রাহাত হুসাইন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৪ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩১ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠীর ভিত কাঁপিয়ে দিয়েছিল যে কয়েকটি রাজনৈতিক দল, তার মধ্যে অন্যতম ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। স্বাধীনতার আগে ও পরে দীর্ঘ সময় ধরে নানা বাঁক বদলের কেন্দ্রে থাকা এই দলটি এখন অদৃশ্য প্রায়। এককালের দাপুটে ন্যাপ রাজনীতির মাঠে যেন এখন হারানো সুর। বর্তমানে সীমিত আকারে রাজনৈতিক অস্তিত্ব জানান দিচ্ছে।
দলটির জন্ম ১৯৫৭ সালের ২৬ জুলাই। নিজের হাতে প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ থেকে বেরিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এটি প্রতিষ্ঠা করেন। সমাজতান্ত্রিক আদর্শের ওপর ভিত্তি করে গঠিত এ দলটি একসময় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। তবে সময়ের প্রবাহে সেই প্রভাব ক্রমেই ক্ষয়ে গেছে। বর্তমানে ন্যাপ নানা খণ্ডে বিভক্ত। প্রতিষ্ঠার পর দীর্ঘ ৬৮ বছর পার হলেও আদর্শিক দ্বন্দ্ব, নেতৃত্ব সংকট ও ধারাবাহিক ভাঙনে দলটি ধীরে ধীরে রাজনৈতিক গুরুত্ব হারিয়েছে। স্বাধীনতার পর আশির দশক পর্যন্ত ন্যাপের রাজনৈতিক প্রভাব কিছুটা লক্ষ করা গেলেও পরবর্তী সময়ে তা বেশ কমেছে।
ভোটের মাধ্যমে ন্যাপ দলগতভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলেও দলটি অনেক প্রভাবশালী রাজনীতিবিদ তৈরি করেছে, যারা পরবর্তী সময়ে বিভিন্ন সরকারের মন্ত্রিসভায় স্থান করে নেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বর্তমানে ‘ন্যাশনাল আওয়ামী পার্টি’ নামে নিবন্ধিত রয়েছে দুটি দল। এর মধ্যে একটির নিবন্ধন নম্বর ৯ ও অন্যটির ২৭। একটির নির্বাচনী প্রতীক ‘কুঁড়েঘর’, অন্যটির প্রতীক ‘গাভী’। তবে নিবন্ধিত থাকলেও রাজপথে দৃশ্যমান কোনো কর্মসূচিতে এই দুই অংশের উপস্থিতি চোখে পড়ে না। কেবল ‘গাভী’ প্রতীকের অংশটিকে মাঝে মাঝে জনঘনিষ্ঠ ইস্যুতে গণমাধ্যমে বিবৃতি পাঠাতে দেখা যায়। কার্যত এই বিবৃতিনির্ভর তৎপরতার মধ্যেই তাদের রাজনীতি সীমাবদ্ধ।
বিশ্লেষকদের মতে, মওলানা ভাসানীর মতো প্রভাবশালী নেতৃত্বের অভাব, আদর্শিক বিচ্যুতি ও স্বার্থনির্ভর রাজনীতি এবং নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে ব্যর্থ সাংগঠনিক কাঠামো। ন্যাপের অস্তিত্ব সংকটের পেছনে এই তিনটিই বড় কারণ। এ প্রসঙ্গে রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, রাজনৈতিক দল ভাঙার পেছনে আদর্শিক কারণের চেয়ে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই বেশি ভূমিকা রাখে। মওলানা ভাসানী আদর্শগত কারণে আওয়ামী লীগ ছেড়ে ন্যাপ গঠন করেছিলেন। এরপর সমাজতান্ত্রিক শিবিরে মস্কো-পিকিং বিরোধের জের ধরে ন্যাপ দ্বিখণ্ডিত হয়। কিন্তু পরবর্তী বিভাজনগুলো মূলত স্বার্থনির্ভর। ফলে ন্যাপকে এখন কার্যত মৃতপ্রায় দল বলা যায়Ñ মিটমিট করে জ্বলছে মাত্র।’
সূচনালগ্ন থেকেই রাজপথের গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ন্যাপের। ১৯৫৭ সালের ডিসেম্বরে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ফুলছড়িতে দলটির উদ্যোগে বিশাল কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখান থেকেই ‘কৃষক সমিতি’র জন্ম। ১৯৫৮ সালের ৭ অক্টোবর ইস্কান্দার মির্জাকে হটিয়ে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে মওলানা ভাসানী গ্রেপ্তার হন। কারাগারে তিনি আমরণ অনশন শুরু করেন। ১৯৬৪ সালের ১৮ মার্চ ভাসানীর আহ্বানেই পালিত হয় ‘সর্বজনীন ভোটাধিকার দিবস’। ১৯৬৫ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ন্যাপ তৎকালীন বিরোধীদলীয় প্রার্থী ফাতেমা জিন্নাহর পক্ষে সক্রিয় প্রচারণা চালায়।
রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ষাটের দশকে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক আন্দোলনের বিভক্তি ন্যাপের ওপর সরাসরি প্রভাব ফেলে। দলটির নেতৃত্ব মস্কোপন্থী ও পিকিংপন্থীÑ এই দুই ধারায় বিভক্ত হয়। দেশীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাড়তে থাকে মতবিরোধ। এর জেরে ১৯৬৭ সালের ৩০ নভেম্বর ন্যাপ প্রথম বড় ধরনের ভাঙনের মুখে পড়ে। নিখিল পাকিস্তান ন্যাপের মস্কোপন্থী অংশের নেতৃত্বে আসেন খান আব্দুল ওয়ালী খান ও পিকিংপন্থী অংশের নেতৃত্ব দেন মওলানা ভাসানী। পূর্ব পাকিস্তানে ওয়ালী ন্যাপের সভাপতি হন প্রথমে সৈয়দ আলতাফ হোসেন ও পরে অধ্যাপক মোজাফফর আহমদ, যা পরবর্তীতে ‘ন্যাপ (মোজাফফর)’ নামে পরিচিতি পায়। ওই সময়ে কাউন্সিল ও রিকুইজিশন কাউন্সিলকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও তীব্র হয়।
এই ধারাবাহিক লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ন্যাপ ষাটের দশকে পূর্ব পাকিস্তানের রাজনীতিতে একটি অনিবার্য শক্তিতে পরিণত হয়। ১৯৬৮ সালে মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপ পুরো পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থানের সূচনা করে। দশ দফা দাবির ভিত্তিতে ৩ নভেম্বর ‘দাবি দিবস’ ও ৬ ডিসেম্বর ‘জুলুম প্রতিরোধ দিবস’ পালিত হয়। সেদিন পল্টনের জনসভা শেষে ন্যাপের কর্মীরা গভর্নর হাউস ঘেরাও করে। ৭ ডিসেম্বরের হরতালে পুলিশের গুলিতে একজন নিহত হলে তার প্রতিবাদে ৮ ও ১০ ডিসেম্বর সারা প্রদেশে আবারও হরতাল পালিত হয়। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ অংশ না নিলেও মস্কোপন্থী মোজাফ্ফর ন্যাপ অংশ ‘কুঁড়েঘর’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।
মওলানা ভাসানী পূর্ব পাকিস্তানের আত্মনিয়ন্ত্রণাধিকারের দাবি জোরালো করার লক্ষ্যে ন্যাপের পশ্চিম পাকিস্তান শাখা বিলুপ্ত করলে তাদের অনেককে যুক্ত করে জুলফিকার আলি ভুট্টো পিপলস পার্টি গঠন করেন।
১৯৭১ সালের মার্চে পাকিস্তানি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠলে মওলানা ভাসানী স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। ৭ জানুয়ারি তিনি পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেন ও ৯ জানুয়ারি সন্তোষে অনুষ্ঠিত সম্মেলনে স্বাধীনতার প্রশ্নে গণভোটের দাবি তোলেন। ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে তিনি আবারও সংগ্রামের আহ্বান জানান। ৯ মার্চ পল্টন ময়দানের জনসভায় ইয়াহিয়া খানকে ২৫ মার্চের মধ্যে পূর্ব বাংলার স্বাধীনতা মেনে নেওয়ার আল্টিমেটাম দেন। পরে ১৭ মার্চ চট্টগ্রামের জনসভায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও ২৩ মার্চকে ‘লাহোর প্রস্তাব বাস্তবায়ন দিবস’ হিসেবে ঘোষণা করেন।
২৫ মার্চ গণহত্যা শুরু হলে পাকিস্তানি বাহিনী সন্তোষে ভাসানীর বাড়িতে অগ্নিসংযোগ করে। তিনি ভারতে আশ্রয় নেন এবং মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ন্যাপের দুই অংশের নেতাকর্মীরাই অংশ নেন, যদিও কিছু নেতার ভূমিকা নিয়ে পরবর্তীতে বিতর্ক তৈরি হয়।
স্বাধীনতার প্রাক্কালে ভাসানী ন্যাপে আশ্রিত চীনপন্থী কমিউনিস্টদের একটা বড় অংশ সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে বেরিয়ে গেলে সংগঠন দুর্বল হয়ে পড়ে।
স্বাধীনতার পর ১৯৭২ সালে ন্যাপ (ভাসানী) সমাজতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচি নিয়ে রাজনীতিতে ফেরে। ১৯৭৩ সালের নির্বাচনে প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা ভোট বর্জন করে। ওই বছরই স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম সালেহউদ্দিন ন্যাপে যোগ দিয়ে সংসদে দলটির প্রতিনিধিত্ব করেন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্যসংকটের প্রতিবাদে ১৯৭৩ সালের মে মাসে মওলানা ভাসানী অনশন শুরু করলে সরকার তাকে সন্তোষে গৃহবন্দি করে। এর পর থেকেই ন্যাপে নতুন করে ভাঙন ও জোট রাজনীতির জটিলতা শুরু হয়।
ন্যাপ ছেড়ে ১৯৭৪-৭৫ সালের মধ্যে কাজী জাফর আহমদ ও রাশেদ খান মেননের নেতৃত্বে গঠিত হয় ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি)। বাকশাল গঠনের পর ন্যাপ (মোজাফফর) বিলুপ্ত হয়ে সেখানে যোগ দেয়। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর ১৯৭৮ সালে ভাসানী ন্যাপের অল্প কিছুসংখ্যক নেতাকর্মী বাদে প্রায় পুরোটাই বিএনপি গঠন প্রক্রিয়ায় যুক্ত হয়।
এর পরেও একটি ক্ষুদ্র অংশ পৃথকভাবে রাজনীতিতে সক্রিয় ছিল। এর নেতৃত্বে ছিলেন মওলানা ভাসানীর ছেলে আবু নাসের খান ভাসানী। তিনি ১৯৮৪ সালে ন্যাপ ও যুক্তফ্রন্টের চেয়ারম্যানের পদ ছেড়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভায় খাদ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর ন্যাপের এই অংশের নেতৃত্বে আসেন মওলানা ভাসানীর ছোট ছেলে আবু বকর খান ভাসানী। তবে তেমন সাড়া জাগাতে পারেননি।
পরবর্তীতে ২০০৬ সালে মশিউর রহমান যাদু মিয়ার পুত্র শফিকুল গানি স্বপনের উদ্যোগে ন্যাপ পুনর্গঠিত হয়। তার মৃত্যুর পর বর্তমানে জেবেল রহমান গানি দলটির নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানের এই ‘বাংলাদেশ ন্যাপ’ দাবি করে, তারা চরম বাম বা চরম ডান নয়; বরং মধ্যপন্থী ও প্রগতিশীল রাজনীতির ধারক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাহবুবুর রহমান মনে করেন, ন্যাপ দেশের আর্থ-সামাজিক বাস্তবতার সঙ্গে জনসাধারণের চাহিদা অনুযায়ী নিজেকে খাপ খাওয়াতে পারেনি। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাধারণ মানুষকে রাজনৈতিক দলের প্রতি মোবিলাইজ করতে হয়, কিন্তু সে কাজটি ন্যাপের নেতাকর্মীরা করতে পারেনি। অনেক সময় রাজনৈতিক দলের ভাষাতেই সাধারণ মানুষ কথা বলেÑ এই ভাষা তৈরি করার দায়িত্ব দলেরই। প্রাচীন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও ন্যাপ তা করতে ব্যর্থ হয়েছে।’
রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ ন্যাপ একসময় বিএনপির নেতৃত্বাধীন জোটে ও ‘কুঁড়েঘর’ প্রতীকের অংশটি আওয়ামী লীগের জোটে যুক্ত ছিল। ২০১৮ সালে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিলেও ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন তারা বর্জন করে।
বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ন্যাপ জন্মলগ্ন থেকেই জনমানুষের আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে। আমরা সব সময়ই শাসকের অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’ তার দাবি, সীমিত সাংগঠনিক সক্ষমতা সত্ত্বেও ন্যাপ এখনও গণতান্ত্রিক রাজনীতি ও মানুষের অধিকার প্রশ্নে আপসহীন। এদিকে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ন্যাপ ‘কুঁড়েঘর’-এর নেতাকর্মীরা লাপাত্তা রয়েছে।
সময়ের বিবর্তনে আদর্শিক বিভক্তি ও সাংগঠনিক দুর্বলতার ভারে ন্যাপ আজ কেবল ‘ইতিহাসের দল’ হিসেবে টিকে আছেÑ সমসাময়িক রাজনীতিতে যার উপস্থিতি প্রায় অদৃশ্য।