইর প্রস্তাবে প্রায় ১২ হাজার কোটি টাকা বেশি।

এদিকে পেট্রোবাংলা ২০২৪ সালের মার্চে মহেশখালীতে দ্বিতীয় এফএসআরইউ নির্মাণে সামিটের দেওয়া প্রস্তাবে সম্মত হয়েছিল। সে সময় ফি নির্ধারণ করা হয়েছিল দৈনিক ৩ লাখ ডলার। ওই এফএসআরইউর সক্ষমতা ছিল দৈনিক ৬০০ এমএমসিএফডি এবং মেয়াদ ছিল ১৫ বছর। আওয়ামী লীগ সরকারের পতনের পর পেট্রোবাংলা ২০২৪ সালের অক্টোবরে চুক্তিটি বাতিল করে। পেট্রোবাংলার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যায় সামিট। বিষয়টি এখনও বিচারাধীন।

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) ২০২৫ সালে একটি সম্ভাব্যতা সমীক্ষার জন্য দৈনিক ২ লাখ ৩৯ হাজার ৬৫৩ ডলার সুপারিশ করেছিল। সিএনইইর চাওয়া তাদের ওই দৈনিক ফি সমীক্ষার চেয়ে প্রায় ৪৩ শতাংশ বেশি। সিএনইইর চাওয়া বেশি হলেও সাত সদস্যের সম্ভাব্যতা যাচাই কমিটি ৩০ আগস্ট সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ করে। এর একটি হচ্ছে দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলারে ১৫ বছরের চুক্তি। দ্বিতীয়টি দৈনিক ৩ লাখ ২৯ হাজার ডলারে ২০ বছরের চুক্তি। ১৫ বছরের চুক্তির আওতায় এই ফিতে ২ লাখ ৪৬ হাজার ডলার নির্ধারিত ফি, ৫৯ হাজার ডলার পরিচালন ফি এবং ৩৭ হাজার ডলার বন্দরসেবা ফি অন্তর্ভুক্ত থাকবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে পরিবর্তন, জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও জাহাজ নির্মাণের উপকরণের বাড়তি খরচ, বিশ্বব্যাপী এফএসআরইউর চাহিদা বৃদ্ধি এবং চুক্তি সইয়ের দেড় বছরের মধ্যে টার্মিনাল সরবরাহের বাধ্যবাধকতাসহ সময় সীমাবদ্ধতার কারণে সিএনইই এই দৈনিক ফি চেয়েছে বলে যুক্তি দেখানো হয়। সম্ভাব্যতা যাচাই কমিটি বলছেÑ প্রতিষ্ঠানটি যে পরিস্থিতিগুলোর বিষয়ে উল্লেখ করেছে, সেসব বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে। কিন্তু এসব কারণে প্রতিদিনের ফি ৩ লাখ ৪২ হাজার ডলার কতটা যৌক্তিক তা তারা বলতে পারেনি। তাদের মতে, এজন্য বিস্তারিত মূল্যায়ন বা সমীক্ষা জরুরি।

সিএনইইর সহযোগী প্রতিষ্ঠান পায়রা বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে। প্রতিষ্ঠানটি দুটি বিকল্প প্রস্তাব করেছে : ২০১৬ সালে নির্মিত জাহাজ ব্যবহার করে ১ লাখ ৭৪ হাজার ঘনমিটারের একটি এফএসআরইউ অথবা ২০০৮ সালে নির্মিত জাহাজ ব্যবহার করে ১ লাখ ৬৫ হাজার ঘনমিটারের একটি এফএসআরইউ। কমিটি বড় জাহাজ ব্যবহার সুবিধাজনক মনে করছে। বেশি ধারণক্ষমতার কারণে বড় এলএনজি কার্গো এবং আরও বিভিন্ন ধরনের এলএনজি বহনকারী জাহাজ সেখানে ভিড়তে ও পণ্য খালাস করতে পারবে। ফলে পেট্রোবাংলা আরও বেশি পরিচালনাগত নমনীয়তা পাবে।

কমিটি বলেছে, ‘বড় কার্গোর কারণে অর্থনীতির পরিমাপক সুবিধা তৈরি হতে পারে এবং প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি আমদানির খরচ প্রায় শূন্য দশমিক ০৫ থেকে শূন্য দশমিক ১০ ডলার কমতে পারে।’ কমিটি আরও বলেছে, তুলনামূলক নতুন এফএসআরইউর রক্ষণাবেক্ষণে সময় কম লাগতে পারে, যা এর নির্ভরযোগ্যতা ও সচল থাকার সক্ষমতা বাড়াতে পারে। কমিটি হিসাব করে দেখেছে, পেট্রোবাংলার পরিশোধের দায় মূল্য ১২ শতাংশ ছাড়ে ১৫ বছরের জন্য লাগবে ১ দশমিক ০০২ বিলিয়ন ডলার, যা ১২ হাজার ৩২৪ কোটি টাকার সমান।

মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, সিএনইইর প্রস্তাব চূড়ান্ত করে দ্রুতই ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হতে পারে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে গত বৃহস্পতিবার জ্বালানি সচিব মো. জিয়াউল হকের সভাপতিত্বে সরকার টু সরকার (জিটুজি) কমিটির একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সরকারকে অতিরিক্ত মূল্য দিতে হবে এমন কথা উঠে এসেছে। সেজন্য প্রস্তাবের নানা দিক তুলে ধরে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে সিএনইইর প্রস্তাব মূল্যায়ন করে পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নানের নেতৃত্বে একটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে জ্বালানি বিভাগে। সেখানেও সিএনইইর প্রস্তাব মানলে বড় মাশুল দিতে হবে বলে উল্লেখ করা হয়। 

এদিকে সিএনইইর প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্প চুক্তি সই হলে ২০২৮ সালের সেপ্টেম্বর-অক্টোবরে এফএসআরইউটি চালু করা সম্ভব হবে। এ কারণেই দ্রুত এগোচ্ছে প্রক্রিয়াটি। মূলত এ কারণে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৮ জুলাই নীতিগতভাবে সিএনইইর প্রস্তাবটি অনুমোদন করে। সিএনইইর চূড়ান্ত প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়ে কমিটির সুপারিশ সম্পর্কে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান কোনো মন্তব্য করতে রাজি হননি।

চীনা কোম্পানির পেছনে কে 

অতিরিক্ত অর্থ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে অনেকেই কথা বলতে শুরু করেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘গ্যাস সংকটকে কাজে লাগিয়ে সাগরে তৃতীয় টার্মিনাল স্থাপন করে মুশফিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৪) এমপির নাতির পকেট ভারী করা হচ্ছে কি? দেশের মানুষকে সংকটে ফেলে, মানুষের কষ্টের টাকায় পকেট ভারী হয় মন্ত্রী-এমপিদের ছেলেদের, নাতিদের। সবার আগে বাংলাদেশ, না সবার আগে মন্ত্রী-এমপির পরিবার?’ তিনি আরও বলেন, ‘প্রশ্ন হচ্ছে, এই চীনা কোম্পানির পেছনে কে? কেন তাদের জন্য সরকার এত উদার? কাগজে-কলমে একটি চীনা কোম্পানি প্রকল্প পেলেও, তাদের প্রস্তাবনা পড়লে দেখা যায় ভিন্ন তথ্য। গত ১২ মে এনএস এনার্জি নামের কোম্পানি জ্বালানি মন্ত্রণালয়কে তৃতীয় টার্মিনালটি স্থাপনের প্রস্তাব করে। এই কোম্পানির সিইও অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৪)-এর নাতি তারিফ রহমান। তিনি এমপির মেয়ে মেহভীন রহমান মুনিয়ার ছেলে। তার বাবা আশফাক জামিল রহমান এনএস এনার্জির আসল মালিক বলে গুঞ্জন রয়েছে।’

প্রভাবশালী সাবেক সচিব মুশফিকুর রহমান অবসরের পর বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে ২০০১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার সর্বশেষ সরকারের আমলের শেষের দিকে তিনি দেশ টিভি নামে একটি স্যাটেলাইট টেলিভিশনের লাইসেন্স গ্রহণ করেন। পরে অনেক চড়া দামে টিভিটি তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর কাছে বিক্রি করে দেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারম্যানের একজন প্রভাবশালী উপদেষ্টা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত। 

প্রস্তাবিত ফি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

প্রস্তাবিত সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির এই প্রক্রিয়াটি ২০০৬ সালের সরকারি ক্রয় আইনের ধারা ৬৮ এবং ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালার বিধি ৯৯(২) ও ১০৭(২)-এর আওতায় প্রক্রিয়াধীন। প্রস্তাবিত রিগ্যাসিফিকেশন ফি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ও জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ তামিম। তিনি বলেন, ‘সরকারের উচিত এগোনোর আগে মূল্য ও বাস্তবায়নের সময়সীমাÑ দুটিই খতিয়ে দেখা। আগেরগুলো যদি সস্তা হয়ে থাকে, তাহলে এখন বেশি দামে নতুন একটি কেন নিতে হবে? এর কোনো যৌক্তিকতা আমি দেখি না।’

প্রস্তাবিত ১৮ মাসের বাস্তবায়ন সময়সীমাও সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা উচিত মন্তব্য করে মোহাম্মদ তামিম বলেন, ‘সিএনইইর কাছে উপযুক্ত কোনো এলএনজি ক্যারিয়ার আগে থেকে প্রস্তুত এবং সব আর্থিক ব্যবস্থা সম্পন্ন থাকলেও ১৮ মাসের মধ্যে সেটির রূপান্তর সম্পন্ন করে এফএসআরইউ হিসেবে চালু করা কঠিন হবে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সাধারণত প্রায় ২৪ মাস বা তার বেশি সময় প্রয়োজন হয়। সময়সীমার বিষয়টি শুধু জাহাজ প্রস্তুত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি যেখানে স্থাপন করা হবে, সেই এলাকা, ভূতাত্ত্বিক জরিপ, ঢেউ বিশ্লেষণ এবং আরও অনেক ধরনের কাজ রয়েছে। এসব করতে সময় লাগে।’ এই প্রক্রিয়ায় প্রতিযোগিতা না থাকা নিয়েও তামিম উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ‘কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সিএনইইর প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা এবং পুনরায় আলোচনা করা উচিত।’

জ্বালানি খাতের অব্যবস্থাপনা এবং বিশেষ করে এলএনজি টার্মিনাল প্রকল্পের কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)-এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম। তিনি গতকাল সোমবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এর পেছনে স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব রয়েছে। বিষয়টি দিবালোকের মতো পরিষ্কার। যে প্রক্রিয়া নেওয়া হয়েছে সেটি কোনো স্বচ্ছ প্রক্রিয়া নয়। তা ছাড়া দেশে পর্যাপ্ত গ্যাস আমদানির আর্থিক সামর্থ্য না থাকায় নতুন টার্মিনাল নির্মাণ জ্বালানি নিরাপত্তার জন্য কোনো কাজে আসবে না।’ তার মতে, ‘বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও যেমন বিদ্যুতের অভাব মেটেনি, তেমনি এসব প্রকল্প কেবল রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং দুর্নীতির সুযোগ তৈরি করছে।’ শেষ পর্যন্ত আমদানিকৃত গ্যাসের উচ্চমূল্য দেশের অর্থনৈতিক সংকটের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে বলে তিনি সতর্ক করেছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা