নুর মোহাম্মদ মিঠু
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৫ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩০ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
চোখের সামনে ভাসছিল ৮০ কোটি টাকা লাভের এক রঙিন স্বপ্ন। লাভের আশা, লোভ তো আর নয়। দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মিনি ক্যান্টনমেন্টে বালু সরবরাহের কাজে এই মুনাফা পাওয়ার আশায় রোমাঞ্চিত ছিলেন ব্যবসায়ী মো. ইউনুস রানা। কিন্তু সেই স্বপ্ন যে অচিরেই এক ভয়ংকর দুঃস্বপ্নে পরিণত হবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি। মুনাফার বদলে প্রতারকদের অভিনব ফাঁদে পা দিয়ে তিনি হারিয়েছেন নগদ টাকা ও সাজানো অফিস। টাকা ও মালামাল ফেরত চাইতে গেলে জুটছে ‘আওয়ামী লীগ’ তকমা দিয়ে গ্রেপ্তার ও গুমের হুমকি। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কাঙ্ক্ষিত প্রতিকার মিলছে না। প্রতিদিনের বাংলাদেশের কাছে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে প্রধান দুই অভিযুক্তÑ গুলশানের ভবন মালিক রোজি হোসেন এবং ব্যবস্থাপকের সহযোগী রবিন ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
যেভাবে পাতা হলো প্রতারণার জাল
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় সেনাবাহিনীর অধীনে একটি বিশেষ ‘মিনি ক্যান্টনমেন্ট’ রয়েছে। এই স্পর্শকাতর বিষয়টিকে হাতিয়ার বানায় একটি চক্র। রাজধানীর গুলশান-১-এর ১৩৬ নম্বর সড়কের ৫/এ বাড়ির দোতলায় অফিস ভাড়া নিয়ে ব্যবসা করতেন ইউনুস রানা। ওই ভবনের ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদের সহযোগী রবিন ভূঁইয়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সখ্যের দাবি করে ইউনুসকে মিনি ক্যান্টনমেন্টে বালু সরবরাহের কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন।
সেনাবাহিনীর নাম ও কর্মকর্তাদের ভুয়া স্বাক্ষর ব্যবহার করে ৫০৬ কোটি টাকার একটি চুক্তিপত্র তৈরি করা হয়। এতে ইউনুসের ৮০ কোটি টাকা লাভের প্রলোভন দেখানো হয়। এই ফাঁদে পড়ে চুক্তির শর্ত অনুযায়ী রবিনের হাতে নগদ ১০ লাখ টাকা তুলে দেন তিনি।
টাকা চাইলে গুম ও গ্রেপ্তারের হুমকি
মাসের পর মাস পেরোলেও কাজের দেখা মেলেনি। অগ্রগতি জানতে চাইলে রবিন নানা টালবাহানা ও পরে মানসিক নির্যাতন শুরু করেন। ইউনুস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তার কাছে সেনাবাহিনীর মেজর, ব্রিগেডিয়ার জেনারেল ও পুলিশের নামে ভুয়া হুমকি আসতে থাকে। ভয় দেখিয়ে বলা হয়, টাকা ফেরত চাইলে বা বাড়াবাড়ি করলে তাকে ‘আওয়ামীপন্থী’ তকমা দিয়ে তুলে নেওয়া হবে। অভিযুক্ত রবিন ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
মড়ার ওপর খাঁড়ার ঘা
রূপপুরের কাজ পেতে ১০ লাখ টাকা খুইয়ে আর্থিকভাবে চরম বিপাকে পড়েন ইউনুস। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে গুলশানের ওই ভবনের একটি ফ্ল্যাট মাসিক ৭০ হাজার টাকা ভাড়ায় দুই বছরের জন্য নিয়েছিলেন তিনি। তিন মাসের অগ্রিমও পরিশোধ করেন। কিন্তু আর্থিক সংকটে ২০২৫ সালের ডিসেম্বরের ভাড়া দিতে কিছুটা দেরি হওয়ায় তাকে অফিস ছাড়ার নোটিস দেওয়া হয়।
ইউনুসের দাবি, নোটিসের সময়সীমা শেষ হওয়ার আগেই ১০ জানুয়ারি তিনি দেখেন, দরজায় নতুন তালা ঝুলছে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ভেতরে তার ১৫ লাখ টাকার ইন্টেরিয়র এবং ১৭ লাখ টাকার আসবাব, ৩টি এসি, ল্যাপটপ, প্রিন্টার ও জরুরি নথিপত্রসহ ৩২ লাখ টাকার বিনিয়োগ আটকে পড়ে। ভবন মালিক রোজি হোসেনের কাছে মালামাল ফেরত চাইলে তিনি উল্টো ভাড়ার দাবি করে হুমকি দেন।
পুলিশের নির্বিকার ভূমিকা ও আদালতের আশ্রয়
১০ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির ঘটনায় গুলশান থানায় অভিযোগ করলেও আশানুরূপ সহায়তা মেলেনি। তদন্ত কর্মকর্তা এসআই তাহিদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ব্যবসায়ীকে চুক্তিপত্র নিয়ে আসতে বলেছিলাম, তিনি আর আসেননি। শুনেছি তিনি আদালতে মামলা করেছেন।’ তবে ইউনুসের অভিযোগ, ওই পুলিশ কর্মকর্তা তার ফোনই ধরেন না।
অন্যদিকে মালামাল ও অগ্রিম টাকা ফেরত না দেওয়ায় ভবন মালিক রোজি হোসেন ও ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদকে আসামি করে আদালতে মামলা করেছেন তিনি। এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুবেল এখনও প্রতিবেদন জমা না দিয়ে উল্টো আপসের প্রস্তাব দিচ্ছেন বলে অভিযোগ ইউনুসের। তবে এসআই রুবেল প্রতিদিনের বাংলাদেশের কাছে দাবি করেছেন, শিগগিরই তিনি আদালতে প্রতিবেদন দেবেন।
নথিপত্রে দেখা যায়, প্রতারক রবিনের অফিসের ঠিকানাও গুলশানের ওই ৫/এ ভবনটি। ভুক্তভোগীর দাবি, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ ও অফিস দখলের ঘটনা দুটির যোগসূত্র খুঁজলেই পুরো সিন্ডিকেটের মুখোশ উন্মোচিত হবে।