× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজপথই যাদের আয়ের উৎস

আজিজুল ইসলাম

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৪ এএম

ঢাকার রাজপথে পণ্য হাতে গলদঘর্ম এক হকার। ছবি: সংগৃহীত

ঢাকার রাজপথে পণ্য হাতে গলদঘর্ম এক হকার। ছবি: সংগৃহীত

রাজধানীর যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে প্রতিদিন নষ্ট হচ্ছে নগরবাসীর কর্মঘণ্টা। কিন্তু এই যানজটই একদল মানুষের কাছে হয়ে উঠেছে আয়ের সুযোগ। সাধারণভাবে যাদেরকে বলা হয় ভ্রাম্যমাণ হকার। যানবাহন থামলেই তারা বাসে উঠে পড়েন। কেউ বিক্রি করেন আমড়া, কেউ বাদাম বা চানাচুর, কেউ পানি, আবার কেউ কলম-বই। যানজট শেষ হলে তারা নেমে যান।

সম্প্রতি রাজধানীর নতুন বাজার থেকে কুড়িলমুখী প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং এলাকায় এমনই কয়েকজন হকারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সড়কের পাশে ফুটপাতঘেঁষা একটি জায়গায় বসে আমড়া কেটে ডালিতে সাজিয়ে রাখছিলেন ৪৫ বছর বয়সী মো. হেলাল। কিছুক্ষণ পরপর মোয়াজ্জেম হোসেন ও মো. রাকিব নামে দুজন এসে সেই আমড়া নিয়ে যানজটে আটকে থাকা যাত্রীদের কাছে সেগুলো বিক্রি করছিলেন।

হেলাল বললেন, ‘দিনে আমার মণখানেক বিক্রি হয়। এতে আমরা তিনজন ১ হাজার থেকে ১৫০০ টাকা কামাই করি।’ তার ভাষায়, ‘যানজট সবার জন্য কষ্টের। তবে আমরা যারা হকারি করি, তাদের জন্য সাময়িক কর্মসংস্থানও হয়েছে।’ কিন্তু তাদের নেই কোনো স্থায়ী কর্মস্থল। এ বিষয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) সভাপতি ড. বজলুল হক খন্দকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যানজটে কাজ করা এই মানুষগুলো শুধু ‘হকার’ নন, তারা শহরের অনানুষ্ঠানিক শ্রমবাজারের এমন এক অংশ, যাদের অস্তিত্ব চোখের সামনে থাকলেও হিসাবের খাতায় এখনও স্পষ্ট নয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তি ৬ কোটি ৯১ লাখ। এর মধ্যে ৫ কোটি ৮০ লাখের বেশি মানুষ অনানুষ্ঠানিক কর্মসংস্থানে যুক্ত। মোট কর্মসংস্থানের প্রায় ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক। ভ্রাম্যমাণ হকার এই শ্রেণির মধ্যে পড়ে। 

কর্মজীবী নারী ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটুঙ বাংলাদেশের যৌথ গবেষণা ‘বাংলাদেশের অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের মানচিত্র : চ্যালেঞ্জ, সুযোগ ও নীতিগত প্রভাব’-এ দেশের অনানুষ্ঠানিক অর্থনীতিতে প্রায় ৪৫০ ধরনের পেশার সন্ধান পাওয়া গেছে। কিন্তু এই ধরনের যানজটনির্ভর ভ্রাম্যমাণ বিক্রেতাদের আলাদা শ্রেণি হিসেবে কতজন রয়েছেন, তার কোনো জাতীয় হিসাব গবেষণায় পাওয়া যায়নি। ফলে বলা যায়, অনানুষ্ঠানিক শ্রমবাজার নিয়ে গবেষণা হলেও এই বিশেষ ধরনের কর্মীদের বিষয়ে একটি তথ্যঘাটতি রয়ে গেছে।

প্রগতি সরণি এলাকার আনুমানিক হকার

হেলালের দেওয়া তথ্য অনুযায়ী নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত এলাকায় আমড়া বিক্রি ছাড়াও চানাচুর, বাদাম, ডালভাজা, পানি, কলম, বইসহ ৮ থেকে ১০ ধরনের পণ্য নিয়ে হকারি হয়। তার অনুমান, প্রতিটি পণ্যের সঙ্গে গড়ে ১৫ জন করে যুক্ত থাকলে এই একটি এলাকাতেই হকারের সংখ্যা ১৫০ থেকে ১৮০ জন হতে পারে।

যানজটের সময়ই তাদের বিক্রি বেশি

যানজটে একটি বাস যত বেশি সময় আটকে থাকে, এই হকারদের বিক্রির সুযোগও তত বাড়ে। উত্তরাগামী রাইদা পরিবহনের যাত্রী কামাল হোসেন বলেন, বাসে হকার ওঠার বিষয়টি অনেক সময় বিরক্তিকর। তবে দীর্ঘক্ষণ বাসে বসে থাকলে কিছু খেতে ইচ্ছে করে, পানিরও প্রয়োজন হয়। তখন তাদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস কেনা যায়।

ভ্রাম্যমাণ হকারদের পুনর্বাসনের উদ্যেগ

বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর জানান, অনানুষ্ঠানিক খাতের রিকশা-ভ্যানচালক, কুলি-মজুরসহ বিভিন্ন শ্রেণির শ্রমিককে নিয়ে কাজ করা হয়। তবে যানজটে যানবাহনে উঠে পণ্য বিক্রি করা ভ্রাম্যমাণ শ্রমিকদের নিয়ে তাদের সংগঠনের কাজ নেই। এ ধরনের শ্রমিকদের নিয়ে বিস্তৃতভাবে কোনো সংগঠন কাজ করে কি নাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় বাংলাদেশে এমন সংগঠন নেই। 

নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে বেশি ঝুঁকিতে

যানজটে বাসে উঠে পণ্য বিক্রি করা হকারদের চলন্ত ও থেমে থাকা যানবাহনের মাঝখানে চলাচল করতে হয়। কিন্তু দুর্ঘটনা ঘটলে তাদের চিকিৎসার ব্যয় কে বহন করবে, কর্মক্ষমতা হারালে ক্ষতিপূরণ কে দেবে, কিংবা মৃত্যুর ঘটনায় পরিবার কী সহায়তা পাবেÑ এসব প্রশ্নের কোনো স্পষ্ট কাঠামো নেই। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ ও অ্যাকশনএইডের ২০১৮ সালের এক গবেষণায় নির্মাণ, বিউটি পার্লার, গাড়ি মেরামত, হোটেল-রেস্তোরাঁ ও অনলাইন ব্যবসার মতো পাঁচটি খাতে তরুণ শ্রমিকদের নিয়ে জরিপ করা হয়েছিল। এতে ৬২ শতাংশকে কোনো নোটিস ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হতো এবং ৪৩ শতাংশ কর্মক্ষেত্রের ঝুঁকি সম্পর্কে জানতেন না। যানজটে পণ্য বিক্রি করা হকারদের ক্ষেত্রে এই সুরক্ষা আরও অনিশ্চিত।

নেই কোনো পৃষ্ঠপোষকতা

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিক শ্রমিকদের জাতীয় তথ্যভান্ডার, আলাদা শ্রমিক পরিচয়পত্র, সামাজিক সুরক্ষা এবং আইনি স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন। সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমেও অনানুষ্ঠানিক শ্রমিকদের অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে। কিন্তু যানজটে বাসে উঠে আমড়া বিক্রি করা হেলাল, মোয়াজ্জেম কিংবা রাকিবের নাম কি সেই তথ্যভান্ডারে আছে? তাদের পেশা কী হিসেবে নথিভুক্ত হবে? দুর্ঘটনায় পড়লে তারা কী সুবিধা পাবেন? কর্মক্ষমতা হারালে তাদের পরিবারের কী হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা