ছয় মাসের কর্মসূচি
জোসনা জামান
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০১ এএম
কোলাজ: এআই
জমির নামজারি করতে গিয়ে দিনের পর দিন ভূমি অফিসে ঘুরেছেনÑ এমন অভিজ্ঞতা দেশের মানুষের কাছে নতুন নয়। খতিয়ানের ভুল সংশোধন, ভূমি উন্নয়ন কর, জমির রেকর্ড কিংবা ভূমি অধিগ্রহণÑ ভূমিসেবার প্রায় প্রতিটি ধাপেই দীর্ঘসূত্রতা, হয়রানি ও দালালের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। এই বাস্তবতায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নাগরিকসেবা সহজ করা এবং ভূমি প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছিল ভূমি মন্ত্রণালয়।
ছয় মাস পর মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদনে দেখা যাচ্ছে, নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া ২৩টি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রায় প্রতিটিতেই নির্ধারিত সময়ে শতভাগ অর্জনের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ভূমিসেবা মেলা, ২ হাজার ২০১ জন জনবল নিয়োগ, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন, ডিজিটাল ভূমি জরিপ, অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনার সফটওয়্যার, কর্মকর্তা-কর্মচারীদের গতিবিধি নজরদারিতে জিওফেন্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সমৃদ্ধ চ্যাটবট কাজে লাগানো।
কাগজে-কলমে এসব উদ্যোগের ব্যাপ্তি বড়। কিন্তু আসল প্রশ্নটি অন্য জায়গায়Ñ একজন সাধারণ মানুষ জমির নামজারি করতে গিয়ে আগের চেয়ে কত কম সময় ব্যয় করছেন? রেকর্ড পাওয়ার প্রক্রিয়া কতটা সহজ হয়েছে? ভূমি অফিসে কি হয়রানি কমেছে? অভিযোগ করলে তার প্রতিকার মিলছে কি?
এক মেলায় একসঙ্গে বহু ভূমিসেবা
নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলায় ভূমিসেবা মেলার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ‘ভূমিসেবা মেলা ২০২৬’। অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর, খতিয়ান ও রেকর্ডসহ বিভিন্ন সেবা সম্পর্কে নাগরিককে সহায়তা দেওয়ার উদ্যোগ ছিল মেলায়। ভূমিসেবা ডিজিটাল হলেও প্রযুক্তি ব্যবহারে অদক্ষ বা তথ্যের অভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য অনলাইন ব্যবস্থা এখনও কঠিন। এ কারণে জেলা ভূমিসেবা কেন্দ্র ও ভূমিসেবা সহায়তা কেন্দ্র সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।
মাঠ প্রশাসনে ২,২০১ নিয়োগের প্রভাব
ভূমি প্রশাসনের দীর্ঘদিনের একটি সমস্যা জনবল সংকট। ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বিভিন্ন শূন্যপদে ২ হাজার ২০১ জন কর্মচারী নিয়োগের লক্ষ্য ছিল। অগ্রগতি প্রতিবেদনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরসহ মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তরে নিয়োগ সম্পন্ন হওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি কানুনগো পদে ৩২১ জন এবং অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে ২৫ জনের পদায়নের তথ্যও রয়েছে। ডিজিটাল ব্যবস্থা চালু হলেও মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল না থাকলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। নতুন জনবল এখানে কতটা গতি ও জবাবদিহি আনতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
১০০ উপজেলায় ভূমি জোনিং ম্যাপ
ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে ১০০টি উপজেলার ভূমি জোনিং ম্যাপ তৈরির লক্ষ্য ছিল। মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই ১০০টি উপজেলার জোনিং ম্যাপ প্রস্তুত হয়েছে। তবে ম্যাপ তৈরি হওয়াই শেষ কথা নয়। এই ম্যাপ অনুযায়ী ভূমি ব্যবহার বাস্তবে নিয়ন্ত্রিত হচ্ছে কি নাÑ সেটিই হবে উদ্যোগটির বড় পরীক্ষা।
কাগজের খতিয়ান থেকে ডিজিটাল ডেটাবেস
ভূমি প্রশাসনে সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রেকর্ড ডিজিটালাইজেশনে। ডিএলআরএমএস কার্যক্রমের পাশাপাশি মৌজা ম্যাপ ও খতিয়ান ডিজিটাল ডেটাবেসে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনডিপির সহায়তায় ৫৫টি জেলার ৩৩ লাখ ৬৩ হাজার ৪২৭টি খতিয়ানের ডেটা এন্ট্রি, সংশোধন ও যাচাইয়ের উদ্যোগের কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এর ফলে পুরনো কাগজের রেকর্ডের ওপর নির্ভরতা কমতে পারে। দ্রুত জমির তথ্য খুঁজে পাওয়ার সুযোগও তৈরি হবে। কিন্তু ডিজিটাল রেকর্ড মানেই নির্ভুল রেকর্ড নয়। পুরনো নথির সঙ্গে নতুন তথ্যের সামঞ্জস্য, ভুল সংশোধনের সুযোগ এবং সাধারণ নাগরিকের সহজে তথ্য যাচাই করার ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি।
অধিগ্রহণেও অনলাইন নজর
ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি আনতে ‘ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা ব্যবস্থা’ বা এলএআরএমএস সফটওয়্যার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অধিগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ডিজিটালভাবে অনুসরণ করা সম্ভব। তবে বিশেষ করে ক্ষতিপূরণ, নোটিস ও জমির মালিকানা যাচাইয়ের মতো ধাপে নাগরিকের বিশেষ অভিযোগ থাকে এবং এ ক্ষেত্রে সফটওয়্যারটি বাস্তবে কতটা স্বচ্ছতা আনতে পারে, তা গুরুত্বপূর্ণ।
৬১ জেলায় ভূমিসেবা কেন্দ্র, ২৮৬ সহায়তা কেন্দ্র
ডিজিটাল সেবা সবার জন্য সমান সহজ নয়। এই বাস্তবতা বিবেচনায় ৬১টি জেলায় ‘জেলা ভূমিসেবা কেন্দ্র ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৬’ প্রণয়নের কথা বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় ২৮৬টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র বা এলএসএফসি স্থাপনের তথ্য রয়েছে। একজন নাগরিক নিজে অনলাইনে আবেদন করতে না পারলে কিংবা জমির রেকর্ড খুঁজে বের করতে সমস্যায় পড়লে এসব কেন্দ্র সেতুর ভূমিকা পালন করতে পারে।
অভিযোগ যাবে অনলাইনে, সামনে এআই
ভূমিসেবা নিয়ে অভিযোগ জানানোর জন্য ‘ভূমিসেবা অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সাপোর্ট সিস্টেম’ চালুর কথা জানিয়েছে মন্ত্রণালয়। নাগরিক অনলাইনে অভিযোগ করতে পারবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তা নিষ্পত্তি করবেন। তবে অভিযোগ নেওয়া আর অভিযোগের কার্যকর প্রতিকারÑ দুটি এক বিষয় নয়। অভিযোগ কত দ্রুত নিষ্পত্তি হচ্ছে, কী সিদ্ধান্ত হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কতটা জবাবদিহির মধ্যে থাকছেনÑ তা জানা গেলে ব্যবস্থাটি আরও কার্যকর হতে পারে। নামজারি কীভাবে করতে হবে, ভূমি উন্নয়ন কর দেওয়ার নিয়ম কী, কী কাগজপত্র লাগবে কিংবা আবেদনের অবস্থা কীÑ এ ধরনের সাধারণ প্রশ্নের উত্তর এআইসমৃদ্ধ ভূমিদৃষ্টি দ্রুত দিতে পারলে ভূমি অফিসের ওপর চাপ কমতে পারে। তবে এখানে তথ্যের নির্ভুলতা ও নাগরিকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
‘শতভাগ’ অর্জনের আসল অর্থ
১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদনের সবচেয়ে আলোচিত বিষয়Ñ প্রায় প্রতিটি উদ্যোগেই শতভাগ অর্জনের দাবি। কিন্তু একটি সফটওয়্যার চালু করাই কি শতভাগ সাফল্য? নাকি সেই সফটওয়্যার ব্যবহার করে নাগরিকের সময় ও খরচ কমেছে কি না, সেটিও সাফল্যের মাপকাঠি? ১০০টি উপজেলার জোনিং ম্যাপ তৈরি করাই কি শেষ কথা, নাকি সেই ম্যাপ অনুযায়ী ভূমি ব্যবহার নিশ্চিত করাও এর অংশ? ডিজিটাল ডেটাবেস তৈরি হলেই কি মানুষের ভোগান্তি শেষ, নাকি ভুল রেকর্ড সংশোধনের সুযোগও সহজ হতে হবে?Ñ এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কারণ প্রশাসনিক অর্জন আর নাগরিকের অর্জন সব সময় এক নয়।
এ বিষয়ে ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কর্মপরিকল্পনায় নির্ধারিত লক্ষ্য অনুযায়ী অগ্রগতি পরিমাপ করা হয়েছে। যেখানে সফটওয়্যার চালু, নির্দেশিকা প্রণয়ন বা নির্দিষ্টসংখ্যক রেকর্ড ডিজিটাল করার লক্ষ্য ছিল, তা সম্পন্ন হলে সেটিকে অর্জন হিসেবে দেখানো হয়েছে। ডিজিটাল সেবার ফলে অনেক ক্ষেত্রে আবেদন ও প্রক্রিয়াকরণ সহজ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সময়ের ওপর এর প্রভাব মূল্যায়নে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
প্রযুক্তি নয়, মাপকাঠি মানুষ
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রযুক্তি ও প্রশাসনিক সংস্কারের সমন্বিত একটি চিত্র পাওয়া যায়। ডিজিটাল রেকর্ড, ডিজিটাল জরিপ, অনলাইন অধিগ্রহণ, জিওফেন্সিং, অনলাইন অভিযোগ, ভূমিসেবা কেন্দ্র এবং এআইÑ সব মিলিয়ে ভূমি প্রশাসনকে নতুন কাঠামোয় নেওয়ার চেষ্টা স্পষ্ট। কিন্তু এই পরিবর্তনের সবচেয়ে বড় পরীক্ষা হবে ভূমি অফিসের বাইরে, সাধারণ মানুষের জীবনে। একজন কৃষক তার খতিয়ান কত দ্রুত পাচ্ছেন, একজন ভূমি মালিক নামজারি করতে কতবার অফিসে যাচ্ছেন, অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে কত সময় লাগছে, সরকারি জমি কতটা দখলমুক্ত থাকছে কিংবা অভিযোগ করার পর নাগরিক সত্যিই প্রতিকার পাচ্ছেন কি নাÑ এসব প্রশ্নের উত্তরেই মিলবে ১৮০ দিনের কর্মপরিকল্পনের প্রকৃত সাফল্য।