রাজশাহী নগরীতে নির্মাণাধীন ফ্লাইওভার সংলগ্ন সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী মহানগরীর যানজট নিরসনে শুরু হওয়া ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ এখনও সম্পন্ন করতে পারেনি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃপক্ষ। এতে করে প্রতিদিন চরম ভোগান্তির পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। সড়কগুলোতে থাকা গর্তে পড়ে নষ্ট হচ্ছে যানবাহন। ফ্লাইওভার নির্মাণের কারণে এর নিচের সড়কগুলো সংকীর্ণ হয়ে পড়েছে।
২০২৩ সালের শেষ দিকে মহানগরীর চারটি গুরুত্বপূর্ণ রেল ক্রসিংয়ে যানজট কমানোর লক্ষ্যে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয় রাসিক। এর মধ্যে রয়েছে তেরোখাদিয়া বিভাগীয় স্টেয়িামের সামনের সড়ক, কোট স্টেশন থেকে বন্ধ গেট, মেডিকেল কলেজের পূর্বের সড়ক এবং নিউমার্কেটের সামনের সড়কের ওপর দিয়ে নির্মিত ফ্লাইওভার। এই ৪টি ফ্লাইওভার নির্মাণে মোট বাজেট ধরা হয়েছিল ৫৪০ কোটি টাকা। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের জুনেই এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। তবে দীর্ঘ সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় মূল সড়কগুলোর অধিকাংশ অংশ খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও যোগাযোগের পথ সম্পূর্ণ বন্ধ রাখায় চলাচলে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তর নিশ্চিত করেছে যে তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ চলতি বছরের মধ্যেই শেষ হবে। এ ছাড়া নিউমার্কেটের সামনের সড়কে নির্মিত ফ্লাইওভারটির নির্মাণের নতুন সময়সীমা ২০২৮ সালের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হয়েছে।
নগরীতে নির্মাণাধীন ৪ ফ্লাইওভার এলাকা পরিদর্শন করে দেখা যায়, মেডিকেল বন্ধ গেটের সামনের সড়ক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস, সিএনজিসহ অন্য যানবাহন চলাচল করে। ফ্লাইওভার নির্মাণের ফলে এই সড়কটি এক দিকে যেমন সংকীর্ণ হয়ে পড়েছে, তেমনি খানাখন্দের কারণে ঝুঁকি নিয়ে যানবাহনকে চলাচল করতে হচ্ছে। মেডিকেল কলেজের পূর্বের সড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে এই সড়ক দিয়ে দমকল বাহিনীর বড় গাড়ি যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোর্ট স্টেশন সংলগ্ন নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ দীর্ঘদিন ধরে চলমান। এতে করে এই সড়ক দিয়েও যাত্রী নিয়ে যানবাহনকে যাতায়াত করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। পথচারীরাও নিরাপদ নয় এই সড়কে। নগরীর নিউমার্কেট হয়ে মুক্তিযুদ্ধ স্টেডিয়াম পর্যন্ত নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে নওগাঁ রুটে যাতায়াত করা বাসগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বন্ধ গেট এলাকার বাসিন্দা আসলাম আলী বলেন, এই সড়কে দীর্ঘদিন ধরে ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান। এতে করে সড়কের ধারে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের চরম ক্ষতি হচ্ছে। ব্যবসা শূন্যের কোঠায়। এর ওপর ধুলাবালিতে প্রতিষ্ঠানের মালামালেরও ক্ষতি হচ্ছে। বাসচালক করিম উল্লাহ জানান, ভাঙা রাস্তার কারণে চলন্ত বাসের পাশ দিয়ে যখন অন্য যানবাহন যায় তখন দুর্ঘটনার আশঙ্কা থাকে। তা ছাড়া ভাঙা রাস্তার করণে গাড়ির ক্ষতি হচ্ছে।
পথচারী সরিফিদ্দিন বলেন, নগরীর আলুপট্টি থেকে জাদুঘরের মোড় পর্যন্ত ফ্লাইওভারের প্রয়োজন ছিল সবার আগে।
নির্মাণাধীন ফ্লাইওভারগুলোর নিচের সড়কগুলোতে সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদা ও গর্তের সৃষ্টি হচ্ছে। এতে মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোটখাটো যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, নির্মাণকাজের বিকট শব্দ ও দীর্ঘ যানজটের কারণে নিয়মিত চলাচলের পাশাপাশি তাদের পড়াশোনাতেও মারাত্মক ব্যাঘাত ঘটছে। পরিবহন চালকদের অভিযোগ, ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে যানবাহনের চাকা, বিয়ারিং ও বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যা তাদের চরম অর্থনৈতিক সংকটে ফেলছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জানান, অন্তর্বর্তী সরকারের সময়কালে কাজের গতি কিছুট কমে যায়। তবে বর্তমান সংকট কাটিয়ে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং দ্রুত কাজ শেষ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনটি ফ্লাইওভারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। অপর একটির কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।